বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা অলকেশ পাল ১৮ এপ্রিল রাতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন। এক ঘণ্টার মধ্যে অবস্থার অবনতি হয়। তাঁকে ভর্তি করা হয় নগরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ছয় দিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। ঋতু পরিবর্তন, অত্যধিক গরম ও খাবারে দূষণের কারণে নগরে এখন ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে ডায়রিয়া রোগীর ভিড় বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।চিকিৎসকেরা জানান, ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এর পাশাপাশি জলবসন্ত, শ্বাসকষ্ট, নিউমোনিয়াজনিত জ্বরের প্রবণতাও দেখা দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি মেডিসিন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের এক-তৃতীয়াংশ ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া শিশুরা ভুগছে জলবসন্ত ও শ্বাসকষ্টে।শিশুস্বাস্থ্য বিভাগেও ডায়রিয়া রোগী আসছে প্রতিদিন। এ প্রসঙ্গে শিশুস্বাস্থ্য ওয়ার্ডের পরামর্শক বাসনা মুহুরী প্রথম আলোকে বলেন, ‘গরমের কারণে শিশুদের নানান রোগ হচ্ছে। মাসখানেক আগে ডায়রিয়া রোগী ছিল বেশি। এখন একটু কমে এসেছে। এ ছাড়া শিশুদের মধ্যে জলবসন্ত ও শ্বাসকষ্টের রোগী বেশি আসছে এখন।’শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ মেজবাহুল হক বলেন, ‘গরমজনিত ডায়রিয়া ও জ্বর এখন বেশি দেখা যাচ্ছে। আমরা চেম্বারে এ ধরনের রোগী বেশি পাচ্ছি। এতে বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে।’চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালেও ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি বলে জানা গেছে। শিশুদের ক্ষেত্রে এই রোগগুলো বেশি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যাপক নুরুল ইসলাম খান। তিনি বলেন, হাসপাতালে বেশির ভাগ রোগী আসছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। বাইরের ধুলোযুক্ত বাতাস, পচা-বাসি ও খোলা খাবারের কারণে ডায়রিয়া ও শ্বাসকষ্টের প্রবণতা দেখা দিচ্ছে। এ ছাড়া গরম ঠান্ডা ও ধুলোযুক্ত বাতাসের কারণে অপুষ্টিতে ভোগা শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।’অত্যধিক গরম ও বাইরের দূষিত খাবার খাওয়ায় এটা হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। জানা গেছে, গরমের দিনে মানুষ রাস্তাঘাটে আইসক্রিম, আখের রস, শরবত, আচার, তরমুজসহ নানা খাবার-পানীয় গ্রহণ করেন। বিদ্যালয়ে যাওয়া-আসার সময় শিশুরাও এসব খেয়ে থাকে। এসব খোলা খাবার গ্রহণের ফলে ডায়রিয়াসহ নানান পেটের পীড়া দেখা দিচ্ছে। গরমের দিনে খাবার গ্রহণে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নুরুল ইসলাম খান বলেন, ‘শিশু ও বয়স্কদের খাবারের ক্ষেত্রে সাবধান হতে হবে। রাস্তার খোলা খাবার পরিহার করতে হবে। হাত পরিষ্কার করে বাচ্চাদের খাবার খাওয়াতে হবে।’ ডায়রিয়া হলে স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক খাবার খেতে হবে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ইত্যাদি রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।