ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আপনারা চমৎকার একটি কাজ করে ফেলেছেন। সবজান্তা সমীপেষু সংখ্যার প্রচ্ছদে যে পোস্টকার্ডটা দিয়েছেন সেটি আমার দেখা বাংলাদেশের তো বটেই, বিশ্বের সবচেয়ে বড় পোস্টকার্ড। যার দৈর্ঘ ২৬.৭ সেমি আর প্রস্থ ১৭.৩ সেমি। আজই গিনেজ বুকে আবেদন করুন। খ্যাতি পেয়ে যাবেন। নাইমুর রশিদডুমুরিয়া, খুলনা আবেদন তো করেছিলাম। কিন্তু পাবনা লেখা দেখে বাদ দিল যে। আমরা এও বলেছিলাম, এটি শুধু সবচেয়ে বড় পোস্টকার্ড নয়, এটি এক দিনে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো একটা পোস্টকার্ড। কিন্তু কে শোনে কার কথা। ওরা দেখলাম পোস্টকার্ডের চেয়ে পাবনা নিয়ে বেশি মেতে রইল। আমরাও ঠিকানাটা রেখে চলে এলাম। রস+আলো ১৪৭তম সংখ্যার মাধ্যমে বি.স. ভাইয়া আমাদের অনেকগুলো টাকা মেরে দিয়েছেন। এমনিতে সবজান্তা সমীপেষু বিভাগে প্রতি সাতটা প্রশ্নের একটির জন্য ১০০ টাকার প্রাইজবন্ড দিতে হতো। সেই হিসাবে ২৬৭টা প্রশ্ন ছেপে একটারও টাকা দিলেন না। ২৬৭ ভাগ ৭ গুণন ১০০ = ৩৮১৪ টাকা ২৯ পয়সা। আমরা আমাদের এই টাকা অবিলম্বে ফেরত চাই। আসিফনোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী। অসাধারণ আসিফ। আপনি স্কুলের মান আরও একধাপ ওপরে নিয়ে গেলেন। যা-ই হোক, আমাদেরও এ রকম একটা পরিকল্পনা আছে। এই টাকা আমরা পরবর্তীকালে যতগুলো রস+আলো বের হবে, প্রতি সংখ্যায় আগের মতো একজন করে সবজান্তাকে ১০০ টাকা দিয়ে দেব। অথবা আপনাদের এসব দাবি-দাওয়ার কারণে ভবিষ্যতে আর এই রকম সবজান্তা সংখ্যা বের না করার সিদ্ধান্ত নেওয়ারও একটা সিদ্ধান্ত নিতে পারি। এখন বলেন, কোনটা ভালো?