ডলির বিয়ে অথবা আমার জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমন্ত্রণপত্রটা দেখেই আমি ভীষণ চমকে উঠলাম। আমার হাতের কাচের গ্লাস থেকে ছলাৎ করে ঠান্ডা জল মেঝেতে পড়ে গেল। ভাগ্যিস গ্লাসটা পড়েনি। তাহলে তো গ্লাসটা ভেঙে চুরমার হতো। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ত কাচের টুকরা। বাড়িভর্তি ছোট ছোট ভাগনে-ভাগনি। নির্ঘাত কারও না কারও পায়ে বিঁধত অথবা কাটত। শেষ পর্যন্ত এসবের কিছুই হচ্ছে না—এই রক্ষে। কথা হচ্ছে সেদিনকার সেই হাফপ্যান্ট পরা পুঁচকে মেয়ে ডলির বিয়ে। মাথা চক্কর দেওয়ার মতোই তো খবরটা।ডলির সঙ্গে আমার বয়সের ব্যবধান প্রায় দ্বিগুণ। তার পরও ওর সঙ্গে আমার একটু-আধটু ভাব ছিল। মেয়েটার কালো ডাগর চোখ, গালের ভাঁজ অথবা পুরু ঠোঁট আমাকে খুব টানত। ওর প্রতি মনে মনে একটা আকর্ষণ অনুভব করতাম। ডলি একটু বড় হলো। হাফপ্যান্ট-গেঞ্জি ছেড়ে ফ্রক আর ওড়না ধরল। মাথার দুই পাশে বেণি দুখান দুলিয়ে ও যখন স্কুলে যেত, আমি তখন চেয়ে চেয়ে দেখতাম। আমাকে দেখলেই ও গাল দুটি ফুলিয়ে এমনভাবে চলত, আমার দেখে ভালো লাগত। সেই ডলির বিয়ে হয়ে যাচ্ছে। নিজেকে কেমন যেন একা একা লাগছে এখনই। একটা শূন্যতা ঘিরে ধরছে চারপাশ থেকে। আমার মনটা আর্দ্র হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেললাম।রাতের দাওয়াত। বাড়ির পাশেই কমিউনিটি সেন্টার। আর্দ্র মেজাজেই হাঁটতে হাঁটতে গেলাম। কমিউনিটি সেন্টারটা সেভাবে সাজানো হয়নি। আলোকসজ্জা করা হয়েছে শুধু প্রবেশপথেই। দু-চারটা পরিচিত-অপরিচিত মুখ এদিক-সেদিক ছোটাছুটি করছে। খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। খাবারের গন্ধে সেন্টারটা ভারী হয়ে গেছে। এই সেন্টারটা তেমন একটা বড় নয়। খুবই স্বল্প পরিসরের জায়গা। গাদাগাদি করে হাঁটতে হয়। খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। অসহ্য একটা ব্যাপার। খাবারদাবার ব্যাপারটা হবে আরামদায়ক। ঘাড়ের ওপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে কি ঠিকভাবে খাওয়া যায়? আমি সরাসরি তৃতীয় তলায় চলে এলাম। ডলি বধূ সেজে এখানে বসে আছে।অবিশ্বাস্য সব ব্যাপার খুব দ্রুত ঘটে। আজ ডলির বিয়ে আমার বিশ্বাসই হচ্ছে না। অথচ লাল শাড়ি পরে স্টেজে বসে আছে ডলি। খুব সুন্দর করে সেজেছে। হাতভর্তি কাচের চুড়ি, ঘোমটা টানা মুখ—ডলিকে সত্যি বউ বউ লাগছে। চেয়ার টেনে ডলির পাশে বসলাম। ডলি তাকাল। ঠোঁট বাঁকিয়ে হাসল একটু। বিয়ের বোধ হয় একটা অসম্ভব ক্ষমতা আছে। নয়তো আমাকে দেখে ডলি গাল ফুলাল না কেন? লাল বেনারসি শাড়িটা পুঁচকে ডলিকে একটা পরিণত বয়স চাপিয়ে দিয়েছে। ডলি শুধু বলল, কেমন আছেন। আমি কোনো কথা না বলে একটু হাসার চেষ্টা করলাম। কিন্তু হাসিটাও ঠিকমতো হলো না।ডলির পাশে বর সুন্দর নাকি বরের পাশে ডলি সুন্দর, দেখার একটা ইচ্ছা ছিল। কিন্তু বধূ ডলির পাশে বসে থাকতে কেমন জানি খুব অস্বস্তি লাগছে। অজানা ঝড়ে মনের ভেতরটা দুমড়ে-মুচড়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? এই শ্যামলা মেয়েটিকে তো আমি কখনো ভালোবাসিনি। বধূ সেজে বসে আছে একটা মেয়ে আর তাঁর জন্য আমার ভেতরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। এর কী মানে হয়? তবে কি আমি ডলিকে ভালোবেসেছিলাম? আর বসে থাকতে পারছি না। মাথার যন্ত্রণায় তাকাতে পারছি না। কোনোমতে উঠে দাঁড়ালাম। কীভাবে যে বাসায় চলে এলাম নিজেও জানি না। বিছানায় শুতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম।কারও অনর্গল হাসি আর চুড়ির শব্দে আমার ঘুম ভাঙল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। চোখ মেলে তাকাতে পারছি না। আবার সেই হাসি। সেই কাচের চুড়ির শব্দ। হাসি আর চুড়ির শব্দ ভেঙে টুকরা টুকরা হয়ে ছড়িয়ে পড়ছে আমার ঘরময়। আমি তাকালাম। হাঁটুমুড়ে আমার পাশে বসে আছে ডলি। বধূ সেজে। লাল বেনারসি শাড়ি পরে। ওর হাসি থামিয়ে তাকাল আমার চোখে। ওর চোখে দুষ্টুমি। আমার চোখে বিভ্রম। একটা কি দুইটা মুহূর্ত। পিনপতন নীরবতা। তারপর আবারও সেই হাসি। হাসির জোয়ারে ভেসে যায় ডলি। ডলি বউ সেজে হাসে আর হাসে। আর আমি ক্রমেই ডুবতে থাকি ডলির হাসি আর চুলের ঘ্রাণে।নাম প্রকাশে অনিচ্ছুকমধ্য রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা।