ডাক্তারি পড়ার দৌড়ে...
‘যে হারে প্রতিযোগিতা বাড়ছে। শুধু কষ্ট করলেই হবে না। সময়ের সদ্ব্যবহার তো করতেই হবে। সেই সঙ্গে হতে হবে আরও কৌশলী।’ বলছিলেন ২০০৫-০৬ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রায়হান আলী মোল্লা।যাঁরা এইচএসসি শেষ করলেন, তাঁদের বড় একটা অংশ কেবল পরিবারের ইচ্ছায় নয়, নিজেরাও স্বপ্ন দেখেন, একদিন চিকিৎসক হবেন। ছোটবেলায় পরীক্ষার খাতায় যেমন লিখেছিলেন, ‘মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর’। আজও তাঁরা তেমনি করেই স্বপ্ন দেখেন। রচনার ভেতরে সব বাক্যই হয়তো লেখার জন্য লেখে। হয়তো সত্যিই স্বপ্ন দেখতে দেখতেই লিখেছিল অথবা লিখতে লিখতেই স্বপ্ন দেখেছিল—একদিন আমি চিকিৎসক হয়ে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করব। এই স্বপ্ন যাঁরা এখনো লালন করছেন, তাঁদের কাছে মেডিকেল কলেজে ভর্তির বিকল্প নেই। ‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল।’—এই বাক্যের ইংরেজি অনুবাদ দু-একটা পরীক্ষায় না লিখে মনে হয় না কেউ এ পর্যায়ে এসেছেন। চিকিৎসকদের নিয়ে একটি কৌতুক বলি। এই যেমন ডাক্তার সফদর (এই নামে সত্যি কোনো চিকিৎসক নেই, আমরা সফদর ডাক্তার, মাথাভরা টাক তার’ কবিতাটি থেকেই নামটা ধার করলাম।) হন্তদন্ত হয়ে এক রোগীর কাছে এসে বললেন, আমার কাছে আপনার জন্য একটা খারাপ, আর একটা খুব খারাপ খবর আছে। রোগী বলল, খারাপটাই আগে বলেন। চিকিৎসক বললেন, ল্যাব রিপোর্টে লেখা আছে, আপনার আয়ু আর ২৪ ঘণ্টা। রোগী আহত গলায় বলল, মাত্র ২৪ ঘণ্টা! এইটাই যদি খারাপ খবর হয়, খুব খারাপ খবরটি কী? চিকিৎসক বললেন, আসলে হয়েছে কী, রিপোর্টটা গতকালের ছিল। কাজ থাকায় আপনাকে জানাতে আসতে পারিনি।২০০৯-১০ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আবু নাহিদ যদি এ গল্প শোনেন, তাঁর মনটাই না খারাপ হয়ে যায়। তাঁর স্বপ্ন তো সফদর ডাক্তার হওয়া নয়, তিনি চিকিৎসক বিধান রায় হবেন। যিনি রোগীকে আসতে দেখেই একটার পর একটা রোগ পুঙ্খানুপুঙ্খভাবে বের করে ফেলতে শুরু করতেন, ঠিক যেন ফেলুদার চিকিৎসক ভার্সন। কিংবা শাহবাগে দেখা বারডেমের সুউচ্চ বিল্ডিংয়ের চেয়ে অনেক উঁচু স্বপ্নের মালিক চিকিৎসক ইব্রাহিম হবেন। হয়তো তাঁর চেয়েও বেশি কিছু। অন্তত নাহিদের কথা শুনে তো তা-ই মনে হলো। ‘... মানুষের সরাসরি সংস্পর্শে থেকে উপকারের সুযোগ অন্য পেশায় হয় না। এই চিকিৎসা পেশাতেই রয়েছে মানুষকে সরাসরি অনুভবের সুযোগ।’ ভালো ফলাফলের সংখ্যা বাড়ছে, নতুন প্রজন্ম প্রস্তুত হচ্ছে উচ্চশিক্ষার সদর দরজা খুলে বড় পরিসরে প্রবেশ করতে। সেই হারে উচ্চশিক্ষার সুযোগ অনেক কম। ফলে বাড়ছে প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার জন্য কীভাবে প্রস্তুত হতে হবে, এ বিষয়ে বলছিলেন ২০০৯-১০ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী ফেরদৌস আহমেদ। ‘মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন মূলত উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকেই হয়ে থাকে। জীববিজ্ঞান যার মধ্যে মূলত প্রাণিবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়েই পরীক্ষা। সিলেবাসভুক্ত বিষয়গুলো নির্দিষ্ট একটি বই, যে বইটি পরীক্ষার্থী নিজে এইচএসিসির জন্য পড়েছেন, সেটি ভালোমতো পড়লেই ৮০ শতাংশ কাজ হয়ে যাবে। অন্যান্য লেখকের বইকে পাশাপাশি রাখতে পারলে বাকিটুকুও হয়ে যাবে।’ নাহিদ বলছিলেন, ইংরেজির ব্যাপারে ‘কোনো সিলেবাস নেই, তাই গ্রামারের ওপরই জোর দিতে হবে, ইংরেজিতে ভালো দখল থাকলে সুবিধা না থাকলেও বেসিক তৈরির দিকে মনোযোগটা একটু বেশি দিতে হবে।’ আবার ফেরদৌস বললেন, সাধারণ জ্ঞান যদিও ১০ নম্বরের, তার পরও প্রতিযোগিতার ব্যবধানটা তৈরি করা যেতে পারে এখানেই। প্রস্তুতির জন্য প্রতিষ্ঠিত ভালো প্রকাশনী থেকে প্রকাশিত সর্বশেষ সাধারণ জ্ঞান বই পড়লেই হবে। বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু তথ্য মিলিয়ে দেখতে পারলে ভালো। আরও পরামর্শ আছে সাদ আহমেদের কাছে। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষাকে ভর্তি পরীক্ষা বলেন না, বলেন ভর্তিযুদ্ধ। এ যুদ্ধ জয়ে তাঁর পরামর্শ, ‘বইয়ের অবজেকটিভগুলো দাগ দিয়ে রাখলে রিভিশনের সময় অল্পতে অনেক পড়া যাবে। গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যাওয়ার আশঙ্কা কমবে। পদার্থবিদ্যার সব সূত্র মনে রাখতে হবে। কেননা যেকোনো জায়গা থেকে অঙ্ক আসতে পারে। সূত্র জানলে অল্প সময়ে অঙ্কগুলোর সমাধান বের করা সম্ভব হবে। রসায়নে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়তে হবে বারবার।’ নাহিদ, ফেরদৌস ও সাদ তিনজনই মনে করেন, ‘মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতির অংশ হিসেবে কোচিং সহায়কশক্তি। তবে চটকদার বিজ্ঞাপন দেখে নয়, ভালো করে খোঁজখবর নিয়েই কোচিং সেন্টার কিংবা শিক্ষক বাছাই করতে হবে।’ সাদ যেমন ভর্তি পরীক্ষাকে রীতিমতো ভর্তিযুদ্ধ মনে করেন, অন্য পরীক্ষার্থীদেরও নিশ্চয়ই তা-ই মনে হবে। সেনানিবাসের বিভিন্ন জায়গায় একটা কথা লেখা থাকে, ‘কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ।’ কঠিন প্রস্তুতি নিতে থাক, ভর্তিযুদ্ধটা তখন অনেকটাই সহজ হয়ে যাবে। স্বপ্ন পূরণের পথে তখনই রাখতে পারবেন প্রথম পদক্ষেপ।