ঠেকানো যাচ্ছে না ইয়াবার জোয়ার
মিয়ানমার থেকে চোরাইপথে আসা আমদানি-নিষিদ্ধ নেশার বড়ি ইয়াবার জোয়ার কোনোমতেই ঠেকানো যাচ্ছে না। টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার চালান কক্সবাজার, চট্টগ্রাম হয়ে ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। সূত্র জানায়, প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের হাতে গাড়িসহ ইয়াবার চালান ধরা পড়লেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে ইয়াবা চোরাইপথে আনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। জানা যায়, ৮ জুন বিকেলে র্যাবের সদস্যরা কক্সবাজার সদর উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাবোঝাই একটি মাইক্রোবাসসহ তিন পাচারকারী—টেকনাফের লেদা এলাকার ওয়াহেদুল কাদের, হামিদ হোসেন ও উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের মুক্তার আহমদকে হাতেনাতে গ্রেপ্তার করেন। গাড়ির নিচে সুতা দিয়ে বিশেষ কায়দায় ঝুলিয়ে ইয়াবার চালানটি সরবরাহ করা হচ্ছিল। একই দিন বিকেলে র্যাবের সদস্যরা চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ আরও তিন পাচারকারীকে গ্রেপ্তার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান এর সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারে তৈরি ইয়াবার চালান প্রথমে টেকনাফ এবং পরে টেকনাফ থেকে নানা কৌশলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। স্কুল-কলেজের ছাত্র থেকে শুরু করে নানা বয়সী ও পেশার মানুষ ইয়াবা পাচারে জড়িয়ে পড়ছে। ছোট আকৃতির বড়ি হওয়ায় লুকিয়ে নিরাপদে পাচার এবং বেশি লাভ থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ইয়াবা পাচারে নামছেন। কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় ইয়াবা পাচার বন্ধ করা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে চোরাইপথে আসা ইয়াবার প্রতি বড়ি ঢাকা-চট্টগ্রামে ৫০০-৭০০ টাকায় বিক্রি হলেও টেকনাফে তা ১২০-২০০ টাকায় সহজে পাওয়া যায়। তিনি জানান, ইয়াবাসহ আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামে কর্মরত টেকনাফের এক পুলিশ কর্মকর্তার ছেলে ও তাঁর কয়েকজন সহযোগী মিলে স্থলবন্দরের মাধ্যমে পুরো ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করছেন। ইয়াবাসহ তাঁদের হাতেনাতে ধরার চেষ্টা চলছে। র্যাব সদস্যরাও বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। সূত্র জানায়, মিয়ানমারের তিন রোহিঙ্গা চোরাচালানি—জোবাইর, ইউনুস ও ইসমাইল চট্টগ্রামে অবস্থান করে ইয়াবা, হেরোইনসহ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করছেন। ইয়াবাসহ মাদক বিক্রির কোটি কোটি টাকা মিয়ানমারে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে। পরবর্তীকালে ওই টাকার বিপরীতে মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আনা হয় চোরাইপথে লাখ লাখ মেট্রিক টন কাঠ। কাঠ ও পণ্যবোঝাই ট্রাক দিয়েই ঢাকা-চট্টগ্রাম পাচার করা হয় ইয়াবার চালান। সম্প্রতি ইয়াবা চালান গায়েব করার ঘটনা নিয়ে ঢাকায় টেকনাফের এক ট্রাক চালক খুন হয়েছেন। ইয়াবাসহ আরও দুই ট্রাকচালক নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছেন। সূত্র আরও জানায়, টেকনাফ থেকে বেশির ভাগ ইয়াবার চালান ঢাকায় নিয়ে যায় ‘রিয়া’ ও ‘জাহাঙ্গীর’ চক্র (সিন্ডিকেট)। চক্র দুটি নিয়ন্ত্রণ করে শহিদুল, রাসেলসহ বেশ কয়েকজন তরুণ-তরুণী। এঁরা ব্যক্তিগত গাড়িতে করে টেকনাফ আসা-যাওয়া করেন। টেকনাফ থেকে ওই পুলিশ কর্মকর্তার ছেলে চক্রের সদস্যদের হাতে ইয়াবার চালান তুলে দেন। ২০০৯ সালে রিয়া চক্রের প্রধান নিলুফার ইয়াসমিনসহ কয়েকজন ইয়াবা চালান নিয়ে উখিয়া থানা পুলিশের হাতে ধরা পড়েছিলেন। কয়েক মাস কারাগারে আটক থাকার পর জামিনে বেরিয়ে এসে নিলুফার আবার চোরাচালানে জড়িয়ে পড়েন।