
পড়ো পড়ো ছাউনিটার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে এ্যান। নরওয়ে থেকে আসা এ্যান জোহানসেন। এই প্রথম তার এ দেশে আসা। এমন ভাঙাচোরা ঘরে যেকোনো মানুষ বসবাস করতে পারে, সেটা বিশ্বাস করতে কষ্ট হয় তার। সে যে একজন বিদেশি, এটা চেহারা দেখে ঠিক বোঝা যায় না। তবে তার পোশাকে বিদেশি ছাপ থাকায় তার চারপাশে একটি ভিড় জমে ওঠে। তার সঙ্গে আসা দৈনিক আলোর দেশ পত্রিকার সাংবাদিক রিয়াজ রিমন তাকে বলেন, ‘হ্যাঁ, এটাই সেই ঘর।’
এ্যান খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে ঘরটার দরজার দিকে। তার মনে হয় এক্ষুনি একজন ছটফটে কিশোরী খুব উচ্ছল ভঙ্গিতে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে। সামনে থেকে কেউ বের হয় না। তবে হঠাৎ পেছন থেকে একটি ভয়ার্ত কণ্ঠ শোনা যায়, ‘কী হইছে? কী হইছে ইহানে?’
কণ্ঠটা শুনে এ্যান ধীর ভঙ্গিতে ঘুরে তাকায় কণ্ঠস্বরের মালিকের দিকে। যুবতীই, তবে ছটফটে নয় বরং জীর্ণশীর্ণ চেহারা। যেমনটা হতে হয় এমন একটা ঘরে থাকতে হলে। আস্তে করে এগিয়ে গিয়ে মেয়েটার একটা হাত নিজের হাতে তুলে নেয় এ্যান। ভাঙা ভাঙা বাংলায় প্রশ্ন করে, ‘একানে হাজেরা বেগম ঠাকেন না?’ প্রশ্নটা করতে করতেই সে লক্ষ করে মেয়েটার চেহারা মলিন হলেও চোখ দুটি অবিকল তারই মতো।
মেয়েটা খুব অবাক হয় এমন একজনের মুখে নিজের মায়ের নাম শুনে। সে আবারও ভয় পাওয়া কণ্ঠে বলে, ‘মা তো নাই। মইরা গেছে গ্যা।’
কথাটা শুনে এ্যানের চোখজোড়া থেকে নিঃশব্দ জলের ধারা নামে। মাত্র বছর বিশেক দেরি করে ফেলেছে সে ৪৩ বছর আগে এই দেশের স্বাধীনতাযুদ্ধের সময় শত্রুপক্ষের হাতে চরম লাঞ্ছনার শিকার হওয়া এই নারীর খোঁজে আসতে; তার মায়ের খোঁজে আসতে। মেয়েটার হাত ধরে সে গিয়ে দাঁড়ায় একটি অবহেলিত কবরের সামনে। সমবেত সবাই অনুসরণ করে এই দুই বোনকে।
মাটির আড়াল নিয়ে চিরনিদ্রায় থাকা মানুষটিকে একবার মা বলে ডাকতে খুব ইচ্ছা করে এ্যানের।