ঠিকাদার-প্রকৌশলী দ্বন্দ্বে বন্ধ প্রতিরক্ষা দেয়ালের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দির রক্ষায় নির্মিতব্য প্রতিরক্ষা দেয়াল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী। এ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে তিন সপ্তাহ ধরে।
ঠিকাদারের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীকে ঘুষ না দেওয়ায় অর্থ ছাড় করাচ্ছেন না তিনি। এ কারণে টাকার অভাবে আটকে আছে কাজ। নির্বাহী প্রকৌশলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদার কাজ না করেই টাকা তুলতে চান।
এদিকে প্রতিরক্ষা দেয়ালের নির্মাণকাজ দ্রুত শেষ করতে না পরলে চলতি বর্ষায় ঝুঁকির মধ্যে পড়বে ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির ও জোড়া পুকুর।
এ নিয়ে স্থানীয় লোকজন ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির কর্মকর্তারা ৫ জুন নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হকের বিরুদ্ধে ফ্যাক্সবার্তা ও স্মারকলিপি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বরাবর। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ মে তৎকালীন পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন আদিনাথ মন্দির পরিদর্শন করে এটিকে সমুদ্র থেকে রক্ষার জন্য নিচে (সাগরের তীরে) জরুরি ভিত্তিতে ৪৯ মিটার প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেন। ১৮ ডিসেম্বর দেয়াল নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গিয়াস কনস্ট্রাকশনকে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক পূর্ণচন্দ্র দে বলেন, কাজ শুরুর পর পাউবোর নির্বাহী প্রকৌশলী নানা অজুহাতে কাজের বিপরীতে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছেন। অন্যথায় কোনো টাকা পরিশোধ করা হবে না বলে জানিয়ে দেন। গত মে মাসের শুরুর দিকে ৫০ হাজার টাকার ঘুষ নিয়ে নির্বাহী প্রকৌশলী ১০ লাখ টাকার একটি বিল প্রদান করেন। এখন জুন ফাইনালের নামে আরও ৫০ হাজার টাকার ঘুষ দাবি করছেন। এ কারণে ১ জুন থেকে কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নারায়ণ চন্দ্র দে বলেন, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান এই আদিনাথ মন্দিরে ভারত, শ্রীলঙ্কা, নেপালসহ সারা দেশের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটে। ৩০ জুনের মধ্যে প্রতিরক্ষা দেয়ালটি তৈরি না হলে ২৮৮ ফুট উঁচু মৈনাক পর্বতের আদিনাথ মন্দির ও পাশের দুটি জোড়া পুকুর সাগরগর্ভে তলিয়ে যাবে।
পাউবোর স্থানীয় মাঠ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বর্তমানে প্রতিরক্ষা দেয়ালের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মধ্যে কাজ শেষ না হলে মন্দিরটি ঝুঁকির মুখে পড়তে পারে।
জানতে চাইলে আদিনাথ মন্দিরের প্রতিরক্ষা দেয়াল তৈরির বিপরীতে ঘুষ দাবির অভিযোগ সত্য নয় দাবি করে নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হক বলেন, ‘পূর্ণচন্দ্র দে বাজে স্বভাবের লোক। কাজ না করেই তিনি টাকা তুলে নিতে চান। আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে লেখালেখি করেও কোনো লাভ হবে না।’