ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. সাহেব! এটা কি আপনার ঠিক হচ্ছে? রাতের বেলা কষ্ট করে প্রশ্ন তৈরি করি। সকালে কাগজে লিখে খামে ভরে পাঠাই। তারপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে চিঠিটা আপনার কাছে পৌঁছায়। আর সেটা দিয়ে আপনি....বলে রাখলাম, এই চিঠিটা না ছাপলে কিন্তু রস+আলো একজন গুণী পাঠক হারাবে।প্রদীপ চক্রবর্ত্তীচৌমুহনী সরকারি এসএ কলেজ, নোয়াখালী বলছেন কী, প্রদীপ বাবু! সামান্য রস+আলোতে লেখা ছাপা হচ্ছে না দেখে আপনি জীবনের প্রদীপ নিভিয়ে দেবেন? দেখুন, পৃথিবীটা অনেক সুন্দর। বেঁচে থাকলে এ রকম অনেক ফান ম্যাগাজিন আসবে, অনেকবার লেখা ছাপানোর সুযোগ পাবেন। ক্লাস এইট থেকে ফান ম্যাগাজিন পড়ি। রস+আলো বের হওয়ার পর থেকেই এর ফ্যান। অনেক দিন ধরেই ভাবছি লিখব, কিন্তু ছাপা হবে কি না এই ভয়ে লিখি না। আজ আমার এই ভয় জয় করার জন্য আপনার সাহায্য খুব দরকার। মাসুদ রানাবায়োটেকনোলজি, ইবি, কুষ্টিয়া আমার সাহায্য না নিয়ে আপনার উচিত সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের বইগুলো পড়া। আপনি তো মাসুদ রানা নামটার কলঙ্ক। মাসুদ রানা হয়ে আপনি একটা ফান ম্যাগাজিনে লেখা পাঠাতে ভয় পান!আচ্ছা, সবাই আপনাকে বি.স. ভাইয়া বলে ডাকে কেন? কেউ তো আংকেল, মামা, খালু, চাচাও ডাকতে পারত। জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা আংকেল ডাকলে যদি আমি মাইন্ড করি, আর মাইন্ড করে যদি তার লেখাটা না ছাপি! এই যেমন আপনি ভাইয়া বলে ডেকেছেন বলেই তো আপনার লেখাটা ছাপা হলো। আংকেল কিংবা চাচা ডাকলে কি ছাপাতাম?