মিরসরাই সদর থেকে মিরসরাই-ফটিকছড়ি সড়ক ধরে ১০-১১ কিলোমিটার গেলেই ঝরঝরি তাকিয়া, ছয় ভাইয়া ও দোচাইল্লা নামের পাশাপাশি তিনটি পাহাড়ি জনপদ। এই তিন এলাকার মানুষজন গায়ে-গতরে খেটে, পাহাড়ে ফল ও সবজির বাগান করে সংসার চালান। গত কয়েক বছর আগে মক্তব ও মসজিদ গড়ে উঠেছিল এই এলাকায়। আয়-উন্নতিও হচ্ছিল বাসিন্দাদের। কিন্তু এখন ডাকাত আতঙ্কে ওই তিন পাহাড়ি এলাকার মানুষ অন্যত্র পাড়ি জমাচ্ছেন।
কেবল গত এপ্রিল মাসেই এই তিন গ্রামে তিনবার ডাকাতেরা হানা দিয়েছে। জিনিসপত্র, টাকা, শস্য ও গবাদিপশু লুটে নেওয়ার পাশাপাশি নারীদেরও নির্যাতন করছে ডাকাত দল। এ কারণে এই তিন এলাকা থেকে চলে গেছে ৬০টি পরিবার।
বর্তমানে ২০টি পরিবারের সদস্যরা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। নিয়মিত ডাকাতির পাশাপাশি ডাকাতেরা চাঁদাও দাবি করছে গ্রামবাসীর কাছে।
গত ২৯ এপ্রিল ওই এলাকায় গেলে কথা হয় নূরনবী, মো. এয়াছিন, মো. ফকির মিয়াসহ বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা জানান, চার-পাঁচ বছর আগেও ওই তিন এলাকায় ৮০টি পরিবারের বসবাস ছিল। তাঁরা পাহাড়ে ফল ও সবজির আবাদ করতেন।
ক্রমেই মানুষের সংখ্যা বাড়ছিল। স্থাপন করা হয়েছিল একটি মক্তব ও মসজিদ। এর মাঝে বছর দুয়েক আগে পাহাড় ধসের কারণে মিরসরাই-ফটিকছড়ি সড়কটি বন্ধ হয়ে যায়। এলাকাটি তখন মিরসরাই সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিচ্ছিন্নতার সুযোগ নেয় ডাকাত দল। হঠাৎ সেখানে তারা নিয়মিত হানা দিতে শুরু করে। এই কারণে আতঙ্কে এলাকা ছেড়েছে বহু পরিবার।
এলাকাবাসী জানান, সর্বশেষ গত ২৭ এপ্রিল রাতে প্রায় ২০ জন মুখোশধারী ডাকাত সেখানকার কয়েকটি দোকানে, পেয়ারা বাগানে এবং কয়েকটি ঘরে ডাকাতি করে। ডাকাতেরা নগদ টাকা, মুঠোফোন, ঘরের মুরগি ও অলংকার নিয়ে যায়। এ সময় ডাকাতেরা একটি ঘরের কয়েকজন নারীকে নির্যাতন করতে চাইলে তাঁরা কৌশলে পালিয়ে সারা রাত জঙ্গলে লুকিয়ে থাকেন। ডাকাতেরা হুমকি দিয়েছে, কয়েক দিন পর তারা আবার আসবে টাকা নিতে। মুখোশপরা ডাকাতেরা বন্দুক, দেশি ধারালো অস্ত্র ব্যবহার করেছে বলে গ্রামবাসী জানান।
ঝরঝরি তাকিয়ার খাদেম মৌলভী সুলতান আহম্মদ জানান, ডাকাত-আতঙ্কে তিনি তাঁর পরিবারের নারী সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছেন। তিনি বলেন, গত ৩২ বছরে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। মিরসরাই-ফটিকছড়ি সড়ক মেরামত করা না হলে ডাকাতদের কাছে তাঁদের জিম্মি হয়ে থাকতে হবে।
মিরসরাই উপজেলা নাগরিক কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, ওই এলাকাটি দুর্গম হওয়ায় সেখানকার লোকজন নাগরিক সুযোগ থেকে বঞ্চিত। বর্তমান অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া এ প্রসঙ্গে বলেন, ‘এলাকাটি দুর্গম। মিরসরাই-ফটিকছড়ি সড়ক চলাচলের উপযোগী হলে প্রতিদিন টহল পুলিশ পাঠানো যেত। এখন ওই সড়কে যাতায়াত পুলিশের জন্য ঝুঁকিপূর্ণ। তাই একটি কৌশল বের করার চিন্তা করছি, যাতে সেখানে ডাকাতি বন্ধ হয়ে যায়।’