১৬ কোটি বছর আগে পৃথিবীতে বাস করা এক ডাইনোসরের পাখির মতো পা ছিল। এমনকি পালকে ঢাকা সেই ডাইনোসরের হাতের মতো অঙ্গও ছিল, যা কিনা এখনকার পাখির ডানা বলে পরিচিত। জীবাশ্মবিদেরা এক নতুন পরীক্ষার পর এ তথ্য জানিয়েছেন। নেচার কমিউনিকেশনস পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণা আকাশে ওড়ার সক্ষমতার উৎস অনুসন্ধানে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এখনো পর্যন্ত মনে করা হয়, প্রায় ১৫ কোটি বছর আগে প্রাণিজগতে বিবর্তনের মাধ্যমে আকাশে ওড়ার সক্ষমতা তৈরি হয়।
ওই ডাইনোসরের জীবাশ্মের সাধারণ পরীক্ষায় অবশ্য এসব দৈহিক বৈশিষ্ট্য ধরা পড়েনি। বিজ্ঞানীরা উচ্চক্ষমতার লেজার রশ্মি ব্যবহার করার পর প্রাণীটির অদেখা
বৈশিষ্ট্যগুলো জানতে পারেন।
ইউনিভার্সিটি অব হংকংয়ের মাইকেল পিটম্যান বলেন, এ গবেষণা পাখিদের উৎপত্তি সম্পর্কে বুঝতে একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘উচ্চক্ষমতার লেজার রশ্মি ব্যবহার করে অ্যানকিওরনেস নামের ডাইনোসরের জীবাশ্মে আমরা অদৃশ্য নরম টিস্যুর সন্ধান পেয়েছি। ডাইনোসরটির হাড়ের পাশে এসব নরম টিস্যু ছিল। এসব টিস্যু স্বাভাবিক আলোয় দেখা যায় না।’
এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অদৃশ্য নরম টিস্যুসহ ডাইনোসরটির দেহের কিছু ধারাবাহিক ছবি তোলা হয়েছে। এর ফলে প্রাণীটির দেহের প্রকৃত আকার বোঝা সম্ভব হয়েছে। পালকে আবৃত ডাইনোসরটির দেহ সাদা-কালো ডোরাকাটা ছিল এবং এর মাথায় ছিল মুকুটের মতো দেখতে কমলা রঙের পালক।
গ্রিক অ্যানকিওরনেস শব্দের অর্থ হলো ‘প্রায় পাখি’। ইউনিভার্সিটি অব এডিনবার্গের ড. স্টিফেন ব্রুসেত্তের মতে, এর ফলে পাখির মতো দেখতে এ ডাইনোসরের দেহকাঠামো কেমন ছিল, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। তিনি বলেন, ‘এতে ডাইনোসরটির পাখা ও দেহের পুরো কাঠামোর একটি সুন্দর ছবি পাওয়া গেছে। আমার মনে হয়, কোনো ডাইনোসরের দেহকাঠামোর পূর্ণাঙ্গ চিত্র এটিই প্রথম। ছবিতে দেখা গেছে, ডাইনোসরটির আজকের পাখির মতোই ডানাসদৃশ অঙ্গ রয়েছে।’
সময়ের হিসাবে জুরাসিক পর্বের শেষের দিকে চীনে অ্যানকিওরনেস নামের ডাইনোসরগুলো বাস করত। যে সময় থেকে বিবর্তনপ্রক্রিয়ায় পাখির উদ্ভব হয়েছে বলে মনে করা হয়, তার বেশ কাছাকাছি এটি। তবে এগুলো বাতাসে উড়তে বা ভাসতে পারত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।