ঠিকানা আমার ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে হোসনি মোবারক সরকারের পতনের ঘটনাটা মনে আছে? পাঁচজন নাম না-জানা মানুষ ফেসবুকে আহ্বান জানালেন, পাঁচ ফিট জায়গা ফাঁকা রেখে দাঁড়াতে হবে লম্বা সারি করে। কালো পোশাক পরে সবাই নীল নদের দিকে মুখ করে থাকবেন। মিসরের পুলিশের বর্বরতার বিরুদ্ধে এই ছিল প্রতিবাদের ভাষা। ফেসবুকে এ আহ্বান দেখে নিঃশব্দে অহিংস আন্দোলনে সাড়া দিল মিসরবাসী। এ বছরের ২৫ জানুয়ারির সেই প্রতিবাদেই হলো বিপ্লবের সূচনা। মাত্র ১৮ দিনের টানা আন্দোলনে পতন হয় হোসনি মোবারক সরকারের।ঘরের কথা বলি। আয়োজনটির নাম ছিল ‘সাধুসঙ্গ’। দিনক্ষণ ঠিক করে আয়োজক মনসীতা, আমীরুল রাজীব, নাতাশা আহমেদ আর আনুশেহ আনাদিল সাধুসঙ্গের আহ্বান জানালেন ফেসবুকে। ডাকে সাড়া দিয়ে ‘অ্যাটেন্ডিং লিস্টে’ নাম এল ৫৫৬ জন বন্ধুর। এভাবেই ২৮ এপ্রিল লোকসাধক লালন সাঁইজির হাজার হাজার ভক্তের সমাগমে দুই দিন ধরে হলো সাধুসঙ্গ। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে হওয়া এই অনুষ্ঠানে মানুষ যোগ দিল শিকড়ের টানে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ৪ থেকে ৫ এপ্রিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাতে পণ্ড হয় বাউলসাধক মোহাম্মদ ফকিরের সাধুসঙ্গ। নির্যাতিত হন ২৮ জন বাউল। এর প্রতিবাদে ফেসবুকের মাধ্যমে অসমাপ্ত সাধুসঙ্গে বিপুল উদ্দীপনায় একাত্ম হন সবাই।সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রভাব শুধু আমাদের নৈমিত্তিক জীবনেই নয়, তা এত বিস্তৃত হয়েছে যে গবেষকেরা ফেসবুককে দেখছেন অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে। শুধু আমাদের দেশ বা মিসরেই নয়, ফেসবুক ব্যবহার করে বাহরাইন, তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়ায়সহ আরব বিশ্বের অনেক দেশে এক হয়েছেন মুক্তিকামী মানুষ। পশ্চিমা বিশ্বেও নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা তাঁদের প্রচারণার জন্য ফেসবুক ব্যবহারের কথা ভোলেন না। বারাক ওবামাও তাই ধন্যবাদ জানাতে মার্ক জাকারবার্গের সঙ্গে টি-শার্ট বদল করেন কিছুদিন আগে।২.সামিয়া শিকদার পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁর জন্মদিনে বন্ধুদের তালিকা থেকে শুভেচ্ছাবার্তা এসেছে ৩০৪টি। এত বার্তায় খুশিতে ভাষা হারিয়ে ফেলার অবস্থা সামিয়ার। অবসরপ্রাপ্ত চাকরিজীবী শাহবুদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাস করেছেন অনেক আগে। শখ থেকে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন তিনি। খুঁজে পান তাঁর মফস্বল শহরের বন্ধুদের, তরুণ জীবনে কাছের বন্ধুসহ দীর্ঘ চাকরিজীবনের অনেক সহকর্মীকে। তাঁদের সঙ্গে যোগাযোগ করে বেশ কেটে যায় তাঁর সময়। এখন তাঁর মনে হচ্ছে, পুরোনো বন্ধুদের খুঁজে পেতে ফেসবুকের কোনো জুড়ি নেই। ৩.ফেসবুকের (www.facebook.com) যাত্রা শুরু ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে; ২০১১ পর্যন্ত যার ব্যবহারকারীর সংখ্যা সারা পৃথিবীতে ছাড়িয়ে গেছে ৬০ কোটি। এর বেশির ভাগই তরুণ প্রজন্মের। বাংলাদেশে নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। মোবাইল ফোনের কল্যাণে এ সংখ্যা দিন দিন বাড়ছে। হার্ভার্ডের ডরমেটরিতে বন্ধুদের জন্য ‘ফেসবুক’ নামের নেটওয়ার্কটি তৈরি করেন মার্ক জাকারবার্গ। শুরুতে ফেসবুকের ব্যবহারকারী ছিল হার্ভার্ড ক্যাম্পাসের বন্ধুরা। ধীরে ধীরে তা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। আজ যে কারও একটি ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেই নয়। কিন্তু কী করি আমরা ফেসবুকে? আর কেনই বা ফেসবুক নিয়ে উত্তেজনার শেষ নেই?৪.পাঠকদের বলছি নড়েচড়ে বসতে। অধিকাংশই মনে করেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, ‘চ্যাট’ করা, ‘কজেস’ নিয়ে থাকাই ফেসবুকের কাজ। স্কলাসটিকার মৌমিতার কাছে ফেসবুক মানে চ্যাট করা আর বন্ধুদের ‘জোমবি’ চরিত্রগুলো পাঠানো; কখনো বা ‘গ্রোয়িং গিফট’। আর অনেক অনেক ছবি ‘শেয়ার’ করা, বন্ধুদের ছবি দেখে মজার মন্তব্য আর ‘লাইক’ কিংবা ‘ফ্ল্যাগ’ অপশনে ক্লিক করা। আর দিনের মধ্যে একটা ‘স্ট্যাটাস’ তো দিতেই হবে। সিফাতের যেমন কাল ‘স্ট্যাটাস’ ছিল—‘ভারিক্কি মেজাজে বৃষ্টি দেখছি—আসবে কে আমার সঙ্গে।’ ব্যস ‘লাইক’ করে, মন্তব্য লিখে সঙ্গে সঙ্গে সমর্থন জানিয়ে দিল ওর ২৯টি বন্ধু। নেহালের অবশ্য বন্ধুদের ‘পোক’ করা, তাঁদের ‘ওয়াল’-এ লেখার মধ্য দিয়েই দিন চলে যায়। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটানোর রেকর্ডও আছে নেহালের। শুধু কি চ্যাট কিংবা খেলা? না। ফেসবুকের আরও অনেক কিছুর স্পর্শ পাওয়া যায়।৫.নেটওয়ার্কিংয়ের জন্য ফেসবুকের তুলনা নেই। দেশে কিংবা বিদেশের আলোচিত খবরের সন্ধান মেলে ফেসবুক থেকে। লাইভ কনসার্ট আপডেট নামের গ্রুপটি জানায় শহরের নানা প্রান্তে আয়োজিত কনসার্টের খবর। বাংলাদেশ ব্লাড ব্যাংক গ্রুপ থেকে জরুরি সময়ে প্রয়োজনীয় রক্তের সন্ধান মেলে। ফেসবুকে কসমো লাউঞ্জ আয়োজিত গানের আসর আর ‘দ্য বেঞ্চ’ দোকানটিতে চলাকালীন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার সময়সূচি জানিয়ে দেয় সময়মতো। ৬.ফেসবুক ব্যবহারকারীদের আরেকটি কাজের ক্ষেত্র হলো গেমস। ২০১১ সালের মার্চ পর্যন্ত দেখা গেছে, সর্বাধিক ব্যবহূত গেমসগুলোর মধ্যে আছে ‘সিটিভিল’, ‘ফার্মভিল’, ‘টেক্সাস হোল্ডইএম পোকার’, ‘ফ্রন্টিয়ারভিল’ ও ‘ক্যাফে ওয়ার্ল্ড’—যাদের নিয়মিত খেলোয়াড়ের সংখ্যা গড়ে দেড় কোটির বেশি। বিশেষজ্ঞরা দেখেছেন, গেমসগুলোর জন্য প্রয়োজন হয় সদস্য কিংবা প্রতিবেশী। এতে চেনা-অচেনা বহু খেলোয়াড়ের বন্ধু হতে হয়, নিয়মিত উপহার পাঠাতে হয়। খেলার সরঞ্জাম আদান-প্রদানের মধ্য দিয়ে দূরত্ব কমে গিয়ে বন্ধুত্ব যায় বেড়ে। তাই হয়তো আজ বাংলাদেশের রিজওয়ান খানের বন্ধু হয়েছে নাইজেরিয়ার পেগি সমান্টর, স্পেনের এলিজাবেথ একোস্টা ও অ্যাঞ্জেলিনা ডি।৭.অনেক দেশেই ফেসবুককে চাকরি পাওয়ার অন্যতম উপায় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বাংলাদেশে প্রতিনিয়ত এর উপযোগিতা বাড়ছে। ফেসবুকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞপ্তি দেখা যায়। এসব লিংকে গেলেও একজন খোঁজ পেতে পারেন নিত্যনতুন চাকরির। অপশনে গিয়ে নিজের জীবনবৃত্তান্ত রেখে দিতে পারেন।৮.ফেসবুক নামের সামাজিক এই নেটওয়ার্কটি সারা পৃথিবীতে তৈরি করেছে অভাবনীয় এক বিপ্লব। তরুণদের কাছে ইদানীং ফেসবুক সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যম, যা সহজলভ্য ও দ্রুতগামী। শেয়ারবাজারের ধস, কিংবা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয়-পরাজয়ের জন্য ফেসবুকের সঙ্গে আমাদের নিবিড় বন্ধনের কথা না বললেই নয়, ফেসবুক ‘কজেস’ আরেকটি বহুল ব্যবহূত কর্মকাণ্ড। ফেসবুকের মাধ্যমে যেকোনো আন্দোলনকারী কিংবা সমাজের তথাকথিত প্রথার বিরুদ্ধে আপনার অবস্থান জানাতে ব্যবহার করতে পারেন কজেস। ১৪ কোটির বেশি মানুষ কজেস ব্যবহার করছেন তাঁদের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্য।ফটোগ্রাফি নিয়ে যাঁদের আগ্রহের শেষ নেই, তাঁরা ফেসবুকে খুঁজে পাবেন অজস্র দেশি ও আন্তর্জাতিক গ্রুপ, যেখানে ছবি দেখা যায়, নিজেদের ছবি শেয়ার করা যায়। যেমন—‘স্বপ্ন দেখার দল’ নামের গ্রুপে আছে প্রায় সাত হাজার ছবি তাঁদের জন্য, যাঁরা ফটোগ্রাফিকে অনুভব করেন হূদয় দিয়ে। পর্যটকদের জন্যও ফেসবুকে নানা আয়োজন নিয়ে বিভিন্ন ট্যুর অপারেটররা তাঁদের প্রচারণার জন্য ফেসবুকের ব্যবহার করেন। ভ্রমণপিয়াসীরা নিজের পছন্দসই ভ্রমণ-তালিকা বের করে নেন। ছোট-বড় যেকোনো চলচ্চিত্র, তথ্যচিত্র কিংবা বইয়ের উদ্বোধনী প্রদর্শনী কিংবা প্রকাশনা উৎসবের জন্য বেছে নেওয়া হয় ফেসবুক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গেরিলা ও আমার বন্ধু রাশেদ-এর প্রচারণার জন্যও বেছে নেওয়া হয় ফেসবুক। ৯.অলস সময় কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার না করে ফেসবুককে সৃষ্টিশীল কাজে ব্যবহার করলেই খুলে যাবে সৃজনশীলতার অনেকগুলো দরজা। আমরা তো কয়েকটি পথের কথা বললাম, ফেসবুক ব্যবহার করতে করতেই আরও কত পথ বেরিয়ে যাবেন! তবে হ্যাঁ, নিজের পড়াশোনা বা কাজ বাদ দিয়ে শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে হবে না—সে কথা নিশ্চয় আপনাদের মনে করিয়ে দেওয়ার দরকার নেই।