ডাকাতিতে রকেট প্যারাস্যুট সিগন্যাল গান ব্যবহার!
হাটহাজারীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার হওয়া ১১ ডাকাতের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জামের মধ্যে বিভিন্ন আকারের পাঁচটি রকেট প্যারাস্যুট সিগন্যাল গানও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এই বিস্ফোরক নৌবাহিনী তথা বিশেষ বাহিনীর মহড়ার কাজে ব্যবহূত হয়। ইউরোপ ও রাশিয়ায় তৈরি এসব বিস্ফোরক ডাকাতদের হাতে কীভাবে এল, তা তদন্তের বিষয়। এই ঘটনায় গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি পৃথক মামলা হয়েছে। সূত্র জানায়, উপজেলার পশ্চিম ধলই এলাকায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধের পর গত ২৬ সেপ্টেম্বর রাতে দেশীয় তৈরি বন্দুকসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের সঙ্গে বিভিন্ন আকারের পাঁচটি রকেট প্যারাস্যুট সিগন্যাল গানও উদ্ধার করা হয়। এসব সিগন্যাল গানের গায়ে প্রস্তুতকারী দেশ হিসেবে ইউরোপের ইতালি, জার্মানি, রাশিয়া ও চায়নার নাম রয়েছে। পুলিশ সূত্র জানায়, সমুদ্রে নৌবাহিনীর কিংবা বিশেষ বাহিনীর কোথাও মহড়া চলাকালে রাতের আকাশে নিশানা নির্ধারণের কাজে এ ধরনের সিগন্যাল গান ব্যবহূত হয়। গানের মুখ খুলে আকাশের দিকে ছুড়লে তা প্যারাস্যুটের মতো অনেক ওপরে উঠে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অগ্নিকুণ্ডের মতো সৃষ্টি হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তারা মনে করেন, গোলাগুলি না করেই বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ডাকাতদল রকেট প্যারাস্যুট সিগন্যাল গান ব্যবহার করে থাকতে পারে। হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘প্রথমবারের মতো ডাকাতদলের কাছ থেকে এ ধরনের রকেট প্যারাস্যুট সিগন্যাল গান উদ্ধার করা হয়েছে। এ বিস্ফোরক নৌবাহিনী কিংবা বিশেষ বাহিনীর মহড়ার কাজে ব্যবহার করা হয়। এগুলো সরাসরি কোনো মানুষকে লক্ষ্য করে ছুড়লে তার মৃত্যুর আশঙ্কা থাকে।’ তিনি জানান, ডাকাতের হাতে এ বিস্ফোরক কীভাবে এল, তা তদন্তের মাধ্যমে জানা যাবে। এ ব্যাপারে বিস্ফোরক আইনে পৃথক একটি মামলা হয়েছে।