ড. সদরুদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি অপার শ্রদ্ধা

‘পেছনে ফেলে আসা দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই, আমার কিছুতেই মনে হয় না অতীতটা ঘটনাহীন ছিল। আবার এমনও ভাবি, পথ-পরিক্রমার পরিসরটাও স্বল্প দীর্ঘ ছিল না। পথিমধ্যে ক্লান্তি এসেছে, কখনো অসহিষ্ণুতা, কিন্তু শত দুর্বিপাকেও নৈরাশ্য আমাকে পেয়ে বসেনি।...’
ড. সদরুদ্দিন আহমদ চৌধুরী তাঁর ‘আত্মকথা’ বইয়ের ভূমিকায় এসব কথাই লিখেছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য সদরুদ্দিন চৌধুরী জীবনের সব ক্লান্তি নিয়ে চলে গেছেন। ৮৫ বছরের পরিণত বয়সে গত শনিবার ঢাকায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
৫৬ বছরের শিক্ষকতা জীবন কাটিয়ে সদরুদ্দিন চৌধুরীর মৃত্যুতে এক জীবন্ত ইতিহাসের যবনিকাপাত ঘটেছে। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর ছাত্র, স্বজন, অনুরাগীদের কাছে তিনি ছিলেন এক মহিরুহের মতো। সিলেটের জমিদার পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। মাতৃহীন শৈশব-কৈশোর কাটিয়ে জীবনসংগ্রামের অভিযাত্রার কথা শোনাতেন তিনি। শিক্ষা এবং শিক্ষকতাকেই জীবনের ব্রত করে নিয়েছিলেন। সিলেটের ফুলবাড়ি গ্রামের সদরুদ্দিন চৌধুরী কর্মজীবনের নানা পথ ঘুরে শিক্ষকতার জন্যই আবার সিলেটে ফিরে আসেন।
সিলেটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় কার্যত ষাটের দশকেই। অবশেষে ১৯৮৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা হয়। পরের বছর জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে সিলেটবাসীর স্বপ্নের বাস্তবায়ন ঘটে। সদরুদ্দিন চৌধুরী এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান।
পাশের গ্রামের লোক উপাচার্য হয়ে এসেছেন। সংবাদকর্মী হিসেবে আমি দেখা করতে গেলে পরিচয় জানতে চেয়েছিলেন। গ্রাম আর বাড়ির পরিচয় দিতেই তিনি উঠে দাঁড়ালেন। অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলেন। রীতিমতো অপ্রস্তুত অবস্থা সামাল দেওয়ার ফাঁকেই বললেন, ‘আমার শিশুকালের শিক্ষকের নাতি তুমি। যে শিক্ষকের আলো না পেলে আমি কখনো আজকের সদরুদ্দিন চৌধুরী হতে পারতাম না।’ তিনি তাঁর ‘আত্মকথা’য় সেই শিক্ষকের প্রতি তাঁর ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার কথা লিখেছেন। সিলেটে তিনি যেন এক অদৃশ্য অভিভাবকত্ব গ্রহণ করলেন আমার মতো অনেকেরই। কারণে-অকারণে ডাক পড়ত।
‘নানকার বিদ্রোহের’ প্রেক্ষাপট আর ঘটনাপ্রবাহ সদরুদ্দিন চৌধুরীর কাছ থেকে শোনার আগ্রহ আমার বেশি ছিল। তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। গোলাপগঞ্জ ও তৎসংলগ্ন বিয়ানীবাজার এলাকায় ঐতিহাসিক ‘নানকার বিদ্রোহ’ হয়েছিল। সামন্ত জমিদারদের বিরুদ্ধে প্রজা বা স্থানীয়ভাবে ‘রাওত’ নামে পরিচিতদের রক্তক্ষয়ী বিদ্রোহ এ অঞ্চলের প্রগতিশীল আন্দোলনের মাইলফলক হিসেবে দেখা হয়। ‘নানকার বিদ্রোহের’ প্রতিপক্ষ জমিদার পরিবারের সন্তান ছিলেন তিনি। নানকার প্রথা বিলুপ্ত হয়েছে। তারপরও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার গ্রাম্য সামাজিকতায়, রাজনীতিতে এর প্রভাব এখনো রয়ে গেছে। এখনো নির্বাচনের সময়, নানা সামাজিকতায় এ অঞ্চলের চৌধুরীদের সঙ্গে অন্যদের সামাজিক দূরত্বটা প্রকট হয়ে ওঠে। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অনেকটাই দুঃখবোধ করতেন। তিনি ব্রিটিশ শাসনের উত্তরাধিকারকে দায়ী করে নিজের পরিবারের পূর্বপুরুষের সঙ্গে প্রজাদের সুসম্পর্কের উদাহরণ দিতেন। শিক্ষা ও সংস্কৃতির অগ্রযাত্রায় পশ্চাৎপদতার কথা বলতেন। নিজের এলাকায় সামাজিক বৈষম্য, সামাজিক সংকটের উল্লেখ করে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে আমাদের ব্যর্থতার কথা বলতেন।
পদার্থবিজ্ঞানী ছিলেন সদরুদ্দিন চৌধুরী। বিজ্ঞানে ‘হিউম্যান ইনসুলিন’-এর মৌলিক আবিষ্কারক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি ছিল তাঁর। আলাপে ছিলেন সহজ-সরল এক সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধ ও উদারনৈতিক চিন্তাভাবনায় তাঁর অবস্থান ছিল স্পষ্ট। তিনি ছিলেন প্রচণ্ড রবীন্দ্রভক্ত। সামন্ত পরিবারের এ বিজ্ঞানীর ওপর ছিল উপমহাদেশের ভাববাদ ও সুফিবাদের বিরাট প্রভাব। নিজে কীভাবে দিল্লিতে গিয়ে পিরের মুরিদ হয়েছেন, সে কথাও বলতেন।
সদরুদ্দিন চৌধুরীকে দলীয় কোনো বিবেচনা থেকে উপাচার্য নিয়োগ করা হয়নি। মমতা দিয়ে, দূরদৃষ্টি দিয়ে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা তিনি শুরু করেছিলেন। বিশ্ববিদ্যালয়কে দেশের অন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আলাদা পরিচয় দেওয়ার চিন্তা ছিল শুরু থেকেই। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা, বিদেশে থাকা ভালো শিক্ষকদের সিলেটে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি। দলীয় রাজনীতির বাইরে একটি উচ্চশিক্ষার তীর্থকেন্দ্র গড়ে তোলার কথা বলতেন তিনি। তাঁর এ প্রয়াস সফল হয়েছে। অনেক বিখ্যাত শিক্ষকই তাঁর আহ্বানে সিলেটে আসেন।
এই বিশ্ববিদ্যালয় থেকে সদরুদ্দিন চৌধুরী চলে গিয়েছিলেন তাঁর পুরোনো কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আবার সরাসরি শিক্ষাদান আর গবেষণায় মনোযোগী হয়েছিলেন। দেশে তত দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়। তিনটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। জীবনের শেষ প্রান্তে পৌঁছেও তিনি শিক্ষা খাতের জন্য নিবেদিত ছিলেন।
বহু বছর পর প্রবাস থেকে দেশে গিয়ে সদরুদ্দিন চৌধুরীর খুঁজে ছুটে গিয়েছিলাম সুবিদবাজারের বাসায়। তত দিনে ক্লান্তি এসে ভর করেছে। পরম মমতায় মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, ‘দেশে কেন আসো না?’ বলেছিলাম, ‘পরিবার-পরিজন কেউই দেশে নেই।’ আবারও জড়িয়ে ধরে বললেন, ‘একদিন কেউ থাকবে না। তুমিও থাকবে না। কর্ম থেকে যাবে। যেখানে থাকো ভালো কিছু করার চেষ্টা করো।’
সদরুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিত্বের সামনে কিছু বলা যায় না। বলা হয়ে ওঠে না। পদধূলি নিয়ে চলে আসার আগে আবার জড়িয়ে ধরলেন। মনে করিয়ে দিলেন, তাঁর শিশুকালের গুরু মশাইয়ের নাতি আমি। গত শনিবার দূরদেশ থেকে তাঁর মৃত্যু সংবাদটা পেয়েছি। প্রায় তিন দশক আগে বাবাকে হারানোর ব্যথাটা আবার গুমরে ওঠে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সুরমা নদীর পারে ফুলবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানেই তাঁকে সমাহিত করা হয়েছে। ‘আত্মকথা’ বইয়ে তিনি নিজেই লিখে গেছেন, ‘জীবনের পাঠ যখন চুকে যাবে, তখন যেন মা-বাবার কবরের কাছে ঠাঁই হয়।’
অগণিত মানুষের জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে চিরনিদ্রায় শায়িত সদরুদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি আমার অপার শ্রদ্ধা।
ইব্রাহীম চৌধুরী: প্রথম আলো প্রতিনিধি, নিউইয়র্ক