ডাকছে সোনালি সোমেশ্বরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ যাই মাঝে মাঝেই। প্রতিবারই মনে পড়ে বিরিশিরির কথা। ময়মনসিংহ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে—পাহাড়, নদী, সোনালি বালুকাবেলা সব সময়ই টানে। কিন্তু যাই না। খারাপ রাস্তার দুর্ভোগের কথা ভেবে মনটা আর এগোয় না। ২০০৮ সালের ডিসেম্বরে গিয়েছিলাম, ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে লেগেছিল সাড়ে তিন ঘণ্টারও বেশি। কিছুদিন আগে সাংবাদিক বন্ধু আলতাব হোসেন জানালেন বিরিশিরির রাস্তা ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে কিছু জায়গা খারাপ, কারণ রাস্তার কাজ চলছে। ময়মনসিংহ থেকে গিয়ে দিনে দিনে ফিরে আসা যাবে? আলতাবের উত্তর, ‘যাবে।’ কয়েক দিন আগে সাহস করে সকালেই ছোট্ট গাড়িতে করে বেরিয়ে পড়লাম বিরিশিরির পথে। ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র সেতু পেরিয়ে নেত্রকোনা সড়কে শ্যামগঞ্জ পর্যন্ত রাস্তা খুবই ভালো। শ্যামগঞ্জ বাজারে ঢোকার মুখেই বাঁদিকে গেছে জারিয়া হয়ে দুর্গাপুর উপজেলার রাস্তা। প্রথমেই পড়ল অর্ধসমাপ্ত রাস্তা। এরপর আবার পিচঢালা পথ। আবার ইট বা খোয়া, আবার পিচঢালা। অনেকগুলো সেতুও হয়ে গেছে। অবস্থা আগের চেয়ে অনেক উন্নত। তাই তো দুই ঘণ্টার কম সময়েই পৌঁছে গেলাম দুর্গাপুর।প্রথমেই পড়ে বিরিশিরি। একদিকে বাসস্ট্যান্ড, রাস্তা অনেকখানি ঠিক, তাই বাসের সংখ্যাও বেশ। বাঁদিকে বিরিশিরি নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। কিছুটা সামনে সেতু, সেটা পার হলেই দুর্গাপুর উপজেলা সদর। সেতুর আগে উঁচু রাস্তা। সেই পথের ধারে বিরাট বিরাট সব রেইনট্রি স্বাগত জানাচ্ছে আপনাকে। সেতু থেকে বাঁয়ে তাকালে সোমেশ্বরী নদী। এখন শীতকাল, নদী কিছুটা ক্ষীণকায়। তার দুই পাশে সোনালি বালুর প্রান্তর। অনেক দূরে আবছা ভারতের মেঘালয় পাহাড়। সেতুর ওপর দাঁড়িয়ে এর সবকিছুই চোখে পড়ে। সুসং রাজার দুর্গাপুরে এলেই মনে পড়ে টংক আন্দোলনের নেতা কমরেড মণি সিংহের কথা। প্রথমেই যাই টংক আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দ্যেশে নির্মিত সৌধে। সংবাদপত্র এজেন্ট মানিক জানালেন, কয়েক দিন আগেই এখানে হয়ে গেছে কমরেড মণি সিংহ মেলা। বার্ষিক এ মেলা দুর্গাপুরের এক বড় আয়োজন। সময় আমাদের কম। তাই দুটি মোটরসাইকেলে বিরিশিরি ঘুরে দেখার আয়োজন করি। দুর্গাপুর বাজার থেকে নেমে বালুর ভেতর এঁকেবেঁকে কোনো রকমে ভারসাম্য বজায় রেখে মোটরসাইকেল নিয়ে যাই নদীর পাড়ে। নৌকায় তোলা হয় সেটা। সোমেশ্বরীর বালুকাবেলায় যান্ত্রিক আগ্রাসন এখন বেশ। ট্রাক, ট্রাক্টরচালিত দানবাকৃতির লরি—সব যেন হামলে পড়েছে সোনালি বালুর বুকে। এই বালু দালান তৈরির জন্য খুব উন্নত মানের। সোমেশ্বরীর পানিতে ভেসে আসে কয়লা, পাথর। নদীজুড়ে অনেক শ্রমিক সেসব তুলছেন। আর এই সময়টা দেখলাম সোমেশ্বরীর পানি সবুজাভ এবং একেবারে স্বচ্ছ। নদী পেরোনোর সময় নদীর তলাটাও দেখা যায়, সূর্যের আলো জলের প্রিজমে তলায় পড়ে চিকচিক করছে নানা নকশায়। চীনামাটির পাহাড় বিরিশিরির দারুণ এক আকর্ষণ। নদী পার হয়ে ৩০-৩৫ মিনিট মোটরসাইকেল চালিয়ে পৌঁছে যাই সেখানে। আট বছরের মেয়েটা বলে ওঠে, ‘বাবা, এটা তো পিঙ্ক পাহাড়।’ চীনামাটির পাহাড়ে শুধু গোলাপি নয়; বেগুনি, পার্পল, লাল—সব রংই আছে। পাহাড়ের চূড়ায় উঠলে নিচে ইতিউতি দেখা যায় আদিবাসীদের ঘরবাড়ি। দুর্গাপুর এলাকায় গারো, হাজং, কোচ আদিবাসী সম্প্রদায়ের বসবাস। তাঁদের ঘরবাড়ির আছে বিশেষ নির্মাণশৈলী। চীনামাটির পাহাড় থেকে চলে আসি রানীখং মিশনে। মিশনটা পাহাড়ের ওপর। সেখানে আছে গির্জা, কনভেন্টসহ নানা কিছু। আর নিচে সোমেশ্বরীর নদীর তীরে মিশনের স্কুল ও একটা ডাকঘর। পাহাড়ে ওঠার যে পথ, তার মাঝামাঝি গিয়ে ডানে তাকাতেই প্রকৃতি আবার মুগ্ধ করে দেয়। নিচে চকচকে সোনালি নদী। ওপারে পাহাড়। ধীরে ধীরে উঁচু হয়ে গেছে। একদম উঁচুতে কাঁটাতারের বেড়া। ওপারে ভারত। বিরিশিরিতে আরও বেশ কিছু জায়গা আছে দেখার মতো। তবে সবকিছু ছাপিয়ে ওঠে সোমেশ্বরী আর গারো পাহাড়ের প্রাকৃতিক রূপ, যা আপনাকে কোনো না কোনোভাবে টানবেই। রাস্তাও এখন যেহেতু ভালোর দিকে, তাই নির্দ্বিধায় চলে যেতে পারেন বিরিশিরির পথে।যেভাবে যাবেনঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিরিশিরির বাস ছাড়ে। ময়মনসিংহ পর্যন্ত গিয়ে, অন্য বাসে করেও যাওয়া যায়। ময়মনসিংহ থেকে ট্রেনে করে জারিয়া পর্যন্ত গিয়েও মোটরসাইকেল, টেম্পো বা ভ্যান-রিকশায় যাওয়া যেতে পারে। দুর্গাপুর ও বিরিশিরি ঘোরার জন্য রিকশা বা মোটরসাইকেল বেছে নিতে পারেন। সাংস্কৃতিক একাডেমি, ওয়াইএমসিএ ও ওয়াইডব্লিউসিএর রেস্টহাউসে থাকা যায়। তবে তা আগে থেকে যোগাযোগ করে যেতে হবে।