ডলু খালে সেতু নেই, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার চুনতি ইউনিয়নের চান্দা এলাকায় ডলু খালের ওপর বাঁশের সাকো তৈরি করে চলাচল করছে এলাকার লোকজন l প্রথম আলো
লোহাগাড়ার চুনতি ইউনিয়নের চান্দা এলাকায় ডলু খালের ওপর বাঁশের সাকো তৈরি করে চলাচল করছে এলাকার লোকজন l প্রথম আলো

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চান্দা এলাকায় ডলু খালের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। প্রতিবছর বর্ষাকাল এলেই খালে পানি বেড়ে যায়। এতে নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে একটি সেতু হলে চুনতি, পুঁটিবিলা ও আধুনগর এই তিন ইউনিয়নের মানুষের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ হবে।
চান্দা এলাকায় ডলু খালের পূর্ব পাশে পুঁটিবিলা ও পশ্চিম পাশে চুনতি ইউনিয়নের অবস্থান। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছে এলাকার মানুষ। তাদের কয়েকজন জানান, প্রায় ৫০ হাজার টাকা খরচ করে গত বছর সাঁকো তৈরি করেছিল এই এলাকার বাসিন্দারা। ৫ জুলাই সেই বাঁশের সাঁকোটি খালের পানির স্রোতে ভেসে যায়। এরপর ১০-১২ হাজার টাকা খরচ করে আরেকটি বাঁশের সাঁকো তৈরি করা হয়।
সেতুর অভাবে পুঁটিবিলার হাফেজপাড়া, হিন্দুপাড়া, বড়ুয়াপাড়া, কর্মকারপাড়া, নাপিতপাড়া, আদর্শপাড়া এবং চুনতি ইউনিয়নের চান্দা, সাতগড়, মৌলভীপাড়া, পাটিয়ালপাড়া, মাঝিরপাড়া, নতুনপাড়ার প্রায় সাত থেকে আট হাজার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
চান্দা এলাকার বাসিন্দা কুতুব উদ্দিন জানান, পুঁটিবিলা ও চুনতি এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সেতুর অভাবে কৃষিপণ্য আনা–নেওয়ায় দুর্ভোগে পড়েন কৃষকেরা। পুঁটিবিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন জানান, বর্ষাকালে সেতুর অভাবে চুনতির চান্দা এলাকা থেকে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারে না। চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, চান্দা এলাকায় ডলু খালের সংযোগ সেতু খুবই জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্যোগ নেওয়া হবে।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, সরেজমিন পরিদর্শন করে চান্দায় ডলু খালে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।