ঠেলোয়াড়
একালে না হয় ব্র্যান্ড-নিউ গাড়ি হাঁকাই। সেকালে তো গ্র্যান্ড-ওল্ড গাড়িই চালাতাম। চালানোর চেয়েও বেশি ঠেলতাম আর ঠেলাতাম। যে জন্য বন্ধুরা আমাকে ঠেলোয়াড় ডাকত। কারণ জানতে চাইলে বলত:‘যে খেলে সে খেলোয়াড়, সুতরাং যে ঠেলে সে ঠেলোয়াড়।’ ‘তাহলে যে জানে সে জানোয়ার। মানে তুই জানোয়ার। জানতিস বলেই তুই সেকেন্ড ক্লাস ফার্স্ট হলি।’ ‘তাহলে আমাদের ব্যাচে যে সবচেয়ে বেশি জানে, সে কী? ফার্স্ট ক্লাস পাওয়া মনোয়ার?’ ‘সে হিংস্র জানোয়ার।’কেবল ঠেলোয়াড় বলেই ছাড়ত না তারা, আমার বিত্ত নিয়েও গাল পাড়ত। যেমন একদিনের বচসা:‘তুই কিসের মধ্যবিত্ত? তুই তো গাড়ি হাঁকাস!’‘হাঁকাই না, চালাই।’‘অর্থাৎ?’‘অর্থাৎ তোর ওই “হাঁকাস” শব্দটি শুনে মনে হয়, সন্ধ্যার পরে কবোষ্ণ জলাধার থেকে নির্ভার হয়ে ওঠে, বাথগাউন জড়িয়ে বেরিয়ে এসে ঘণ্টা বাজিয়ে পেয়াদা ডেকে বলছি: ড্রাইভারকে বল গাড়ি লাগাতে, বাবুর্চিকে বল হট ক্যারিয়ারে কিছু খাবার রেখে দিতে। আর গাড়িবারান্দায় নেমে শোফারকে বলছি, পল্টন হয়ে শেরাটন। গেটে থেমে দারোয়ানকে বলছি, বেগম সাহেবা ফিরলে বলবে আমার ফিরতে দেরি হবে। অথচ আমার বেলায়—’‘তোর বেলায় যে কী সে বক্তৃতাও কি শুনতে হবে আমাকে?’বক্তা বন্ধু বক্তৃতা শুনতে নারাজ। তাই একরকম জোর করেই বললাম: ‘হবে বৈকি। আমার ব্যাপারটা শুরু হয় সন্ধ্যার পরে নয়, সকালের আগে। গাড়িবারান্দার অভাবে মুক্তাঙ্গনে ফেলে রাখা গাড়িখানিকে ধুয়েমুছে তেল মবিল মেপে রেডিয়েটরে পানি ভরে সপরিবারে ধাক্কা মেরে ওতে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হয়। তার পরে কোনোমতে ছেলেমেয়েদের ফার্স্ট ভয়েজ-টু স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজ করেই লক্কড়টাকে একবার মেকানিকের দুয়ার ঘুরিয়ে আনতে হয়—’‘সে যা-ই হোক, তবু গাড়ি চালাস তো?’নাছোড় বন্ধু তার পয়েন্টটি ছাড়ার পাত্র নয়। আমিও আমার হালটি ছাড়ার পাত্র নই। তাই সংসক্ত ত্যাঁদোড়ের মতো বলে চলি:‘তেমন চালাতে পারি আর কতক্ষণ। বেশিক্ষণ তো পথচারীদের দিয়ে ঠেলাতে হয়।’‘তার মানে?’‘মানে এ দেশের লেখোয়াড়েরা যেমন—’‘লেখোয়াড় কী কথা?’‘তোদের ঠেলোয়াড় যে কথা, সে কথা। যে ঠেলে সে ঠেলোয়াড় হলে, যে লেখে সে লেখোয়াড়। এই লেখোয়াড়েরা যেমন তাদের লেখা বইগুলো নিরপরাধ পাঠকদের দিয়ে কেবল ঠেলায়। মানে শুরু থেকে শেষ পর্যন্ত কেবল নিজেকে ঠেলে ঠেলে, পড়তে পড়তে পাঠক আর পাঠক থাকে না, হয়ে যায় ঠেলোয়াড়।’‘তোর মনের অন্তর্গত ভাবটা একটু সম্প্রসারণ করতে পারিস?’‘পারি। তবে তার জন্য প্রয়োজন হবে একটা কথানকের বিবরণ।’‘কথানক আবার কী কথা?’‘কথানক হলো অ্যানেকডোট শব্দটির সংস্কৃত প্রতিশব্দ, অন্য শব্দ না থাকাতে বাংলায় ব্যবহূত হতো ধার হিসেবে। পরবর্তী সময়ে শব্দ সংকোচনের কালে এ ধরনের অনেক সুন্দর শব্দ হারিয়ে ভাষাটার অসচ্ছল হয়ে যাওয়ার জন্যও দায়ী আমাদের অবসন্ন লেখোয়াড়েরাই।’‘বুঝলাম, আমাদের লেখকগণ যথেষ্ট সপ্রতিভ নন। এখন কথানকটা শোনা যাক।’‘ঘটনাটা সঘনই ঘটত, আমার অতি পুরোনো ইটালিয়ান ফিয়াট ১১০০-ডি গাড়িটির ডাইনামো অকার্যকর হয়ে ওঠার কারণে। কিছুদিন পর পরই কয়েল রিওয়াইন্ডিং করানোর জন্য বিকল গাড়িটিকে গ্যারেজে ফেলে রাখতে হতো। নতুন বাঁধাই করা ডাইনামোওয়ালা গাড়িটি দু-চার দিন চালানোর পরই দেখতাম ড্যাশবোর্ডে লালবাতি জ্বলে উঠে জানান দিচ্ছে যে ডাইনামো শক্তি জোগান দিতে ব্যর্থ হওয়াতে গাড়ি চলছে ব্যাটারির শক্তিতে। ডাইনামো দুর্বল বলে ব্যাটারি সর্বদাই আমি সবল রাখি। কিন্তু ব্যাটারির স্ট্যাটিক এনার্জি তো সীমিত, সেহেতু শুধু সেলফ-স্টার্ট দেওয়ানোই তার দায়িত্ব। সওয়ারকে উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ডাইনামিক এনার্জি কিংবা গতীয় শক্তির, যেটি জুগিয়ে যাওয়ার দায়িত্ব ডাইনামোর। ডাইনামো প্রায়ই এনার্জি জোগাতে ব্যর্থ হয় বলে আমার গাড়িটিকে কিছুক্ষণ চলতে হয় ব্যাটারির সংরক্ষিত শক্তিতে। ওই শক্তি শেষ হয়ে গেলে পরোপকারী পথচারীদের দিয়ে ঠেলাতে হয়। একসময় আমার ধৈর্যও শেষ হয়ে যাওয়াতে গাড়িটিকে ছুড়ে ফেলে দিই—যাতে নকডাউন করে অঙ্গে অঙ্গে বেচে গ্যারেজওয়ালা দু-চার পয়সা পায় আর আমাকেও দু-পয়সা দেয়।’‘যাক, ঠেলোয়াড়ের জীবন শেষে এখন তো পাখোয়াজের জীবনই কাটাস, মানে নিত্যনতুন গাড়ি হাঁকাস।’‘আরে না, ঠেলোয়াড়ের জীবন শেষ হবে কী করে—আমার যে আবার বই পড়ার অভ্যাস। আমাদের লেখকদের বইপত্র তো অন্তর্গত গতীয় শক্তির টানে পাঠকদের টানে না। কোনো রকমের প্রাপ্তিযোগ থাকে না বলে পাতার পর পাতা নিজেকে ঠেলে ঠেলে এগোতে হয়, শত শত পৃষ্ঠা পর্যন্তও। অতঃপর একসময় আর ঠেলোয়াড়ও থাকতে পারি না—হয়ে যাই ফেলোয়াড়।’‘ফেলোয়াড় মানে?’‘যে ফেলে সে ফেলোয়াড়। বেশির ভাগ লেখোয়াড়ের বই-ই আমাকে ফেলে দিতে হয় কিছুদূর পড়ার পরই।’‘তাই বলে লেখকদের তুই লেখোয়াড় বলবি?’‘লেখকদের নয়। লেখোয়াড় বলি যাঁরা পাঠকদের ঠেলোয়াড় এবং ফেলোয়াড় বানান, শুধু তাঁদের।’‘লেখাপড়া নিয়ে তুই এসব বিদঘুটে শব্দ বলতেই থাকবি?’‘বলতে থাকব না, তবে বাজিয়ে দেখব এসব দিয়ে যথাযথ ভাব প্রকাশের একটা ভাষা দাঁড়ায় কি না। কেননা লেখকদের মানসিক আলস্যহেতু বিভিন্ন ব্যঞ্জনার শব্দাবলি বর্জিত হওয়ায় আমাদের ঋদ্ধ ভাষাটি হয়ে গেছে নিঃস্ব। যেমন কেবল “রাত্রি” শব্দটিকে দিয়ে এর সব প্রতিশব্দের কাজ চালানোর কারণে গদ্যভাষায় বিস্মৃত হতে চলেছে যামিনী, রজনী, বিভাবরী, নিশীথ, নিশীথিনী ইত্যাদি সূক্ষ্ম তারতম্য প্রকাশক ধ্বনিসমূহ। ওদিকে “ভালো” শব্দটি অহেতুক যত্রতত্র ব্যবহারের ফলে ভোঁতা হয়ে চলেছে নিত্যদিন—যেমন আমটি খেতে ভালো, গানটি শুনতে ভালো, মেয়েটি দেখতে ভালো, লেখাটি পড়তে ভালো।’আবদুশ শাকুর: কথাশিল্পী, প্রাবন্ধিক ও রম্যলেখক।