ঠেঙ্গারচরই কি সমাধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গারচরে স্থানান্তরের বিষয়ে ভিন্নমত পোষণ করছেন জেলার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি দল এ ব্যাপারে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছে। অন্যদিকে ঠেঙ্গারচরে দ্রুত রোহিঙ্গাদের স্থানান্তরের দাবিতে সোচ্চার হয়েছে কয়েকটি সামাজিক সংগঠন। জেলা আওয়ামী লীগও ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোহিঙ্গাদের দ্রুত ঠেঙ্গারচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ‘কক্সবাজার পিপলস ফোরাম’ নামের একটি বেসরকারি নাগরিক সংগঠন।
সংগঠনটির ব্যানারে জেলার কয়েক শ পেশাজীবী, মুক্তিযোদ্ধা, পরিবেশকর্মী ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন। এই সংগঠনের সভাপতি ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠালে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ কমে যাবে।
সমাবেশে কয়েকজন বক্তা দাবি করেন, মিয়ানমারের সামরিক অভিযানের কারণে এ পর্যন্ত গত চার মাসে ৯০ হাজারেরও বেশি রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসে। তাদের অনেকে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
তবে সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। তাঁর মতে, মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে তাদের ফিরিয়ে নেওয়াই এ ক্ষেত্রে সমাধান হতে পারে। প্রথম আলোকে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু তা না করে সরকার রোহিঙ্গাদের পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে।
রোহিঙ্গাদের মিয়ানমারেই ফেরত পাঠানো উচিত বলে মনে করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, কক্সবাজারের জন্য রোহিঙ্গারা বিরাট সমস্যা। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত সরকারের।
এদিকে জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জাহাজে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে। এটা কোনো সমাধান হতে পারে না। এমনটা হলে আশায় মিয়ানমারে থাকা অন্য রোহিঙ্গারাও পালিয়ে আসবে। আন্তর্জাতিক মহল চাইলে রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে নিয়ে যেতে পারে।
তবে ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের স্থানান্তরকে সমর্থন করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী। তিনি বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার আমন্ত্রণে তিন লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল। এরপর আসে আরও দুই লাখ রোহিঙ্গা। আরও অনুপ্রবেশ ঠেকাতে হলে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের দ্রুত ঠেঙ্গারচরে স্থানান্তর করতে হবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু মোর্শেদ চৌধুরীও সরকারের সিদ্ধান্ত সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানো গেলে কক্সবাজারবাসীর জন্য ভালো হবে। পর্যটনশিল্পসহ সরকারি নানা উদ্যোগের সফল বাস্তবায়ন হবে। কিন্তু এটা যেন জোরপূর্বক না হয়। তাহলে পরিস্থিতি অন্য রকমও হতে পারে।
এদিকে কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গারা ঠেঙ্গারচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এমনটা করা হলে মিয়ানমারে ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। তাদের অনেকেই বলছে, বর্তমানে সে দেশের রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধ হয়েছে। পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে। এখন বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে মিয়ানমারকে এ ব্যাপারে চাপ দেওয়া। গত বৃহস্পতিবার দুপুরে উখিয়ার একাধিক শিবিরে গিয়ে রোহিঙ্গাদের এমন মনোভাব জানা গেছে।
এ ব্যাপারে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, মিয়ানমার সেনাদের নির্যাতনে স্বজন ও ঘরবাড়িহারা লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অনেকে এখানে এসে স্বস্তির নিশ্বাস ফেলছে। এ অবস্থায় তাদের ঠেঙ্গারচরে স্থানান্তরের কথা বললে শিবির ছেড়ে পালিয়ে যাবে।