ঠিকানা এখন মনের বাড়ি
বৃদ্ধা অনুবালা দে ও প্রভা ধর (৪৬) মুক্তিযুদ্ধের সময় তাঁদের স্বামীকে হারিয়েছেন। রাজাকার আলবদরেরা হত্যা করেছে তাঁদের। মঞ্জু চক্রবর্তী (৪৫), কানন ধর (৪৬), রুপনা দাশ (২৩)—এঁরা তিনজনই পঙ্গু। স্বজন হারানো অসহায় এসব নারীর ঠিকানা এখন মনের বাড়ি। কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে অবস্থিত মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের অলাভজনক প্রতিষ্ঠান মনের বাড়ি। মুক্তিযুদ্ধে নির্যাতিত অসহায় নারীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে মনের বাড়ির প্রতিষ্ঠা করেন যুক্তরাষ্ট্রের নাগরিক হাসপাতালের তৎকালীন সিস্টার মেরিলু ব্রাউন ওয়েল। মনের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী অনুবালা দে (৭৪)। তাঁর ছোট বোন নিপু বালার বয়সও এখন ৭০ বছর। দুই বোন প্রায় ৩৬ বছর ধরে এখানে কাজ করছেন। অনুবালা জানান, তাঁর বাড়ি ছিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপুড়া গ্রামে। ১৯৭১ সালের ২৮ নভেম্বর ভোররাতে পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা তাঁর বাড়ি ঘিরে ফেলে। বাড়ির সবাইকে উঠানে এনে দাঁড় করায়। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অজুহাতে স্বামী রমণী মোহন দে, পাঁচ ছেলেমেয়েসহ পরিবারের সবাইকে গুলি করে হত্যা করে। অনুবালা নিজেও সেদিন গুলি খেয়েও ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি বলেন, গুলি খেয়ে আমার তলপেট ঝাঁঝরা হয়ে যায়। বড় মেয়ে অনিমার ডান হাতের সব আঙুল গুলিতে উড়ে যায়। এর পরও তারা ক্ষান্ত হয়নি, উল্লাস করতে করতে বাড়িতে আগুনও দিয়েছিল। পরদিন সকালে বাঁশখালী থেকে পালিয়ে এসে এই হাসপাতালে ভর্তি হন তিনি। অনুবালা সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর থাকার জন্য একটি ঘর তৈরি করে দেয়। মনের বাড়িতে কাজও জুটে যায় তাঁর। এখানে কাজ করে দুই মেয়ে ও এক ছেলে মানুষ করেছেন। ছেলে রণজিৎ দে এখন কাঠমিস্ত্রির কাজ করে।মনের বাড়ির কর্মকর্তা মেরী মালাকার জানান, মনের বাড়িতে দুটি বিভাগ রয়েছে। একটি হস্তশিল্প অন্যটি ইউনিফর্ম। বর্তমানে দুই বিভাগে ৫০ জন নারী-কর্মী আছে। এ ছাড়া প্রায় চার হাজার অসহায় নারী এখান থেকে কাজ শিখে স্বাবলম্বী হয়েছেন। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, লম্বা একটি ঘরে ৩০ থেকে ৩৫ জন নারী কাজ করছেন। কেউ পুতুল বানাচ্ছেন, কেউ কাপড় সেলাই করছেন, কেউ বাচ্চার খেলনা, কেউ বালিশের ঢাকনা তৈরিতে ব্যস্ত।হিসাবরক্ষক রবি মনি ত্রিপুরা ও স্যামুয়েল গনসালভেস জানালেন, এখানে পুতুল, খেলনা, শোপিস, ওয়ালম্যাট, ছবির ফ্রেম, হাতপাখা, বালিশের ঢাকনা, বিছানার চাদরসহ নানা সামগ্রী তৈরি করেন নারীরা। প্রতিটি পণ্যের মূল্য ১৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত। হাসপাতালের প্রায় ৭৫০ কর্মকর্তা-কর্মচারী, রোগী-চিকিৎসকও নার্সদের যাবতীয় পোশাক মনের বাড়িতে তৈরি করা হয়। এ ছাড়া এখানে উৎপাদিত পণ্য হাসপাতালের বাইরে ঢাকায় আড়ং, সেতুলিসহ বিভিন্ন শোরুমে যায়। মনের বাড়ির পরিচালক আলভেস জি ওয়ারম্যান বলেন, মনের বাড়ি লোকসানি প্রকল্প। কেবল অসহায় নারীদের পুনর্বাসনের জন্য এ প্রকল্প চালু রাখা হয়েছে। এখানে নারীদের সেলাইয়ের কাজ শেখানোর জন্য তিন সপ্তাহের প্রশিক্ষণ কোর্সও চালু আছে।