
ভুল কিন্তু বিমান সংস্থাও করে! ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর থেকে আফ্রিকার দেশ সেনেগালে যাওয়ার জন্য বিমানে চড়েছিলেন এক দম্পতি। স্যান্ডি ভ্যালডিভিয়েসো আর তাঁর স্বামী বিমানে ঠিকই চড়েছিলেন, কিন্তু টার্কিশ এয়ারলাইনসের বিমান তাঁদের নিয়ে এসেছিল বাংলাদেশের ঢাকায়। সেনেগালের রাজধানী ডাকারে না পৌঁছে তাঁদের শেষ গন্তব্য হয় ঢাকায়।
লস অ্যাঞ্জেলেস থেকে তুরস্কের ইস্তাম্বুল—এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপরই বাধে গোল! ইস্তাম্বুল থেকে ডাকারের বিমানে না তুলে তাঁদের ঢাকাগামী একটি বিমানে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ঢাকা-ঢাকা করে উচ্চারণ করলেও দুই মার্কিন ভেবেছিলেন তুর্কি ভাষায় ডাকারকে হয়তো ঢাকা-ই উচ্চারণ করা হয়। আর এই উচ্চারণের কারণেই ডাকারের বদলে তাঁদের গন্তব্য হয় ঢাকা!
এই দম্পতি ঢাকায় নেমে প্রায় নয় ঘণ্টা সময় নিয়ে বিমান কর্তৃপক্ষকে এই ভুল ধরিয়ে দেন। দুজনকেই পরে বিনে পয়সায় ঢাকা থেকে ডাকারে নিয়ে যায় টার্কিশ এয়ারলাইনস। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যম এই ভুলের ঘটনাকে লাগেজ হারানোর চেয়েও মর্মান্তিক বলে মন্তব্য করেছিল।
ইয়াহু নিউজ অবলম্বনে জাহিদ হোসাইন খান