ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশ ও এলাকাবাসী সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি প্রতিরোধে দুঃসাহসিক ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট গ্রামবাসী ও পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ। এ ছাড়া, প্রতিরোধে অংশ নিতে গিয়ে ডাকাতের গুলিতে নিহত জসিম উদ্দিনের নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর বিকেলে গোয়ালিয়াপালং গ্রামে এক অনুষ্ঠানে পুলিশ সুপার সবার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং শহীদ জসীম উদ্দিন সড়কের নামফলক উন্মোচন করেন।খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে নজিবুল ইসলাম, রামু উপজেলা কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম মণ্ডল, বদিউজ্জামান বদি, মোহাম্মদ জাকারিয়া ও আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার দ্বিতীয় কর্মকর্তা কবির হোসেন। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, ডাকাতের গুলিতে আহত রামু থানার সহকারী উপপরিদর্শক মোস্তফা কামাল, শহীদ জসিম উদ্দিনের বাবা আবুল খায়ের এবং সংশ্লিষ্ট গ্রামের জনপ্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ডাকাত প্রতিরোধে গ্রামবাসীর ভূমিকা সারা দেশে প্রশংসিত হয়েছে। ডাকাতেরা উচিত শিক্ষা পেয়েছে। প্রতিটি স্থানে এলাকাবাসী এভাবে এগিয়ে এলে দেশে চুরি ডাকাতি এবং অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে।’ ডাকাত প্রতিরোধের ঘটনায় কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছত্রধর ত্রিপুরা বলেন, ‘সেদিন এলাকাবাসীর দুঃসাহসিক ভূমিকা না থাকলে পুলিশের একার পক্ষে ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব হতো না। সত্যিই আমরা এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, ২৫ এপ্রিল উখিয়া উপজেলার রত্নাপালং এলাকায় ডাকাতি করে একদল ডাকাত রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং নোয়াপাড়ার জহিরের মার ঝিরি নামক গহীন জঙ্গলে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ হয়। এ সময় প্রতিরোধে এগিয়ে যাওয়া স্থানীয় যুবক জসীম ঘটনাস্থলেই ডাকাতের গুলিতে নিহত হন। এলাকাবাসীর গণপিটুনিতে মারা যায় ১০ ডাকাত। দুই ডাকাতকে পুলিশ অস্ত্রসহ আটক করে।