
পুরোদস্তুর ডানপিটে মেয়ে বলতে যা বোঝায় ছোটবেলায় তাই ছিলেন মাহফুজা খাতুন। ডাক নাম ‘শীলা’ হওয়ার কারণে কি না, কে জানে৷ ছোটবেলা থেকেই লাফঝাঁপে ওস্তাদ ছিলেন তিনি। ওই বয়সে ফুটবল ছিল তাঁর প্রিয় খেলা! আর স্কুলে থাকতেই ক্রীড়াবিদ হিসেবে নাম কুড়িয়েছেন। পুরস্কারও জিতেছেন ঢের। ঘটনাচক্রে বলি আর ভাগ্যচক্রে বলি মাহফুজা খাতুন হয়েছেন জলকন্যা। মানে সাঁতারু৷ লাফালাফি করা মেয়েটে কী করে সাঁতারে নাম লেখালেন সেই গল্প শুনি তাঁর মুখেই।
‘যশোরের নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে থানা পর্যায়ে খেলাধুলা হচ্ছে। অ্যাথলেটিকসে নাম দেওয়া আছে, আমি স্কুলে পৌঁছাই দেরিতে। ততক্ষণে আথলেটিকসের পর্ব শেষ। তখন হেড স্যার আমাকে হাত ধরে নিয়ে যান সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে। পুকুরে নেমে যাই। কী করে জানি, সেই প্রতিযোগিতায় প্রথম হই। তারপর জেলা পর্যায়ে ডাক পাই। সেখানেও প্রথম হই। এভাবেই চলে আসি সাঁতারের কাতারে।’
এরপর মাহফুজার গল্পটা শুধু সফলতার।
বিভাগীয় পর্যায় থেকেই জাতীয় পর্যায়েও পুরস্কার পান সেবার। আর সপ্তম শ্রেণীতে পড়ার সময় বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) আসেন সাঁতারের একটা প্রশিক্ষণে। প্রশিক্ষণ শেষে বাড়ি গিয়েই ডাক পান বিকেএসপিতে ভর্তির। কিন্তু ইচ্ছা থাকলেও সংগতি ছিল না পরিবারের। মূল কারণ, বাবার আর্থিক অবস্থা। ঠিক তখন এগিয়ে আসেন রেজাউল বিশ্বাস নামের একজন স্থানীয় ব্যবসায়ী। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে, সঙ্গে করে নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়ে যান বিকেএসপিতে। দিনটা এখনো মনে আছে মাহফুজার। ২৩ নভেম্বর ২০০২। এর পর থেকেই সফলতা আর মাহফুজা খাতুন যেন রেললাইনের মতো সমান্তরাল৷ বিকেএসপিতে ভর্তির পরের বছরই জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় জেতেন স্বর্ণ ও রৌপ্যপদক। তিনটি ব্রোঞ্জ জেতেন ২০০৬ সালে। তবে ২০০৪ থেকে ২০১৩ পর্যস্ত বেস্ট স্ট্রোকে শীর্ষস্থানটা ছিল মাহফুজার দখলে। এর মধ্যে ২০১০ সালে ইন্দো-বাংলা গেমসে জেতেন দুিট রুপা ও একটি সোনা। একই বছরে, ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২২তম র্যাঙ্কিংয়ে নিজের নাম তোলেন৷ বর্তমানে সাঁতারু হিসেবে আছেন নেভিতে। আর পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।

মিরপুর সুইমিং কমপ্লেক্সে বসে মাহফুজা খাতুনের সঙ্গে যখন কথা হয় তখন সকাল। ক্যাম্পের নিয়মিত প্রশিক্ষণ শেষ করে নাশতা সেরে বসেছেন প্রথম আলোর সঙ্গে। শুরুতেই প্রশ্ন রাখি, একজন সাঁতারু হওয়ার বড় সুবিধা কী? একগাল হেসে বলেন, ‘মানুষ চেনে, ভালোবাসে, সম্মান করে এটাই তো বড় পাওয়া।’ এই যে সম্মান, ভালোবাসা এটা পাওয়ার জন্য তো কম কাঠখড় পোড়াতে হয়নি মাহফুজার! গল্পটাও অবশ্য আগেই বলেছেন। যেটুকু বলেননি তা হলো, ‘আমার বাবা ছিলেন হাডুডু (কাবাডি) খেলোয়াড়। ছোটবেলা থেকেই দেখেছি খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ। এই সুবিধাটা আমি পেয়েছি।’
শুধু বাবা নন, এত দূর আসার পেছনে পরিবারের সবারই অবদান আছে বলে জানান তিনি। স্বীকার করেন বন্ধু ও আত্মীয়স্বজনের সহযোগিতার কথাও। আর স্বপ্ন দেখেন, একদিন তাঁর হাত ধরেই দেশে সবচেয়ে বড় অর্জন আসবে। সেই আশাতেই নিয়মিত পানিতে নামেন যশোরের এই জলকন্যা।