ডাকাতের কাজ ডাকাত করেছে
সেদিন ডাকাতেরা হানা দেয় সন্ধ্যায়। খবর পেয়ে মাইকে তা প্রচার করা হয়। এতে পথে নেমে আসে জনতা, অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ডাকাতের দল। শীতের প্রকোপের কারণে জনতাও ফিরে যায় ঘরে, আর এরই সুযোগ নেয় ডাকাতেরা। রাত আড়াইটায় আবদু শুক্কুরের ঘরে হানা দিয়ে নগদ ৯৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। মাঘের শীতে কাবু জনতা আবারও ডাকাত প্রতিরোধে নামে মধ্যরাতে। কিন্তু এর আগেই কাজ শেষ করে ডাকাতেরা। ২১ জানুয়ারি শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুলে ঘটেছে এ ঘটনা। জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটার পর ডাকাতের দল প্রথমে উপজেলার বটতলী গ্রামে হানা দেয়। সেখানে জনতা প্রতিরোধ করলে ডাকাতেরা পাশের বরুমচড়া গ্রামে পালিয়ে যায়। সুযোগ বুঝে গোদার বাড়িতে হানা দিতে চেষ্টা করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হলে আবার পালিয়ে যায় ডাকাতের দল। এ সময় পুলিশ এসে জনতার সঙ্গে যোগ দেয়। কিন্তু মধ্য রাতে ডাকাতেরা আবার হানা দেয় খুরুস্কুলের আবদু শুক্কুরের বাড়িতে। চিৎকার করায় শুক্কুরকে বেদম মারধর করে। এ সময় লোকজন আবার এগিয়ে আসে, মাইকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানানো হয়। এতে আর কারও ঘরে হানা দিতে পারেনি ডাকাতেরা। আনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন আবদু শুক্কুর বলেন, ‘চিৎকার করায় ডাকাতেরা আমাকে মেরে আধমরা করে দেয়। যাওয়ার সময় বীরত্ব দেখিয়ে বলে, ‘সারা রাত তো আর পাহারা বসাতে পারবি না। আমাদের কাজ আমরা করে যাবই।’ আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মিলকী জানান, ‘ডাকাতি রোধে আমরা সারা রাত পাহারায় থাকছি।’ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ বলেন, ‘ডাকাত আসার খবর পেয়ে বিভিন্ন এলাকায় দ্রুত ফোর্স পাঠিয়েছি সেদিন।’