ডাবল জ্যাকেট
আমাদের বিদ্যালয়ে খুব রাগী একজন শিক্ষক ছিলেন। তিনি প্রতিদিন ক্লাসে বিভিন্ন রকমের বেত নিয়ে আসতেন। এক শীতের দিন আমি স্কুল ড্রেসের ওপর আমার এবং আমার ভাইয়ের জ্যাকেট পরে স্কুলে গেলাম। যথারীতি স্যার আমাকে পড়া ধরলেন আর আমি স্যারের দিকে চেয়ে শীতে দাঁত ডাকাচ্ছি কট...কট...কট...। স্যারের রক্ত মাথায় উঠে গেল। স্যার একটু স্বাস্থ্যবান একটা বেত নিয়ে আমার জ্যাকেটের ওপর পেটাতে শুরু করলেন। কিন্তু কী আশ্চর্য, আমি ব্যথা অনুভব করলাম না। তবে অভিনয় শুরু করলাম ডানে-বাঁয়ে দুলতে দুলতে। আমার ভাইয়ের জ্যাকেটটি ছিল অনেক পুরোনো, তাই এটা থেকে অনেক ধুলোবালি বের হতে শুরু করল। আর এ ধুলোবালির কারণে ক্লাসের সব ছাত্র হাঁচি দিতে শুরু করল। স্যারও একপর্যায়ে পকেট থেকে রুমাল বের করে নাক ঢেকে নিয়ে আমাকে পেটানো অব্যাহত রাখলেন। একসময় সম্পূর্ণ ক্লাস জ্যাকেটের ধুলায় ছেয়ে গেল। আর এদিকে ছাত্ররা হাঁচি দিতে দিতে ক্লান্তপ্রায়। হঠাৎ এক ছাত্র (রইছ) পেছন থেকে স্যারকে উদ্দেশ করে বলল, ‘স্যার, দয়া করে অন্য কাউকে পেটান, না হয় আমরা ক্লাস থেকে বের হয়ে যাই।’ এই কথা বলতে না বলতে স্যার গেলেন রইছকে পেটাতে আর আমি কিছু সময়ের জন্য অবসর গ্রহণ করলাম। দক্ষিণ ভাগ এনসিএস উচ্চবিদ্যালয়, বড়লেখা, মৌলভীবাজার।