ঠান্ডা ঠান্ডা ইফতারি
ইফতারিতে ভাজা-পোড়ার বদলে স্বাস্থ্যকর খাবার খেতে চান অনেকেই। দই দিয়ে তৈরি ঠান্ডা কিছু পদ খেতে ভালো, স্বাস্থ্যকরও। রেসিপি দিয়েছেন ফাতিমা আজিজদই-ম্যাকারনিউপকরণ: ম্যাকারনি সোয়া কাপ, পানি ফুটানো ৮ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, সরিষা গুঁড়া ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, মাখন ২ চা-চামচ, মুরগির মাংস (ছোট ছোট টুকরা করা) ১৫০ গ্রাম, রসুন বাটা ২ চা-চামচ, টকদই ২ কাপ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ২টি। প্রণালি: ফুটন্ত পানিতে সিকি চামচ লবণ ও সামান্য তেল দিয়ে ম্যাকারনি ৮ থেকে ১০ মিনিট সিদ্ধ করে নিন। পানি ঝরিয়ে ১ চা-চামচ লবণ ম্যাকারনিতে মিশিয়ে নিন। সামান্য লবণ দিয়ে মুরগির মাংস সিদ্ধ করে নিন।দইয়ের সঙ্গে ১ চা-চামচ লবণ, রসুন বাটা, অর্ধেক গোলমরিচ গুঁড়া, ১টি কাঁচা মরিচ কুচি ও অর্ধেক পুদিনাপাতা এবং ধনেপাতা কুচি মিশিয়ে ব্লেন্ড করে নিন। দইয়ের মিশ্রণ বাটিতে ঢেলে তাতে ম্যাকারনি মিশিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। ননস্টিক ফ্রাইপ্যানে মাখন গলিয়ে সিদ্ধ মুরগির টুকরাগুলো হালকা ভেজে নিন। পরিবেশন পাত্রে দই-ম্যাকারনি মিশ্রণ ঢেলে তার ওপর মুরগির টুকরাগুলো দিয়ে ঢেকে দুই-তিন ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে একটি ট্রে বা প্লেটে বরফকুচি ঢেলে তার ওপর দই-ম্যাকারনির পাত্র রেখে ওপর থেকে বাকি গোল মরিচের গুঁড়া, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি ছিটিয়ে দিন। ফল রায়তাউপকরণ: রায়তার জন্য পানি ঝরানো টকদই ১ কাপ, পুদিনা পাতা কুচি সিকি কাপ, দেশি রসুন ৬ কোয়া, গোল মরিচ গুঁড়া ১ টেবিল-চামচের আট ভাগের এক ভাগ, কাঁচা মরিচ মিহি কুচি ৩টি, সরিষা গুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ ও চাট মশালা আধা চা-চামচ। ফল ও অন্যান্য উপকরণ: পাকা আম কুচি ১টি, সবুজ আপেল কুচি অর্ধেক, লাল আপেল কুচি অর্ধেক, আনার দানা ৩ টেবিল-চামচ, রোস্টেড কাজুবাদাম সিকি কাপ, বাদাম ও পেস্তা কুচি ২ টেবিল-চামচ, কিশমিশ ১ টেবিল-চামচ, সবুজ আঙুর ১০টি, খেজুর কুচি ২টি। প্রণালি: রায়তার সব উপকরণ একত্রে ব্লেন্ড করে ঢাকনাসহ বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিন। আঙুর ধুয়ে মাঝখান দিয়ে লম্বালম্বি দুই টুকরা করুন। কাজু, কিশমিশ, পোস্তা, বাদাম কুচি ও খেজুর কুচি বাদে ইফতারের আধা ঘণ্টা আগে বাকি অন্যান্য ফলে লেবুর রস মেখে ফ্রিজে রেখে দিন। আনার দানা ১ টেবিল চামচ আলাদা রেখে দিন। ইফতারের ঠিক আগে বের করে রায়তার সঙ্গে ফলগুলো মিশিয়ে নিন। একটি প্লেটে বরফ আধা ভাঙা করে রেখে তার ওপর রায়তার বাটি রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। দই-সবজি-চিড়াউপকরণ: টকদই ১ কাপ, চিড়া আধা কাপ, ভাপিয়ে নেওয়া পাতলা মিহি কুচি গাজর ২ টেবিল-চামচ, ভাপিয়ে নেওয়া পাতলা মিহি কুচি পেঁপে ২ টেবিল-চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল-চামচ, লবণ সিকি চামচ ও গোল মরিচ ফাঁকি এক চিমটি। প্রণালি: চিড়া ভালো করে ঝেড়ে-বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিন। টকদই ভালো করে ফেটে নিয়ে লবণ, গোল মরিচ ফাঁকি মিশিয়ে পানি ঝরানো চিড়ার সঙ্গে দইয়ের মিশ্রণ মিশিয়ে নিন। গাজর ও পেঁপে ঝুরি এক চিমটি লবণ দিয়ে ভাপিয়ে রাখবেন। এবার দইয়ের মিশ্রণে গাজর, পেঁপে ও ক্যাপসিকাম ঝুরি মিশিয়ে দিন। আলতোভাবে মেশাবেন, যেন চিড়া বেশি ভেঙে না যায়। ঢেকে ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।বাহারি দই-চিড়াউপকরণ: পানি ঝরানো টকদই ২ কাপ, চিড়া আধা কাপ, পাকা কলা (চৌকো করে কাটা) ১টি, পাকা আম (চৌকো করে কাটা) ১ কাপ, নারকেল কোরা আধা কাপ, লেবুর রস আধা চা-চামচ, লবণ ১ চিমটি, চিনি ৩ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী। মাওয়া ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, এলাচি গুঁড়া সিকি চামচ। প্রণালি: চিড়া ধুয়ে বেছে পানি ঝরিয়ে নিন। বাটিতে পানি ঝরানো টকদই, চিনি ও লবণ দিয়ে ভালো করে ফেটে নিন। ফেটানো দইয়ে চিড়া মেখে এক ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে দই-চিড়া বের করে তাতে নারকেল কোরা মিশিয়ে আবার ফ্রিজে রাখুন। ইফতারের আধা ঘণ্টা আগে আম ও কলা চৌকো করে কেটে লেবুর রস মাখিয়ে রাখুন। ইফতারের পাঁচ মিনিট আগে আম ও কলার সঙ্গে এলাচি গুঁড়া ও কিশমিশ চামচ দিয়ে আলতো মেশান। এবার দই-চিড়ার ওপর ছড়িয়ে দিন। ওপর থেকে মাওয়া ছিটিয়ে পরিবেশন করুন। ঠান্ডা থাকতেই খেয়ে নিন। কিমার দইবড়াউপকরণ: লবণ ও সয়াসস দিয়ে সিদ্ধ করা কিমা ১ কেজি, কর্নফ্লাওয়ার ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, ঘন তেঁতুলের ক্বাথ ১ থেকে দেড় কাপ, টকদই ৭ কাপ, ঝুরি ভাজা ১ প্যাকেট, মিষ্টিদই ২ কাপ, চাট মশালা ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, চিনি ২ চা-চামচ, পুদিনাপাতা বাটা ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী, লবণ আড়াই চা-চামচ, টালা গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ, আদা মিহি কুচি ২ টেবিল-চামচ, সিদ্ধ করা চটকানো আলু ৬টি, রসুন মিহি কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, বিট লবণ দেড় চা চামচ, তেল ভাজার জন্য ও পেঁয়াজ কুচি মাঝারি ১টি। প্রণালি: তেঁতুলের ক্বাথ সামান্য লবণ, চিনি ও ভাজা জিরা গুঁড়া মিশিয়ে একটু চাটনির মতো তৈরি করে নিন। বাটিতে টক ও মিষ্টিদইয়ের সঙ্গে লবণ, চিনি, বাটা পুদিনাপাতা ও কাঁচা মরিচ ও ১ টেবিল চামচ চাট মশালা দিয়ে ফেটে নিতে হবে। অন্য বাটিতে সিদ্ধ করা কিমার সঙ্গে চটকানো আলু, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ, পেঁয়াজ কুচি অর্ধেক, ১ টেবিল-চামচ কাঁচা মরিচ কুচি ও অর্ধেক কর্নফ্লাওয়ার মিশিয়ে মেখে নিন। একটি প্লেটে বাকি কর্নফ্লাওয়ার ছড়িয়ে রাখুন। ২টি ডিম কুসুম বাদ দিয়ে সামান্য লবণ দিয়ে ফেটে আলাদা রাখুন। কড়াইয়ে তেল গরম করে আঁচ মাঝারি রেখে কিমার বল বানিয়ে কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডিমে চুবিয়ে গরম তেলে ভাজুন। একটি বাটিতে কিছু দইয়ের মিশ্রণ ঢেলে তাতে ভাজা বড়া সাজিয়ে বাকি দইয়ের মিশ্রণ ঢেলে ঢেকে ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে ওপরে বাকি চাট মশালা, বিটলবণ, ধনেপাতা, পুদিনাপাতা, পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি ছিটিয়ে সাজিয়ে দিন। দুটো শুকনা ছোট বাটিতে তেঁতুলের ক্বাথ ও ঝুরি ভাজা রাখুন। নিজের পরিমাণমতো দইবড়া বেড়ে নিয়ে ওপর থেকে তেঁতুলের ক্বাথ ও ঝুরি ভাজা দিয়ে নিন।