ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমা বেওয়ার পা ব্যথায় টনটন করছে। পানি এসেছে পায়ে। এই অসুখকে নাকি গেঁটেবাত বলে। ডাক্তার দেখানোর পয়সা নেই। পাড়ার ওষুধের দোকান থেকে মাঝেমধ্যে সস্তা ব্যথার ওষুধ খেয়ে চলতে হয়। আজও একটা ওষুধ খেতে হয়েছে। একটু পরে কাজে যেতে হবে। একটা নতুন কাজ জুটেছে।

সাভারে ছোট এই বস্তিটায় সালমা বেওয়ার দুজনের সংসার। মর্জিনা, একমাত্র ভাইজি, গার্মেন্টসে কাজ করেন। স্বামীর খোঁজ নেই  বছর দুয়েক। দুই নারী কষ্ট করে জীবনটা কোনোমতে চালিয়ে নিচ্ছেন। স্বাধীন জীবন, এই এক শান্তি।

সালমা বেওয়া কাজ পান মাঝেমধ্যে। মহল্লার কোনো নর্দমা পরিষ্কার কিংবা রাস্তা ঝাড় দেওয়া অথবা বাজারের উচ্ছিষ্ট আবর্জনা ফেলে দেওয়া—এসব কাজ। বয়স ৬০ ছুঁই ছুঁই, এর বেশি আর শরীরে কুলায় না। কাল বিকেলে জয়নাল ক্লাবে ডেকেছিল। আরও অনেকের সঙ্গে গিয়ে সালমা বেওয়া জানতে পারেন, সামনে বিজয় দিবস। দেশের মাথারা আসবেন স্মৃতিসৌধে ফুল দিতে। তাই পুরো সৌধ এলাকা ঝাড় দিয়ে, ধুয়ে মুছে চকচকে করতে হবে। এরপর হবে আলপনা আঁকা। এবার স্মৃতিসৌধ পরিচ্ছন্নতার দরপত্রের ঠিকাদারি পেয়েছেন এলাকার ছেলে জয়নাল। সালমা বেওয়ার মতো অচল বুড়িদের তাই কিছু কাজ জুটেছে। এত সস্তা শ্রম পৃথিবীর আর কোথায় পাবেন জয়নালরা?

হাতে ঝাড়ুটা নিতেই সালমা বেওয়া ফিরে যান ৪৫ বছর আগে। তখন তাঁর বয়স হয়তো ১৪-১৫ হবে। কালকিনির সেই গ্রামে কেউ বয়সের হিসাব রাখত না তখন। একটা-দুইটা সম্বন্ধের ফিসফিসানি চলছে কিশোরী মেয়েটার। হঠাৎ দেশে শুরু হলো মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামে। সালমা বেওয়ার বড় দুই ভাই চলে যান মুক্তিযুদ্ধে। আর তাই বুঝি হানাদারদের দোসর আর পাকিস্তানি জানোয়ারদের ক্ষোভ আছড়ে পড়ে কালকিনির ছোট্ট বাড়িটায়। বাড়িটা পুরো পুড়িয়ে দেয় ওরা। বাবাকে ধরে নিয়ে যায়। জবাই করা লাশ ভেসে ওঠে গৌরনদীতে। আর সালমা, কুমারী মেয়েটার শরীর তখন একটা রক্তাক্ত বাংলাদেশ। আজ আবার তাঁর মনে হয়, এই সৌধ একটা কুমারী মেয়ে, ওকে ধুয়েমুছে সেই ছিঁড়ে যাওয়া শাড়িটা জড়িয়ে দিই। শত হোক, সালমাদের ইজ্জতের বিনিময়েই তো পাওয়া এই স্বপ্নের স্মৃতিসৌধ।

বিকেল হতেই সালমা বেওয়া চোখে অন্ধকার দেখেন। পা ফুলে ঢোল। আর চলার জো নেই। সৌধ এতক্ষণে চকচক করছে। জয়নাল বিশ্রী দাঁতগুলো কেলিয়ে হাতে ধরিয়ে দেয় এক শ টাকা।

‘সারা দিন ঝাড় দিয়া মোটে এক শ দিলি জয়নাল। আর এক শটা টাকা দে না বাবা?’

‘বেশি কথা বাড়াস না বুড়ি। তোর ভাগ্য ভালো। তুই তো একটা অচল পয়সা। কাজে নিছি এই বাপের ভাগ্য। যা, ভাগ।’

কপালের শিরাগুলো দপ করে ফুলে ওঠে সালমা বেওয়ার, একজন বীরাঙ্গনা, একজন মুক্তিযোদ্ধার। বিদ্রোহ করেন।

‘জয়নাইল্লা, খুব ঠিকাদারি করস? এই সৌধ, এই দেশটার জন্ম দিছি এই আমি সালমা, আমরা। তোর কাছে দয়া চাই না। আমার অধিকার আমারে বুঝায়া দে।’

বিজয় দিবসের প্রাক্কালে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সামনে থরথর করে কাঁপতে থাকে জয়নালেরা।