ঠাকুরবাড়ির ঢঙে শাড়ি পরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি নারীর জীবনে সর্বত্র ছড়িয়ে আছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহল। ফ্যাশন, পড়াশোনা, নারীমুক্তি, সংস্কৃতিচর্চা—সবকিছুতেই এই বাড়ি যেন বাঙালি সমাজের পথিকৃৎ। তার ছায়া আমরা আজও আধুনিক বাঙালি সমাজে খুঁজে পাই। বাঙালি নারীর ফ্যাশনের সূতিকাগার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি—এ কথা বললে বাড়াবাড়ি কিছু বলা হবে না। তাদের ফ্যাশন যে সে সময় কেবল পোশাক-আশাক বা গয়নাতে সীমাবদ্ধ ছিল, তা কিন্তু নয়। এ বাড়ির মেয়েরা পড়াশোনা ও সাহিত্য-সংস্কৃতির চর্চায়ও অগ্রণী ছিলেন। তাই আজকের আধুনিক বাঙালি মেয়েরা যেকোনো উৎসব আয়োজনে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে পারেন ঠাকুরবাড়ির নারীদের সাজে বা ঢঙে। তাই ঠাকুরবাড়ির নারীদের সাজের আদলে বর্তমানে বাঙালি নারীর সাজসজ্জাকে আমরা মিলিয়ে নিয়েছি চিত্রা দেবের লেখা ঠাকুরবাড়ির অন্দরমহল বইটির সহযোগিতায়। সেকালের ঢঙে একালে সাজসজ্জা করতে গেলে কেমন পোশাক চাই? ফ্যাশন হাউস শতাব্দীর নাদিরা আযাদ প্রথমেই বললেন ঢাকাই শাড়ি বা জামদানি শাড়ির কথা। তিনি বলেন, ‘জামদানি শাড়ির মাধ্যমে আমরা ওই সময় এবং এ সময়ের সাজ ও বাঙালির ঐতিহ্য তুলে ধরতে পারি চমৎকার আঙ্গিকে। এ ছাড়া মিরপুরের বেনারসিও চলতে পারে এ ধরনের ফ্যাশনে।’ তাঁর কাছ থেকে জানা গেছে, সেই সময়ে ঠাকুরবাড়ির বউ-ঝিরা পাড় দেওয়া শাড়ি পরতে ভালোবাসতেন। তাঁদের শাড়িতে কুঁচি থাকার কথা তেমন একটা জানা যায় না। এক প্যাঁচে শাড়ি পরতেই তাঁরা বেশি স্বচ্ছন্দ ছিলেন। তবে শাড়ির ভাঁজগুলো তাঁরা বেশ পরিপাটি করে কাঁধের কাছে ব্রোচের সাহায্যে আটকে নিতেন। অনেক সময় শেমিজ ও পেটিকোটের ওপর শাড়ি লেহেঙ্গার আদলে গুঁজে সামনে বা পেছনে আঁচল নিয়ে এর একটি মাথা কোমরে গুঁজে দিতেন। এতে পোশাকটি হয়ে উঠত শাড়ি, লেহেঙ্গা, লং স্কার্টের মিলিত রূপ। এই কায়দাটি ঠাকুরবাড়ির নারীরা শিখেছিলেন ইংরেজ নারীদের সংস্পর্শে এসে।নাদিরা আযাদের কাছ থেকে জানা গেল, তাঁরা সেই সময়ে পাড়ে ফুল বা লতাপাতার নকশাই বেশি পছন্দ করতেন। কোমরে যেমন চাবির গোছা রাখতেন, তেমনি তাঁরা চাবি ঝুলাতেন শাড়ির আঁচলে। আবার আঁচল ঠিকঠাক কাঁধে রাখাটা নিশ্চিত করে নিতেন। শাড়ির সঙ্গে ব্লাউজে ছিল লেসের ব্যবহার। সেই সঙ্গে সাটিন, ভেলভেট, টিস্যু কাপড়ের ব্যবহারের কথা তো না বললেই নয়। ছবি অনুযায়ী সুপ্রভা হালদারের বর্তমান রূপ দিয়েছেন কানিজ আলমাস খান। তাঁর এই শাড়ি পরার ঢংটি বেশ কেজো। কুঁচি করে না পরা হলেও খানিকটা কুঁচি করে পরার মতোই দেখাচ্ছে। তবে লেসের ঝালর দেওয়া ব্লাউজের সঙ্গে শাড়ির আঁচল একদম কাঁধের কাছে ভাঁজ করে উঠিয়ে দেওয়া হয়েছে। আঁচলের ভাঁজের কায়দা বেশ নজরকাড়া। ধরে নেওয়া যায়, ঘরোয়াভাবে পরা এই শাড়িটি কাজের ক্ষেত্রে স্বচ্ছন্দ ভাব বজায় রেখেছে। এ ধরনের শাড়ি এখনো পরা যেতে পারে যেকোনো ঘরোয়া উৎসবে। নিজের বাড়ি বা অন্য কোনো ঘরোয়া অনুষ্ঠানেও কুঁচি দিয়ে এই শাড়ি পরা যেতে পারে বলে মনে করেন কানিজ আলমাস খান। তাই এই শাড়ির সঙ্গে চুল যেমন এলো খোঁপা বা বিড়া খোঁপায় বাঁধা যেতে পারে, তেমনি চোখের কোলে কাজল না এঁকে চোখের ওপর আইলাইনার দেওয়া যেতে পারে ঠাকুরবাড়ির নারীদের ঢঙে। শাড়ির বিপরীত রঙের ব্লাউজ হলে শাড়িটিও হয়ে উঠবে অনেক বেশি আকর্ষণীয়। জ্ঞানদা নন্দিনীর ফ্যাশন সে সময়ে সাড়া জাগানো। তাঁর মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানীর মধ্যেও যেন মায়ের ছায়া চোখে পড়ে। ১৮৮২ সালে ঠাকুরবাড়ির প্রথম বিএ পাস নারী ইন্দিরা। পেয়েছিলেন ‘পদ্মাবতী’ স্বর্ণপদক। তাঁর সাজসজ্জা যেন পড়াশোনা ও ব্যক্তিত্ব—এই দুইয়ের মিশেলে ছিল সমুজ্জ্বল। ঠাকুরবাড়ির অন্দরমহল বইয়ে চিত্রা দেব লিখেছেন, “ইন্দিরার কমনীয় ব্যক্তিত্বে যে কমল হীরের দীপ্তি ফুটে উঠেছে তাকেই বলা যায় ‘কালচার’। এই কালচারের ছাপ ইন্দিরার উপস্থিতিতে-সাজসজ্জায়-বাকবিন্যাসে-ঘরসাজানোয় সর্বত্র ছড়িয়ে পড়েছিল। বাংলার নারীদের সামনে তিনি তাঁর প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আদর্শ জীবনটিকে তুলে ধরেছিলেন।” ইন্দিরা দেবীর এই ছবিতে একহারা ঢঙে শাড়ি পরে সেই শাড়ির আঁচল আবার কাঁধে তুলে ভাঁজে ভাঁজে ব্রোচ দিয়ে আটকে নিয়েছেন। তাঁর শাড়ি পরার ঢঙে যেন নিজস্ব ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের মিশেল লক্ষ করা যায়। তাই কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহনাজ খান মনে করেন, এ সময়ে ইন্দিরার চরিত্র ফুটিয়ে তুলতে পারে একমাত্র এন্ডি শাড়ির টেকশ্চারই, যাতে রয়েছে একটু রুক্ষ আভিজাত্য, সেই সঙ্গে কোমলতা। এই শাড়ির সঙ্গে ব্লাউজের ঢংটাও হওয়া চাই মানানসই। চুলে করা যেতে পারে উঁচু বান খোঁপা। এন্ডি, ঢাকাই জামদানি বা দামি টাঙ্গাইলের শাড়ি পরা যেতে পারে এ ধরনের স্টাইলে। সরোজা সুন্দরী-মোহিনীমোহনের দুই মেয়ে গীতা ও দীপ্তি চট্টোপাধ্যায়। এই দুইবোন ছিলেন দারুণ মেধাবী। তাঁরা পড়াশোনা শেষে সমাজসেবা করতেন। ইউরোপ ঘুরে বেড়ানো এই দুই বোনের সাজসজ্জা ছিল দেখার মতো। মায়ের সঙ্গে তাঁরা যেতেন সমাজের নানা উঁচু স্তরের মানুষের বাড়িতে। ঠাকুরবাড়ির অন্দরমহল বইটি থেকে জানা যায়, ‘শাড়ির সঙ্গে জামার রং মিলিয়ে পরা হতো হালকা বেনারসি বা ঢাকাই জামদানি। এলো খোঁপার বদলে বউ-মেয়েরা বাঁধতেন গোল বান খোঁপা। রুজ লিপস্টিক ব্যবহারের চল ছিল না। তবে যে আসরে লাটপত্নী আসতেন, তাতে চটি না পরে মোজা দিয়ে হিল জুতো পরার চল ছিল।’ অর্থাৎ আদ্যোপান্ত পার্টি সাজ। ছবির সঙ্গে মিলিয়ে তাঁদের এই শাড়ি পরার ঢংটা কয়েকভাবে এখনকার তরুণীরা পরে দেখতে পারেন। প্রথমে শাড়ি ভাঁজে ভাঁজে গুঁজে নিতে হবে পেটিকোটে। তারপর সামনে গুজরাটি স্টাইলে লম্বা করে আঁচল ফেলতে হবে। এবার এই আঁচলের একটি কোনা টেনে পেছনে কোমরে গুঁজে দিতে হবে। শাড়িতে কোনো কুঁচি না থাকায় শাড়িটি ফুলে থাকবে লেহেঙ্গা, গাউন কিংবা স্কার্টের মতো। ইউরোপ দেখে আসা গীতা ও দীপ্তির পক্ষেই সম্ভব এ ধরনের একটি ঢঙে শাড়ি পরার চল চালু করা। শাহনাজ খান বলেন, ‘সিল্ক, মসলিন, ঢাকাই জামদানি দিয়ে আমরা এই ঢঙে শাড়ি পরতে পারি। সঙ্গে কনুই পর্যন্ত হাত দিয়ে ব্লাউজ এবং কাঁধের কাছে কুঁচি থাকলে একদমই চলে যাওয়া যাবে রবীন্দ্রনাথের আমলে।’ কানিজ আলমাস খান মনে করেন, লম্বা সিঁথি কেটে সামনের দুই পাশে চুলগুলো একটু ঢেউ খেলিয়ে নিতে পারলে যে কোনো বড় অনুষ্ঠানে মানানসই ঠাকুরবাড়ির ঢং ফুটে উঠবে ষোলো আনা। পেছনের চুলে থাকতে পারে উঁচু বান খোঁপা অথবা লম্বা বেণি। পোশাক পরা আর চুলের ঢংটা সেকালের আদলে তো হলোই। এর সঙ্গে একদম এ সময়ের ধাঁচে গয়না পরে ও মেকআপ করলে যেকোনো অনুষ্ঠানে সবার নজর আপনার ওপরেই পড়বে। ঠাকুরবাড়ির কনেসাজঠাকুরবাড়ির মেয়ে শর্মিলা ঠাকুরের নাম কে না জানে। তাঁর কনেসাজের ঢং যেন এখনো পরিচিত আমাদের বাঙালি বিয়েতে। শাড়ির ক্ষেত্রে বেনারসি ও মসলিন টিস্যুর সমন্বয় তো চলছে আজও। তা পরার মধ্যে যে বনেদি ভাব, তাও যেন ঠাকুরবাড়ির জাঁকজমকের প্রকাশ। লাল বেনারসি বা মসলিনের শাড়ির সঙ্গে সোনালি টিস্যুর লেস দিয়ে অলংকৃত ব্লাউজ আর স্বচ্ছ ওড়না যেন কনের সাজের মাত্রায় নিয়ে আসে পরিপূর্ণতা। ঠাকুরবাড়ির অন্দরমহল বই থেকে নেওয়া এই সাজের বর্ণনা হলো: ‘সোনালি ফিতে লাগিয়ে দেখনসই খোঁপায় সোনার কাঁটা ও চিরুনী, কপালে ও গালে চন্দনের পত্রলেখা। লাল টুকটুকে বেনারসির সঙ্গে টিকলি, দুল, নথ, বাজুবন্ধ, শাঁখা, চুড়ি, বালা, আলতা পরা পায়ে রুনুঝুনু মল, হাতে লাল লক্ষ্মী কাঠের চুড়ি। যেন একেবারে লক্ষ্মী ঠাকুরন।’ এই সাজ যেন এখনো চিরায়ত। তাই তো কানিজ আলমাস এখনকার বউকে শর্মিলা ঠাকুরের এই সাজে সাজিয়েছেন প্রেমফাঁস চেইন আর সাগরিকা দুলে। মসলিন দোপাট্টার ফাঁকে চেলি করা খোঁপায় দেখা যাচ্ছে আভিজাত্যের ছোঁয়া। এখনকার কনের জন্য আল্পনা আঁকতে চন্দন না হোক কুমকুমের রং তো আছেই। দেশি শাড়ির দেশি সাজের ঠাকুরবাড়ির ঐতিহ্য যেন ভিন্ন মাত্রা দেবে। তাই শাহনাজ খান এই সাজে পরিয়েছেন ম্যাজেন্টা মসলিনে কাতান পাড়ে কারচুপি করা শাড়ি। বাঙালিজীবনের সবকিছুতেই যেন ছড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ও ঠাকুরবাড়ি। তাই আমাদের যেকোনো কিছুতই, এখন যা আছে তার সঙ্গে ঠাকুরবাড়ির ঢং নিয়ে আমরা যেন করে তুলতে পারি আরও বেশি সমৃদ্ধ। এখন ও তখনকার মিশেলে এই সাজগুলো আমাদের মধ্যে আনবে ভিন্ন রকম আভিজাত্য। ঠাকুরবাড়ি হয়তো এভাবেই যুগ যুগ ধরে বাঙালির ফ্যাশনে অবদান রেখে যাবে।