
স্তন্যপায়ী প্রাণীদের মতো কোনো কোনো প্রজাতির ডাইনোসরদেরও নাকি ‘দুধদাঁত’ ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব দাঁত আবার পড়েও যেত। স্তন্যপায়ী প্রাণীদের সঙ্গে তাদের পার্থক্যটা হলো, এসব ডাইনোসরের নতুন করে আর দাঁত গজাত না। ডাইনোসরদের জীবাশ্ম পরীক্ষায় এমন তথ্য পাওয়ার দাবি করেছেন চীনের বেইজিংয়ে অবস্থিত ক্যাপিটাল নরমাল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।
ডাইনোসরের দাঁতের অস্তিত্ব নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জীববিজ্ঞানবিষয়ক জার্নাল কারেন্ট বায়োলজিতে চীনের ওই বিজ্ঞানীদের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে, তরুণ ডাইনোসররা মাংস খাওয়ার কাজেই মূলত দাঁতের ব্যবহার করত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা তৃণভোজী হয়ে উঠত। পূর্ণবয়স্ক দাঁতহীন ডাইনোসররা ঠোঁট দিয়েই দাঁতের কাজ চালিয়ে নিত। বৈশিষ্ট্যটা দেখা গেছে লিমুসরাস প্রজাতির ছোট আকৃতির ডাইনোসরদের মধ্যে। প্রায় ১৫ কোটি বছর আগে চীনে এই ডাইনোসরদের বাস ছিল। এ প্রজাতির প্রথম জীবাশ্মের সন্ধান মেলে প্রায় এক দশক আগে। এরা কাদার টিকটিকি
নামেও পরিচিত। লিমুসরাস, টি-রেক্স এবং ভেলোসিরাপটর ডাইনোসররা একই পরিবারের সদস্য।
তরুণ বয়সে দাঁত থাকা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম কোনো সরীসৃপের মধ্যে দেখা গেল। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্টিফেন ব্রুসাট্টে বলেন, ‘এটা এক অবিশ্বাস্য আবিষ্কার। আজ পর্যন্ত কে ভাবতে পেরেছিল যে এমনও ডাইনোসর পাওয়া গেল, যাদের শিশুকালে দাঁত ছিল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা পড়তে থাকত এবং প্রাপ্তবয়স্করা একেবারেই দাঁতহীন ছিল?’
গবেষক দলের প্রধান শু ওয়া বলেন, ‘চীনের খাওয়ে এলাকায় আমরা দুটো ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাই। একটির দাঁত ছিল, অপরটি দাঁতহীন। প্রথমে ভেবেছিলাম আমরা হয়তো ছোট দ্বিপদী সেরাটোসরিয়া পরিবারের ভিন্ন প্রজাতির দুটো ডাইনোসরের সন্ধান পেয়েছি।’ তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষায় পরে বোঝা গেছে ডাইনোসর দুটো আসলে একই প্রজাতির। তাদের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর দিনক্ষণে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রজাতির ডাইনোসরদের দাঁত পড়ে যেত।