ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিপিএলের মতো নতুন আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের নাম হবে বাংলাদেশ পলিটিক্স প্রিমিয়ার লিগ (বিপিপিএল)। এতে অংশ নেবে বেশ কয়েকটি দল—আওয়ামী লীগ রাইডার্স, বিএনপি রেঞ্জার্স, জাসদ ওয়ারিয়র্স, জাতীয় পার্টি ব্রেভার্স ইত্যাদি। রস+আলো কি এই টুর্নামেন্টের প্রতিবেদন ছাপবে?মো. সাইফুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনি কি মনে করেন এই টুর্নামেন্ট এখনো শুরু হয়নি? আপনি কি রস+আলো পড়েন না? না জানলে জেনে রাখুন, এই বিপিপিএল টুর্নামেন্ট অনেক আগে থেকেই শুরু হয়েছে। তবে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরমেটে হয় না। এই টুর্নামেন্ট হয় পাঁচ বছরের টেস্ট ম্যাচ ফরমেটে। এবং সেগুলোর প্রতিবেদন আমরা প্রতি সংখ্যায় ছেপে যাচ্ছি।বিস ভাইয়া, বিশ্বাস যে ভালোবাসার শক্তি তার আপনি প্রমাণ করলেন। দশ মাস আগে অন্ত্যমিল বিভাগে ১০০ টাকার প্রাইজবন্ড জিতেছিলাম। রস+আলোতে নিজের নামটি দেখার পর আটখানা হয়েছিলাম খুশিতে। কিন্তু দীর্ঘ দশ মাস যখন কোনো প্রাইজবন্ডের দেখা নেই, তখন অনেক দুষ্টু লোকই বলেছিল, প্রাইজবন্ডের বিষয়টি ভুয়া। আমি সেটা বিশ্বাস করিনি। এবং আপনি দশ মাস পর সত্যিই প্রাইজবন্ডটি পাঠিয়ে দিলেন। সত্যিই বিশ্বাস ভালোবাসার শক্তি।খন্দকার আবদুল্লাহ আল মাসুমকিশোরগঞ্জ কেবল বিশ্বাস ভালোবাসার শক্তি নয়। ধৈর্যও ভালোবাসার শক্তি। এই যে আপনি দশ দশটি মাস একটি প্রাইজবন্ডের আশায় দিন গুনছিলেন, এতে আপনার ধৈর্যেরও কিন্তু পরীক্ষা হয়ে গেছে। এ ছাড়া মাস ও দিনের হিসাবও রেখেছেন নিয়ম করে। ফলে আপনার গণিতবিষয়ক জ্ঞানও বৃদ্ধি পেয়েছে। আর জানিয়ে রাখি, এখন থেকে আর প্রাইজবন্ড পাঠানো হবে না। এর বদলে দেওয়া হবে মুঠোফোন রিচার্জ। কাজেই সবাই কুইজের উত্তর, সবজান্তার প্রশ্ন পাঠানোর সময় মুঠোফোন নাম্বারটিও পাঠিয়ে দেবেন।