সময়সূচি ঠিক থাকছে না শাটল ট্রেনের। প্রায়ই মাঝপথে ইঞ্জিন বিকল বা ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। শহরে থাকা শিক্ষার্থীরা প্রায়ই দেরিতে পৌঁছাচ্ছেন ক্যাম্পাসে। ফলে অনেকেই নির্ধারিত ক্লাস করতে পারছেন না। গত ২০ দিনে অন্তত ছয়বার ইঞ্জিন বিকল ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর কারণে ও ট্রেন লাইন সংস্কার না হওয়ায় এমন ঘটনা ঘটছে।বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে সূত্র জানায়, গত ২৮ নভেম্বর সকাল সাড়ে সাতটার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ইঞ্জিন নগরের আমবাগান এলাকায় বিকল হয়ে পড়ে। সেদিন সকাল সাড়ে ১০টায় ছিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ট্রেন দেরিতে আসায় ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের আধঘণ্টা পরে অনুষ্ঠিত হয়।গত ৩০ নভেম্বর ও ১১ ডিসেম্বর শাটল ট্রেনের ইঞ্জিন বিকল ও বগি লাইনচ্যুত হয়। সর্বশেষ ১৩ ডিসেম্বর চট্টগ্রাম-নাজিরহাট লাইনে একটি মালবাহী ট্রেনের বগি দুই দফা লাইনচ্যুত হলে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় পাঁচ ঘণ্টা।শাটল ট্রেনের সময়সূচি বিপর্যয়ের বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশন মাস্টার ফখরুল আলম। তিনি বলেন, ‘পুরোনো ইঞ্জিন দিয়ে শাটল ট্রেন চলাচল করছে। এ কারণে বিভিন্ন সময়ে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।’ রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে চলাচল করে, সে ব্যাপারে আমরা সচেতন। তার পরও মাঝেমধ্যে ইঞ্জিন বিকল ও বগির লাইনচ্যুতির ঘটনা ঘটে।’এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘শাটল ট্রেন চলাচলে কোনো সমস্যা হলে তা সঙ্গে সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়।’উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন। নগর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সাতটি শাটল ট্রেন চলাচল করে।