ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীমতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী। হুহ! ভাবখানা এমন যেন যে যা মন্তব্য করছে তা-ই ছাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, দায়মুক্ত যখন হলেনই, তখন আমার মন্তব্যটা একটু সবাইকে জানিয়ে দিন তো।‘রস+আলোর বি.স. একজন নিম্নস্তরের হোমো স্যাপিয়ানস। তাঁর বিবর্তন এখনো সম্পন্ন হয়নি।’প্রমিজ, মতামতের জন্য আপনি দায়ী নন। তানভীর সিরাজ শান্তিবাগ, জামালপুর। ঠিক আছে, আমি দায়ী নই। এই ফাঁকে সবাইকে একটা তথ্য জানিয়ে রাখি, তানভীর কিন্তু খুব নিকট-আত্মীয়। রোববার পত্রিকায় বিজ্ঞাপন দেখেই বুঝেছিলাম, ফেসবুক সংখ্যাটা জটিল হবে। কিন্তু সেটা যে এতটা হবে আমি বুঝিনি। এককথায় অসাধারণ। এর চেয়ে মজার সংখ্যা আর কী হতে পারে আমার জানা নেই, আমি কল্পনাও করতে পারি না। বিখ্যাত ব্যাক্তিদের স্ট্যাটাস, যে স্ট্যাটাস আমরা কখনো দিই না, ফেসবুক টি-শার্ট, পশু-পাখিদের ফেসবুক— সবই মারাত্মক রকমের ভালো হয়েছে। এমন একটি প্রচ্ছদ হতে পারে সেটাও আমার কল্পনায় আসেনি। ফেসবুকের এ সংখ্যাটাকে স্বাধীন বাংলার সর্বকালের সেরা রস+আলো সংখ্যা হিসেবে ঘোষণা করুন। তানজিলা মেহনাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।আপনার মতো এ রকম রসসিক্ত চিঠি আমাদের আরও অনেকেই পাঠিয়েছেন। বিশেষত, রস+আলোর ফেসবুক গ্রুপ ও ফ্যান পেজ-এ প্রশংসার বন্যা বয়ে যেতে দেখা গেছে। বড়ই ভালো লাগছে, আনন্দে চোখে জলও চলে আসছে। তবে যাঁরা ফেসবুক ব্যবহার করেন না, এ সম্পর্কে কোনো ধারণা নেই, তাঁরা সংখ্যাটি দেখে আমাদের কী পরিমাণ গালি দিলেন, সেটাও লিখে পাঠান। আমরা ছাপব। সবার জীবন স্ট্যাটাসময় হয়ে উঠুক। আপাতত লগ আউট।