>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি একাদশ শ্রেণির ছাত্র। সমস্যাটা আমার মাকে নিয়ে। মা ঘরের কাজকর্ম করেন তাঁর ইচ্ছামতো। যেমন আমরা সকালের নাশতা করি ১১টায়। দুপুরের খাবার খাই চারটায়, রাতের খাবার আমি প্রায়ই খাই না। মাঝেমধ্যে যখন খাই, তখন ১২ থেকে ১টা বেজে যায়। মায়ের ঘুমের সময়টাও ওলট-পালট হয়ে গেছে। মা সকাল ১০টা পর্যন্ত ঘুমান। আবার সন্ধ্যা ছয়টায়ও ঘুমান। আমরা ভাইবোন চারজন। আমি সবার বড়। আমার বাবা দেশের বাইরে থাকেন। তিনি গত বছরের ফেব্রুয়ারিতে দেশ ছাড়েন। এর এক বছর আগে বাবার ডায়াবেটিস ধরা পড়ে। মা খুব ভালো করেই জানেন এই রোগের মানুষকে সময় মেনে চলতে হয়। তবু তিনি নিজের ইচ্ছামতো কাজ করে যান। বাবা অনেক বুঝিয়েছেন মাকে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এখন আমার জীবনটাও মায়ের সময়ের সঙ্গে চলতে শুরু করেছে। মায়ের এই সমস্যা দুই বছর ধরে হচ্ছে। কোনো ডাক্তার দেখানোর কথা বললে মা শুধু হাসেন।
নাম প্রকাশে অিনচ্ছুক
পরামর্শ
ভাইবোনদের মধ্যে সবার বড় বলেই হয়তো দায়িত্ববোধ বেশি অনুভব করছ। তবে তুমি যেহেতু এখন প্রায় প্রাপ্তবয়স্ক হয়েই গেছ, তোমাকে কিন্তু ঘরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বেশ কিছু উদ্যোগ নিতে হবে। মায়ের ওপর নির্ভরশীল না হয়ে তোমাদের পক্ষে কি সম্ভব ভাইবোনেরা মিলে সকালের নাশতাটা বানিয়ে ফেলা? রাতে কিছু জিনিস জোগাড় করে রাখলে ভালো হয়, যেমন পাউরুটি, ডিম, কলা ইত্যাদি। মা যখন ১০টায় উঠছেন, তখন তিনি অন্যান্য কাজের সঙ্গে দুপুরের জন্য সামান্য কিছু তৈরি করে ফেলতে পারেন। তুমি বাবার সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ঘরের কিছু দায়িত্ব নিজের ওপরে নিয়ে নাও। এতে তোমার কিছুটা শারীরিক শ্রম দিতে হবে ঠিকই, তবে এভাবে মায়ের রুটিনের সঙ্গে নিজের কাজের জায়গাগুলো জড়িয়ে যাবে না।
বাবা যেহেতু এখন দেশের বাইরে রয়েছেন, তোমাকে কিছুটা অভিভাবকের দায়িত্বও নিতে হবে ছোট ভাইবোনগুলোকে দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে। মনে হচ্ছে, তোমার বাবার ডায়াবেটিস হওয়ার পর থেকে মা হয়তো কিছুটা হতাশায় ভুগছেন। জীবনের প্রতি উত্সাহও হারিয়ে ফেলেছেন। মাকে যেহেতু বুঝিয়ে কোনো কাজ হয়নি, কাজেই তোমরা ভাইবোনেরা আলোচনা করে নিজেদের জন্য বাস্তবসম্মত ও সুবিধাজনক একটি রুটিন করে নাও।
বাবার সঙ্গে আলোচনা করে তাঁকেও বেলা তোমার অন্য ভাইবোনদের সঙ্গে কথা বলতে। মায়ের ইতিবাচক আচরণের প্রত্যাশায় থেকে তোমাদের সঠিক পথে চলার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা ঠিক হবে না। আশা করি, তোমরা সবাই মায়ের প্রতি নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নিজেদের কাজগুলো করবে। সেই সঙ্গে নিজেদের যত্ন নিতেও ভুলবে না।