ঢেউয়ের তালে নৌকা বাজাওপানসি নৌকার ছইয়ের নিচে আলো-আঁধারির লুকোচুরি খেলা। দূরের কোনো হাটের উদ্দেশে বেরিয়েছে নৌকাটা। একপাশে থরে থরে সাজানো সোনালি পাটের গাঁট। আরেক পাশে নদীর জলে ঘরকন্নার সাজসরঞ্জাম। গ্লাস, প্লেট, কুপিবাতিসহ টুকিটাকি জিনিসপত্তর। চুলোয় ভাতের হাঁড়ি চাপানো হয়েছে। ছইয়ের বেড়ায় একটা হুকো ঝুলে আছে অসহায় ভঙ্গিতে। ঝুলে আছে হারিকেন। লাল রঙের অনেকগুলো মাটির হাঁড়ি উপুড় করে সাজানো, তা দেখে ‘হাঁড়িমুখো’ শব্দটার মোক্ষম উদাহরণ বোধগম্য হয়! পালের কাপড়গুলো ভাঁজ করে রাখা। ছইয়ের নিচে মাঝির দেখা নেই। নিঝুম সেই ছইয়ের ভেতর থেকে বেরোতেই চোখ ছানাবড়া! এ যে রীতিমতো নৌকার হাট! কত শত যে নৌকা! একটার সঙ্গে আরেকটার মিল নেই এতটুকুও! বিশাল আকারের ময়ূরপঙ্খী নাও থেকে শুরু করে পুঁচকে ডিঙি নৌকা, কী নেই সেখানে? কী আছে সেটাই দেখতে থাকি। বিভিন্ন এলাকার নদীর নৌকাগুলোর মধ্যে গয়না, হরোঙ্গা, বাইচ, গোসী, পাতাম, চরোঙ্গা, তাবোড়ি, পেটি, গসতি, বিক, করপাই, ঘাসি, পটোল, পালকি, বাজিপুরী, কোসা, চান্দিসহ আছে বিচিত্র আকারের রাজশাহীর জোড়া নৌকা। জোড়া নৌকাটা দুটি নৌকা দিয়েই তৈরি। দুই নৌকার এক পাটাতন, বাকি সব আলাদা! আরও আছে বেদি বাসারী, মেলি, বালার, বাসারি, বজরা, রাফট। রাফট নৌকাটাও কম বিচিত্র নয়। কতগুলো বাঁশ পাশাপাশি জুড়ে দিয়ে বানানো তা। একপাশে খড়ের ছাউনি। পিনাশ নামের একটা নৌকা দেখা গেল, তার পাশে রপ্তানি নৌকা, ট্যাক্সি নামের একটা নৌকারও দেখা মেলে সেখানে। ট্যাক্সি নৌকার বাহার দেখে দেখি বারকি, পালটাই, তাবোড়ি আর বেদের নৌকা। বেদেদের নৌকাটায় উঁকি মারি, নাহ্, কেউ নেই। অবশ্য থাকার কোনো উপায়ও নেই। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আমাদের ঐতিহ্যের নৌকার প্রদর্শনীতে এসেছি। এতক্ষণ যে নৌকাগুলো দেখেছি, তার সবগুলোই আমাদের ঐতিহ্যের নৌকার অবিকল প্রতিরূপ। প্রদর্শনীটির আয়োজন করেছে ‘ফ্রেন্ডশিপ’।কোন মেস্তরি নাও বানাইছেযমুনার পাড়ে শাহজাদপুরের মানুষ বাঞ্ছা সূত্রধর। বাপ-দাদার পেশা নৌকা বানানো। যমুনার পাড়ে বাপ-দাদার সঙ্গে নিজেও নৌকা বানিয়েছেন একসময়। এখনো সেই কাজটিই করছেন, তবে তা সাভারে বসে। ফ্রেন্ডশিপ নামের প্রতিষ্ঠানটি জীবন্ত নৌকা জাদুঘর তৈরি করছে সেখানে। তাদের ডাকেই বাঞ্ছা সূত্রধরের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে ২০ জন নৌকার কারিগর সেখানে নৌকা বানাতে এসেছেন। প্রদর্শনীর নৌকাগুলো তাঁদেরই বানানো। কেউ হয়তো কাঠের কাজ করেন, কেউ বাঁশের আর কেউ বা করেন রং নিয়ে মাখামাখি। ‘যমুনার ওপর সেতু হওয়ার পর নদীতে আর তেমন নৌকা দেখা যায় না এখন। আগের মতো নৌকা বানানোর ধুম নেই। নদী মরে যাওয়া আর ইঞ্জিনের নৌকার দাপটে আমাদের পুরোনো অনেক নৌকার দেখা মেলা ভার। হারিয়ে যাওয়া সেই নৌকাগুলোই বানাই আমরা। সে নৌকাগুলো পানিতে না ভাসলেও সবাই দেখছে। দেশের বাইরেও দুবার প্রদর্শনী হয়েছিল। যেভাবেই হোক বাপ-দাদার আমলের নৌকাগুলো এখন সবাইকে দেখাতে পারছি। ভালোই লাগে ব্যাপারটা।’ একটা বাঁশ কাটতে কাটতে কথাগুলো বলছিলেন বাঞ্ছা সূত্রধর। গ্যালারির এক কোনায় মিছেমিছি ডেরা ফেলেছেন তিনি ও তাঁর সঙ্গীরা। ডেরার পাশে একটা নৌকা বানানোর কাজ চলছে। ঠুকঠাক ঠুকঠাক।ছলছলাইয়া চলুক রে নাওগ্যালারির মাঝখানটায় লম্বামতো একটা গাছের গুঁড়ি, করাত দিয়ে কাটা হচ্ছে তা। নৌকা বানানোর প্রথম ধাপ এটা। সেটা দেখাতে দেখাতে কথা বলছিলেন ফ্রেন্ডশিপের কর্মকর্তা রূপা খান। ‘বিভিন্ন কারণে আমাদের ঐতিহ্যের নৌকাগুলো হারিয়ে যাচ্ছে। অথচ এ নৌকাগুলোই ছিল আমাদের মূল বাহন, চালিকাশক্তি! তাই আমরা চেষ্টা করছি নৌকাগুলোকে টিকিয়ে রাখতে। সবাই দেখুক আমাদের সৃজনশীলতা কতটা উঁচুদরের ছিল। নৌকা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার কারিগরেরাও হাত গোটাতে শুরু করছেন আজকাল, করছেন পেশা পরিবর্তন! আমরা তাঁদের তুলে আনছি, তাঁদের দক্ষ সৃজনশীল হাত আবারও সচল হচ্ছে। তৈরি হচ্ছে পুরোনো নৌকাগুলো, যা দেখে সবাই সজাগ হবেন আমাদের হারানো গৌরবকে ধরে রাখার ব্যাপারে।’ হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগোলে একটা ভাঙাচোরা বিধ্বস্ত নৌকা চোখে পড়ে। সেটা দেখিয়ে রূপা খান বলেন, ‘আমরা যদি নদী ও নৌকার ব্যাপারে এখনো সজাগ না হই, এমন অবস্থাই চোখে পড়বে কয়েক দিন পর।’ ভাঙা নৌকাটার পাশেই আবার বিপরীত দৃশ্য, একটা নৌকা ছুটে যাওয়ার জন্য বাদামি রঙের পাল তুলে প্রস্তুত! দেখেই চোখ জুড়িয়ে যায়। এই তো বাংলার আসল রূপ! ‘ট্র্যাডিশনাল বোটস অব বাংলাদেশ’ নামের এই প্রদর্শনীটি চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। ঢাকার বাইরে যাঁরা আছেন, তাঁরাও দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন, ফ্রেন্ডশিপের www.friendship-bd.org/exhibition এই ঠিকানায় চোখ বুলিয়ে।