কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাত কোটি টাকা ব্যয়ে দুটি আশ্রয়ণ প্রকল্প ও একটি গুচ্ছগ্রামের ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে ঠাঁই হবে আড়াই শ ভূমিহীন পরিবারের।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়া লোকজনকে এখানে পুনর্বাসন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় সরকারি প্রায় আট একর জায়গার ওপর ছয় কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে কুতুবজোমের ঘটিভাঙা ও শাপলাপুরের দিনেশপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজ গত মে শেষ হয়। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের অধীনে শাপলাপুরের মুখবেকি এলকায় এক একর ২২ শতক জায়গার ওপর প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে গুচ্ছগ্রাম। ঘটিভাঙা আশ্রয়ণ প্রকল্পে ১৫০ ও দিনেশপুরে ৭০ পরিবারকে পুনর্বাসন করা হবে। গুচ্ছগ্রামে পুনর্বাসিত হবে আরও ৩০ পরিবার।
ইতিমধ্যে কুতুবজোম ঘটিভাঙা আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পেতে ওই এলাকার ৩০২ জন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারের মধ্যে আগামী আগস্ট মাসে ঘর বরাদ্দ দেওয়া হবে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল আমিন বলেন, ভূমিহীন নন এমন লোকজনও আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছেন। যাঁদের ঘরবাড়ি আছে, তাঁরা আবেদন করেও কোনো লাভ হবে না।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়ন নির্মিত দুটি আশ্রয়ণ প্রকল্প এবং একটি গুচ্ছগ্রামে প্রকৃত ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। তবে কেউ তথ্য গোপন করে ঘর বরাদ্দ নেওয়ার পর ধরা পড়লে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।