ডাকলেই হাজির পশু হাসপাতাল
খামারের গরু অথবা বাড়ির পোষা প্রাণীটি অসুস্থ? কাছে-ধারে নেই কোনো পশু হাসপাতাল? এমন পরিস্থিতিতে পড়লে এখন থেকে আর চিন্তা নেই। হেল্পলাইনে কল করলেই বাসার দোরগোড়ায় এসে উপস্থিত হবে ভ্রাম্যমাণ পশু হাসপাতাল। বাংলাদেশে প্রথমবারের মতো এমন সেবা নিয়ে এসেছে চট্টগ্রামে অবস্থিত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল।নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরই অবস্থিত। গত রোববার দুপুরে এই হাসপাতালে নতুন চালু হওয়া ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা দেখতে গেলে স্বাগত জানান এই প্রকল্পের উপব্যবস্থাপক ও ভেটেরিনারি সার্জন ড. দিব্যেন্দু বিশ্বাস। তাঁর কাছ থেকে জানা গেল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে গত ২৮ সেপ্টেম্বর এই প্রাণীসেবা কার্যক্রম চালু হয়েছে। এতে অর্থায়ন করছে বিশ্বব্যাংক।আলাপচারিতার একপর্যায়ে বেজে ওঠে টেলিফোন। রিসিভার কানে ঠেকিয়ে টেবিলে রাখা একটা প্যাডে দ্রুত কিছু একটা লিখে নিলেন ড. দিব্যেন্দু। বললেন, ‘কল এসেছে, কাছেই একটা বাড়িতে যাব, যাবেন?’ দুজন চিকিৎসক, একজন চিকিৎসা সহকারীসহ আমরা কাছেই ওয়্যারলেস কলোনির একটি বাড়িতে গিয়ে হাজির হই। ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্সটি গন্তব্যে পৌঁছাতেই এগিয়ে আসেন বাড়ির বাসিন্দা মো. দিদারুল আলম। ২০ থেকে ২৫টি ছাগল নিয়ে খামার করেছেন তিনি তাঁর বাড়িতে। খামারের কয়েকটি ছাগল পাশের পাহাড়ে চরতে গেলে কোনো একজন ঢিল ছুড়ে আহত করে। এর মধ্যে তিনটি ছাগল ছিল গর্ভবতী। অসুস্থ তিনটি মা-ছাগলের চিকিৎসা শুরু হলো তখনই। চিকিৎসা সহযোগী মো. সাহেদ বললেন, ‘এদের গর্ভের বাচ্চা রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে।’ কানে স্টেথোস্কোপ লাগিয়ে আহত একটি ছাগলের বুক, পেট পরীক্ষা করছিলেন ড. দিব্যেন্দু। বললেন, ‘এখন পর্যন্ত আমরা বিনা মূল্যেই এই সেবা পৌঁছে দিচ্ছি। ওষুধপত্র সবই ফ্রি। ভবিষ্যতে ফি নির্ধারণ করা হতে পারে, তবে তা হবে একেবারেই নামমাত্র।’দিব্যেন্দুর কাছ থেকেই জানা গেল বন্য, গৃহপালিত, খামারের কিংবা চিড়িয়াখানার সব ধরনের প্রাণীর চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত আছে এই ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা। কেবল চট্টগ্রাম নগর নয়, ডাক এলে পাশের উপজেলাগুলোতে এমনকি পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারেও যাবেন। থানা পর্যায়ের পশু হাসপাতালগুলোকে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তা করবেন তাঁরা। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের জন্য সদা প্রস্তুত আছেন ১১ বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও শল্যবিদ। ভ্রাম্যমাণ এই হাসপাতালে শল্য চিকিৎসার সব ধরনের সরঞ্জাম বহন করা হয়। কথা হয় এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুদ্দীনের সঙ্গে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল এই ভ্রাম্যমাণ হাসপাতালের বিশেষত্ব কী? উত্তরে তিনি বলেন, পশুর সব ধরনের রোগের চিকিৎসা করা হয় এখানে। তা ছাড়া ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গাইনি, মেডিসিন, প্যাথলজি, অর্থোপেডিকস ইত্যাদি বিশেষায়িত বিভাগের দক্ষ চিকিৎসকেরা এই হাসপাতালকে সহায়তা দেন।চট্টগ্রাম ভেটিরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস মাহফুজুল বারি নিশ্চিত করলেন বাংলাদেশের এটিই একমাত্র ‘ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবাকেন্দ্র’।এই স্বাস্থ্যসেবা প্রকল্প শুরুর গল্পও শোনা গেল তাঁর মুখ থেকে। তিনি বললেন, দুবছর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিয়েই এমন একটি ব্যতিক্রমী প্রকল্পের জন্য মঞ্জুরি কমিশনে প্রস্তাব পাঠাই। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকার সময়েও এমন প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তখন সেটি গৃহীত হয়নি। এবার প্রস্তাবটি মঞ্জুরি কমিশন অনুমোদন করায় বেশ ভালো লাগছে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কারণে প্রাণী স্বাস্থ্যসেবায় একধাপ এগিয়েই ছিল চট্টগ্রাম। ভ্রাম্যমাণ এই সেবাকেন্দ্র চালু হওয়ায় এগিয়ে গেল আরও একধাপ। এই কেন্দ্রের সেবা পেতে হলে যোগাযোগ করতে হবে হেল্পলাইনে (০৩১ ৬৫৯০৯৩,এক্সটেনশন:১২২, মোবাইল: ০১৯১৩ ১১২০৪২)।