ফেনীর সোনাগাজীতে আশঙ্কাজনক হারে ডাকাতির ঘটনা বেড়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে। গণপিটুনিতে নিহত হয়েছে তিন ডাকাত। ডাকাতের ভয়ে গ্রামবাসী এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। তবে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে তিনটি।স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর বগাদানা ইউনিয়নের ব্রাহ্মণী বাজার গ্রামের আবুল কালামের বাড়িতে, ৩ সেপ্টেম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বাড়িতে, ৪ সেপ্টেম্বর চরছান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের জায়েদুল হকের বাড়িতে ডাকাতি হয়। জায়েদুল হকের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ডাকাতদলকে ঘেরাও করে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত ডাকাতেরা হলেন দাগনভূঞা উপজেলার উত্তর চণ্ডীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৬) ও নজরুল ইসলাম (২৪)। এ ছাড়া গত ৩০ আগস্ট রাতে মতিগঞ্জ ইউনিয়নের বাধাদিয়া গ্রামে শহীদ উল্লাহ (২৪) নামের এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।এদিকে, গত ২৩ আগস্ট একই গ্রামের আজিজুল হকের বাড়িতে, ১৩ আগস্ট চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামে প্রবাসী নুরুল হকের বাড়িতে, ১১ আগস্ট উপজেলার একই ইউনিয়নের প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে, ৫ আগস্ট নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবুল হাশেমের বাড়িতে ও একই ডাকাতদল খাজা আহমদের বাড়িতে হানা দেয়। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘ডাকাতের ভয়ে আমরা এখন নির্ঘুম রাত কাটাই। ঘরের বাইরে সামান্য একটু শব্দ হলে আতঙ্কে আত্মীয়স্বজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করি।’চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন খোকন বলেন, ‘গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার পর এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে। প্রতিনিয়তই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। গত দুই দিনে একাধিকবার ইউপি সদস্যদের নিয়ে এলাকায় ডাকাতি বন্ধে সবাইকে সজাগ থাকার জন্য পরামর্শ দিয়েছি।’ এ প্রসঙ্গে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘ইতিমধ্যে আমরা ডাকাতি প্রতিরোধে একাধিক ইউনিয়নে সর্বস্তরের এলাকাবাসীকে নিয়ে সচেতনতামূলক সভা করেছি। রাতের বেলায় এলাকায় কোনো অপরিচিত লোকজনের আনাগোনা দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছি। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল্লাহ নুরী জানান, ডাকাতি রোধে উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায়ও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।