বেইজিং রেলওয়ে হোটেলের লবিতে কাঁটায় কাঁটায় সকাল নয়টায় ম্যাগির উপস্থিতি আমাকে হতবাক করল। এর আগের ভ্রমণে সামার প্যালেস, গ্রেটওয়াল, তিয়েনআনমেন স্কয়ার, ফরবিডেন সিটি প্রভৃতি দর্শনীয় স্থান দেখা হয়ে গিয়েছিল। এবার শেষ দিনটা রেখেছিলাম ‘বার্ডস নেস্ট’-এর জন্য। ভাষাগত সমস্যার কথা মাথায় রেখেই বহুজাতিক কোম্পানির বদান্যতায় খুঁজে বের করেছি ওদেরই ইংরেজি জানা কর্মী ‘ম্যাগি’কে। বেশ কেতাদুরস্ত হেমন্তের পোশাকে সজ্জিত ম্যাগি আমার আজকের গাইড। কয়েক ঘণ্টা সে আমাকে সঙ্গ দিয়েছে, আমার হয়ে দোভাষীর কাজ করেছে। আমার খাওয়া আর কেনাকাটার দেখভাল করেছে, সর্বোপরি আমাকে তার সৌন্দর্যবোধ আর বন্ধুসুলভ আকর্ষণীয় আচরণে মুগ্ধ ও বাকরুদ্ধ করেছে। ওকে কুয়াশাচ্ছন্ন সকালে সুপ্রভাত জানালাম, সেই সঙ্গে বার্ডস নেস্টের পথে মেট্রোতে চড়ার আবদারও। এটা আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, নতুন শহরে গেলে মেট্রো ছুঁয়ে দেখবই এবং অবশ্যই তুলনা করব আমার প্রথম স্মৃতি অতুলনীয় মস্কো মেট্রোর সঙ্গে। বেইজিংয়ে অলিম্পিক উপলক্ষে চালু করা মেট্রো আধুনিক ও পরিচ্ছন্ন। তবে স্টেশনগুলো একদমই সাদামাটা, নজরকাড়া শিল্পকর্মবিবর্জিত। যা-ই হোক, ট্যাক্সি আর মেট্রো মিলিয়ে প্রায় এক ঘণ্টায় বার্ডস নেস্ট এলাকায় পৌঁছালাম। ভাবতেও অবাক লাগছিল, আমি দাঁড়িয়ে আছি সেই ‘পাখির বাসার’ সামনে, গত বছরের অলিম্পিক অনুষ্ঠানের সুবাদে যেটা এখন মোটামুটি সবার চেনা। মূল স্টেডিয়ামটা পৃথিবীর সবচেয়ে বড় ইস্পাতের তৈরি একক স্থাপনা। এর ৪৯ হাজার ৬০০ টন ওজনের ইস্পাতগুলো লম্বা করলে ৩৬ কিলোমিটারব্যাপী বিস্তৃত হবে! অবিস্মরণীয় এ স্মৃতি।শেষ অক্টোবরের প্রকৃতিতে হালকা শীতের আমেজ। আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন। সুইমিং ইনডোর এরেনাসহ অন্যান্য শিল্পকর্মের স্থাপনা দেখতে দেখতে এগোচ্ছি, কুয়াশাও কেটে যাচ্ছে। বার্ডস নেস্টের কাছাকাছি মোটামুটি চলনসই আলো পেয়ে গেলাম। আমার ১০ মেগা পিক্সেলের ক্যাননের জন্য এটি যথেষ্ট। মাথাপিছু ৫০ আরএমবির টিকিট কিনে মূল স্টেডিয়ামে ঢুকলাম। দুই দিকের দুটো বিশাল পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় অংশগুলো দেখাচ্ছে, ছড়িয়ে-ছিটিয়ে বসে আছে অনেক দর্শক। মনে পড়ল এখানে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখেছে ৯১ হাজার দর্শক, যাদের সামনে মূল স্টেডিয়ামে মার্চপাস্ট করেছে সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ। টেলিভিশনের পর্দায় দেখা অলিম্পিকের অনুষ্ঠানমালা আর আলোকোজ্জ্বল বার্ডস নেস্টের সঙ্গে এখনকার অবস্থার কোনো মিল নেই। তবু মনে হলো ওই দিনটাকে। আমরা দর্শক, সামনে মার্চপাস্ট করছে উসাইন বোল্ট আর ফেল্প্সরা। ওদের হাঁটা ট্রাকে আমরাও পা রাখলাম! ঘণ্টাখানেক ঘোরাঘুরির পর নিচের স্যুভেনির শপে দু-একটা স্মৃতিচিহ্ন কিনে বের হলাম।কুয়াশা কেটে গেছে। হঠাত্ দেখি এক জায়গায় বিপুলসংখ্যক লোক চারদিকে দৌড়ে পালাচ্ছে আর তাদের পিছু তাড়া করছে বড় লাঠির আগায় বাঁধা ঝাড়ু হাতে অদ্ভুত-দর্শন ডাইনিরা। আমরা কী করব, কোন দিকে দৌড় দেব, ভাবতে ভাবতেই দেখি সব থেমে গেল। সবাই হাততালির সঙ্গে সঙ্গে আবার একত্র হতে শুরু করল। এগিয়ে গেলাম। পুরো ব্যাপারটা সন্ধ্যার অনুষ্ঠানের মহড়া। এদের চলছে ট্যুরিজম সপ্তাহ। কাছাকাছি মুখোশখোলা পঞ্চাশোর্ধ্ব এক ‘ডাইনি’কে জিজ্ঞেস করলাম, কোথা থেকে আগমন আর কেনই বা এই বেশ? ভদ্রলোকের ইংরেজি বেশ ভালো। সুদূর বেলজিয়ামের ভিয়েলসাল্ম থেকে তাঁরা এসেছেন। তাঁরা একটা ডাইনিগোষ্ঠীর সদস্য। প্রতিবছর দেশে অথবা বিদেশে এভাবেই দল বেঁধে স্মরণসভা বা স্মৃতিচারণায় মিলিত হন। কিসের স্মৃতিচারণা? মধ্যযুগে ব্ল্যাক আর্ট আর ডাইনিদের রাজ্য বেশ জমজমাট ছিল, ইতিহাস তা-ই বলে। সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এদের থেকে তথা অশুভ শক্তি থেকে মুক্তিকামী মানুষ বের হয়ে আসতে চাইল। শুরু হলো মানুষরূপী ডাইনি নিধনযজ্ঞ। সভ্য ইউরোপে ডাইনি পুড়িয়ে মারার কৃষ্টি বহু পুরোনো, মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টিকারী। শেষ দিকে মাকরালে নামের এমনই এক ডাইনিকে পুড়িয়ে মারে ভিয়েলসাল্মের লোকেরা। ধারণা করা হয়, অপূর্বসুন্দরী মাকরালে আসলে ডাইনি ছিল না। ভিয়েলসাল্মবাসী সেই মাকরালের স্মৃতি জাগরূক রাখতে ‘ডাইনি সংগঠন’ করেছে এবং প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে তারা ডাইনি সম্মেলনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ডাইনিদের সঙ্গে ছবি তোলা শেষে ফেরার পালা। ‘কেমন দেখলে?’—ম্যাগির প্রশ্নে সংবিত ফিরল। বললাম আমার মনজুড়ানো ভালো লাগার কথা, পরিতৃপ্তির কথা, ওর উষ্ণ আর আন্তরিক সঙ্গের কথা। ও বলল, ‘আমরা চীনারা, সুন্দরের পূজারি, অস্বাভাবিক আর অসাধারণ কৃতিত্বে বিশ্বাসী। আমরা অতীত আর ভবিষ্যেক বর্তমানে ধারণ করতে চেয়েছি। গোলাকার বা ডিম্বাকৃতির মূল স্টেডিয়াম আর বিপরীত দিকের বর্গাকার অ্যাকুয়াটিক সেন্টারকে দেখো। মূল স্টেডিয়াম গোলাকার সূর্যের প্রতীক আর বর্গাকৃতির অ্যাকুয়াটিক সেন্টার চন্দ্রের আদলে—এসবের মাধ্যমে আমরা আমাদের পৌরাণিক বিশ্বাসকে বিশ্বের সামনে উপস্থাপন করছি।’ আমার কাছে বিষয়টা হঠাত্ করেই পরস্ফুিট হলো। অলিম্পিক চলার সময়ের বর্ণিল আলোকোদ্ভাসিত বার্ডস নেস্ট আমার সামনে ভেসে উঠল। সূর্যের প্রতীক লাল টকটকে আলোয় উদ্ভাসিত বার্ডস নেস্টের নিম্নাংশ। ওপরে নীল আলোর বন্যায় ভেসে যাওয়া চন্দ্রকে ধরে রেখেছে সযত্নে, গভীর ভালোবাসায়!লেখক: ভাসকুলার সার্জনজাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল