সাল ২০০৮। ২৭ জানুয়ারি। এই দিন চিরতরে বিদায় নেন আমার ঠাম্মা। তাঁর হয়েছিল ক্যানসার, কিন্তু তিনি হাল ছাড়েননি। তাঁর খুব ইচ্ছা ছিল, সাধারণ জীবনে আবার ফিরে আসবেন। কিন্তু সেই স্বপ্ন তাঁর আর পূরণ হয়নি।
ঠাম্মার একান্ত ইচ্ছা ছিল, তিনি তাঁর নাতি, অর্থাৎ আমাকে একটা ভালো অবস্থানে দেখবেন। আমার কোনো ধরনের কষ্ট তাঁর সহ্য হতো না। আমাকে কখনো কোনো কষ্ট দেননি তিনি। হয়তোবা তখন এত কিছু আমি বুঝতাম না, কিন্তু এখন খুব ভালোই বুঝি, খুব ভালোই উপলব্ধি করতে পারি সেদিনের কথাগুলো।
ঠাম্মা যখন শেষবারের মতো ভারতে যান চিকিৎসার জন্য, তখন আমার মাকে বলে যান, ‘বউমা, আমার নাতির যেন কোনো সমস্যা না হয়, ওর খেয়াল রেখো।’
এটাই ছিল আমার শোনা তাঁর শেষ কথা, তারপর আর কোনো কথা তাঁর আমার মনে পড়ে না। চিকিৎসা চলতে চলতেই তিনি তাঁর শেষনিশ্বাস ত্যাগ করেন।
আজ আমি একটু হলেও বড় হয়েছি, ভালো-মন্দ বুঝতে শিখেছি। খুব ভালো উপলব্ধি করি সেই দিনগুলো, ক্ষণে ক্ষণে ঠাম্মাকে মনে পড়ে...।
তিনি চলে গেছেন না-ফেরার দেশে, তবে আমার হৃদয়ে তিনি এক অনন্য স্থান করে নিয়েছেন, যা চিরস্থায়ী।
সৌগত দাস
দিনাজপুর