চট্টগ্রাম শহরে মেয়েটির যখন জন্ম হলো, মা-বাবা আদর করে নাম রাখলেন ডমেপ্রু। মারমা ভাষায় ‘ডমেপ্রু’ অর্থ ‘সুকন্যা’। তখন কে জানত মা-বাবার দেওয়া নামের সার্থকতা প্রমাণ করে আদিবাসী মেয়েটি একদিন আসলেই ‘সুকন্যা’ হয়ে উঠবে। আর পাহাড়-জনপদ পেরিয়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়বে সারা দেশে। ফ্যাশন ডিজাইন, অভিনয়, মডেলিং, উপস্থাপনা—একসঙ্গে এত গুণ যাঁর, তাঁকে তো সুকন্যাই বলতে হয়।গল্পটা ভেঙেই বলি। বান্দরবান শহরের প্রিয়মুখ ডমেপ্রু হ্যাপি মারমা। ২০১১ সালে কক্সবাজারে অনুষ্ঠিত চ্যানেল আইয়ের ‘আদিবাসী প্রিয়দর্শিনী’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তিনি।ডমেপ্রু হ্যাপি মারমার বাবা অংচ মং মারমা ও মা খাইপ্রু মারমা। বাবার চাকরিসূত্রে ঘুরেছেন দেশের বিভিন্ন অঞ্চল। রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল থেকে মাধ্যমিক ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর পাকাপাকিভাবে তাঁরা ফিরে গেলেন বান্দরবানে। এর মধ্যে হ্যাপি মারমার সুকন্যা হয়ে ওঠার গল্পটিও জন্ম নিতে শুরু করেছে। সেই যে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে নিজের প্রতিভাকে ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন, এরপর ক্রমাগত এগিয়ে যাওয়া—যেন বা এবার ধীরে ধীরে সুকন্যা হয়ে ওঠার পালা। তাঁর কথাতেও বেজে উঠল সেই সুর, ‘ছোটবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে পারফরম্যান্স করার মাধ্যমে নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মেছে। আর এর ওপর দাঁড়িয়েই স্বপ্ন দেখতে শিখেছি।’ এই স্বপ্নই তাঁকে পথচলার দিশা দিয়েছে, বসিয়েছে শীর্ষ আদিবাসী প্রিয়দর্শিনীর আসনে। উচ্চমাধ্যমিক শেষে মা-বাবার সিদ্ধান্তে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের নাসিরাবাদ কলেজে। কিন্তু তিনি যে সুকন্যা হবেন। তাই ইংরেজি সাহিত্যের পড়াশোনা স্থগিত করে মা-বাবার মত নিয়ে অতঃপর ফ্যাশন ডিজাইন বিষয়ে ভর্তি হলেন চট্টগ্রামের ভোক ইনস্টিটিউটে। এরপর সফলভাবে এই পড়াশোনা শেষ করে একসময় ফিরে এলেন বান্দরবানে।এখানে এসে হ্যাপি মারমা নামের এই সুকন্যাটির গল্প যেন আরও উজ্জ্বল, তাঁর স্বপ্ন ও সম্ভাবনাগুলো পাখা মেলতে শুরু করেছে তত দিনে। এখন তিনি পড়ছেন বান্দরবান সরকারি কলেজে।মারমা ভাষার পাশাপাশি খুব সুন্দর বাংলা বলতে পারেন তিনি। বান্দরবানের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় তাই তাঁর জুড়ি মেলা ভার। বিভিন্ন সভা-সেমিনার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা—সবকিছুর দায়িত্ব ওই হ্যাপি মারমার। আদিবাসী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয়ও করছেন। সব মিলিয়ে উদ্যমী এই পাহাড়ি তরুণীর মধ্যে একসঙ্গে মিশে আছে অনেক সত্তা।হ্যাপি মারমা বললেন, ‘ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হতে চাই আমি। আমাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকগুলো নিয়ে নতুনভাবে কাজ করতে চাই। আর চর্চার মধ্য দিয়ে ভালো অভিনয়শিল্পী এবং মডেল হওয়ারও স্বপ্ন দেখি।’যখন ‘আদিবাসী প্রিয়দর্শিনী’ নির্বাচিত হয়েছিলেন, তখন থেকে মডেল হওয়ার বাসনাটি আরও পোক্ত হয়েছে তাঁর মনে। ‘মডেলিং এবং অভিনয়ের মাধ্যমে নিজের জাতিসত্তাকে সবার সামনে তুলে ধরতে চাই।’ডমেপ্রু হ্যাপি মারমা যখন এভাবে কথা শুরু করলেন, সেই কণ্ঠে তখন ভর করেছে কঠিন প্রত্যয়। আর সেই প্রত্যয়টি কেবল সামনের দিকে এগিয়ে যাওয়ার, ‘সুকন্যা’ নামের সার্থকতা খুঁজে ফেরার।