ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীহাঁটি হাঁটি পা পা করে রস+আলো ১৫০ সংখ্যা পার করে ফেলল। দোয়া করি, রস+আলো হাজার সংখ্যা পার করুক। এ খুশিতে বি.স. ভাইয়াকে মিষ্টি খাওয়াতে ইচ্ছে করছে। চলে আসেন না একদিন নারায়ণগঞ্জ। আরেকটা মজার বিষয়। প্লিজ, হাসবেন না। আমার কাছে রস+আলোর ৫৯ সংখ্যা থেকে আজ পর্যন্ত যতগুলো সংখ্যা বের হয়েছে, এর সব সংখ্যাই আছে। আমি এগুলোর প্রচ্ছদের শিরোনাম লিখে পাঠালাম প্রমাণ হিসেবে।মো. রুবেল বাদশাহপশ্চিম তল্লা, নারায়ণগঞ্জ আপনার খুশি দেখে আমাদেরও অনেক খুশি লাগছে। আর আপনি এত কষ্ট করে এতগুলো সংখ্যা বাসায় জমিয়ে রেখেছেন, এ জন্য অনেক ধন্যবাদ। নিশ্চয় বাসার অনেক জায়গা নষ্ট করেছেন। যা-ই হোক, কষ্ট যখন করেছেন, তখন কষ্ট করে ১-৫৮তম সংখ্যাগুলোও সংগ্রহ করে ফেলুন। আর আপনাকেও রস+আলোতে দাওয়াত রইল। মিষ্টি খাওয়াতে না পারলেও মিষ্টি করে কথা বলতে পারে, এমন কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারব।শীত সংখ্যা এক কথায় চমৎকার। একই সংখ্যায় প্রফেসর শঙ্কু ও তিন গোয়েন্দার সঙ্গে দেখা হওয়াটা আসলেই রোমাঞ্চকর ছিল। যা-ই হোক, খুব শীত লাগছে। ঘুমোতে হবে। এর বেশি তেল দিতে পারছি না। তেল জমে যাচ্ছে শীতে।পারভেজস্টেডিয়াম পাড়া, মেহেরপুর ভাই, বাংলাদেশ ডাক বিভাগের কল্যাণে ডাকযোগে পাওয়া আপনার এই চিঠিটি আসতে যে সময় লেগেছে, তাতে রস+আলোর আরও ছয়টি সংখ্যা বের হয়ে গেছে এবং শীত গিয়ে লোডশেডিংয়ের ঋতু চলে এসেছে। জানেন তো, বাংলাদেশের ঋতু আসলে দুটি। একটি হচ্ছে লোডশেডিংয়ের ঋতু, অন্যটি লোডশেডিং না হওয়ার ঋতু। যা-ই হোক, এখন চাইলে তেল দিতে পারেন। তেলে অন্তত আমার কোনো আপত্তি নেই। তেলের যা দাম!