রবি মানে সূর্য, বিপুল মানে বিশাল। চিকিৎসাবিজ্ঞানে ভর্তি হয়ে রবি নামের ছেলেটি ছড়াবে রবির আলো, আর বিপুল তার বিশালত্ব দিয়ে রোগিদের মাঝে হয়ে উঠবে আস্থার প্রতীক। রবি সুযোগ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে, আর বিপুল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে।আমরা সেই দুটি ছেলের কথা বলছি, যারা একসময় ভাবতেও পারেনি, উচ্চশিক্ষার পথে কোনোদিন পা বাড়াতে পারবে। আজ তারা পেয়ে গেছে স্বনির্ভর হওয়ার পাসপোর্ট। ওদের অভিনন্দন।পাঠকের নিশ্চয়ই মনে পড়ে যাবে, এ পর্যন্ত আসতে ওরা কতোটা কষ্ট করেছে। প্রথম আলোর অদম্য মেধাবী বৃত্তি পেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে ওরা।রবি মানে রবিউল্লাহর কথা একটু আবার বলি। মা হাওয়া বেগম অন্যের দ্বারে দ্বারে ঘুরে তিলে তিলে বড় করে তুলেছেন রবিকে। কোনো জমি-জিরাত নেই, নেই কোনো টাকা-পয়সা। অন্যের জমিতে ছোট্ট একটি ঘর তুলে থাকেন তাঁরা। প্রতিকূল পরিবেশের মধ্যেই রবির বেড়ে ওঠা।পড়াশুনায় তুখোড় ছিল ও। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। রবির এই সাফল্যের খবর প্রথম আলোয় ছাপা হয় ওই বছর। অনেকেই সহানুভূতির হাত বাড়ায় তাঁর দিকে। শিক্ষকেরাও বিশেষভাবে দৃষ্টি দেন রবির প্রতি। অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পান রবি। রবির মা হাওয়া বেগম সবাইকে কৃতজ্ঞতা জানান, ‘রবি লেখাপড়া করতে পারছে এলাকার আর দেশের কিছু ভালো মানুষের জন্য। আমার রবির জন্য দোয়া কইরেন, সে যেন ঠিকভাবে ডাক্তারি পাস করতে পারে।’রবি বলেন, ‘সব শিক্ষকই আমাকে সহযোগিতা করতেন, বিশেষ করে মনে পড়ে হারাধন দাসের কথা। তিনি অভিভাবক হয়ে আমাকে হাইস্কুলে ভর্তি করিয়ে দেন। তাঁর সহযোগিতা ছাড়া আমার পক্ষে এত দূর আসা সম্ভব ছিল না।’আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন দাস বলেন, ‘দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় রবির খাতা দেখে তো আমরা অবাক। কোথাও কোনো ভুল নেই। নম্বর কাটার কোনো সুযোগ ছিল না। ওই দিনই বুঝেছিলাম, এ ছেলে একদিন ভালো কিছু করবে।’এল এসএসসি। ২০০৮ সালে রবি এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন।এ ফলের জন্য রবি লাভ করেন প্রথম আলোর অদম্য মেধাবী বৃত্তি। ভর্তি হন ঢাকা কলেজে। এ সময় দেশ-বিদেশের অনেকেই তাকে সাহায্য করেছেন। এ বছর এইচএসসিতে রবি পান জিপিএ-৪.৯। অল্পের জন্য জিপিএ-৫ হাতছাড়া হলেও দমে যাননি রবি। নতুন উদ্যমে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। ২২ অক্টোবরের মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে রবি সুযোগ পেয়ে যান ঢাকা মেডিকেল কলেজে।ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার পর রবি বলেন, ‘আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না। মাকে খুব মনে পড়ছে। যাঁদের জন্য আমি এখানে আসতে পেরেছি, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।’ পড়া শেষ করে কী করবেন, জানতে চাইলে রবি জানান, ‘ডাক্তার হয়ে গ্রামে ফিরে মানুষের সেবা করার ইচ্ছা আছে।’এবার বলি বিপুলের কথা। জামালপুরের চরের ছেলে বিপুল মিয়া। এ বছর অর্ধ লক্ষ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেরা ৫০০ জনের মধ্যে স্থান করে নিয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে সে।পড়াশোনায় বরাবরই ভালো বিপুল। ছোটবেলা থেকেই অভাব আর ক্ষুধা ছিল বিপুলের নিত্যসঙ্গী। দিনমজুর বাবার সঙ্গে বিপুল মিয়া নিজেও কাজে যেত। তখন আর স্কুলে যাওয়া হতো না। তবে প্রতিদিনের পড়া সে নিয়মিত করে রাখত। স্কুলে পড়তেই হঠাৎ তার মনে হলো, আমাকে ডাক্তার হতে হবে। সারা চরে একজন ডাক্তার না থাকায় বিপুল এমন লক্ষ্য নির্ধারণ করে। ‘স্বপ্ন ছিল ডাক্তার হবো। কিন্তু ছিল অনেক বাধা। মা-বাবার অনুপ্রেরণায় আমি আমার স্বপ্নকে মনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলাম।’—বলল বিপুল।এই সেই বিপুল, যাকে নিয়ে ২০০৮ সালে প্রথম আলোয় লেখা হয়েছিল তার জিপিএ-৫ অর্জনের পেছনের কথা। পয়সার অভাবে যে কেরোসিনের আলোর বদলে দিনের আলোয় পড়া শেষ করে রাখত। এখনো যাদের থাকার ঘর অন্যের জমিতে। ওই বছর বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফল করায় প্রথম আলোর অদম্য মেধাবী হিসেবে উচ্চমাধ্যমিকে পড়ার বৃত্তি পায় বিপুল। ভর্তি হয় ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। শিক্ষকেরাও বিপুলকে সাহায্য করতেন সব সময়। এ বছরও বিপুল উচ্চমাধ্যমিকে আবারও জিপিএ-৫ পায়।বিপুলের মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলেটা ছোটবেলা থেকেই ডাক্তার হতে চাইত। আমরাও চাইতাম, সে ডাক্তার হোক, কিন্তু টাকার অভাব থাকায় ওর কোনো শখ আমরা পূরণ করতে পারতাম না। নিজের চেষ্টায় এবং অনেকের সহায়তায় সে এই পর্যন্ত লেখাপড়া করেছে।’ ছোটবেলা থেকেই বিপুলকে টুকটাক সাহায্য-সহযোগিতা করে আসা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ‘ওর মতো মেধাবী ছেলে খুব কম দেখা যায়। আমার বিশ্বাস, বিপুল একজন বড় ডাক্তার হবে।’ শত বাধাকে পেছনে ফেলে এগিয়ে আসা বিপুল ডাক্তারি পড়া শেষে চরের মানুষের সেবা করতে চান। ব্রহ্মপুত্র নদের চরের বারোয়ামারি গ্রামের মানুষগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার বড় দায়িত্ব বলে মনে করেন তিনি।বিপুল এখন নতুন দিনের অপেক্ষায় আছে।