ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বেড়েছে। গত শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৪ জন ডায়রিয়া ও ৫২ জন নিউমোনিয়া–আক্রান্ত রোগী অন্তর্বিভাগে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বেশির ভাগ শিশু। এদিকে ভর্তি হওয়া রোগীর স্বজনেরা হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধপত্র পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
গত শুক্রবার বেলা ১১টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে ডায়রিয়ায় ২২ ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী নয়জন। রোগীর স্বজনেরা জানান, ডায়রিয়া রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ বরাদ্দ না থাকায় বেকায়দায় পড়তে হচ্ছে তাঁদের। বাইরের দোকান থেকে ওষুধপত্র কিনে কোনো রকমে চিকিৎসাসেবা চালাচ্ছেন।
অন্তর্বিভাগে ভর্তি হওয়া পৌর এলাকার বলরামপাড়ার মিনহাদের (১৩ মাস) মা শিউলি আকতার ও ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার জিনা আকতারের (১০ মাস) মা হোসনে আরা বেগম বলেন, ‘বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু খাওয়ার স্যালাইন ছাড়া হাসপাতালে কিছুই মিলছে না। আমরা গরিব মানুষ, বাইরের দোকান থেকে ওষুধ কিনে চিকিৎসা চালাতে কষ্ট হচ্ছে।’
হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সেবক-সেবিকাদের। ওয়ার্ডের দায়িত্বরত সেবক আনিসুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অন্তত দেড় শ ডায়রিয়া ও ৩০ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। অন্তর্বিভাগ চালাতে ১৪ জন সেবক-সেবিকার প্রয়োজন। সেখানে আছেন মাত্র দুইজন। এরপরও রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।’
রোগীরা সরকারি ওষুধপত্র না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দিনে ডায়রিয়া রোগীর জন্য অন্তত ৫০টি স্যালাইন দরকার। কিন্তু তার স্থলে বরাদ্দ মিলছে মাত্র ১০টি। তবে খাওয়ার স্যালাইন পর্যাপ্ত বরাদ্দ রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসাসেবা নিচ্ছে অনেক রোগী। চিকিৎসক আশিষ দে জানান, দিনে প্রায় ১০০ রোগী দেখতে হয়। বেশির ভাগ রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত এক সপ্তাহে বহির্বিভাগে ৪০০ ডায়রিয়া ও ২০০ নিউমোনিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও ভাইরাসজনিত কারণে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
মুঠোফোনে জানতে চাইলে কক্সবাজার সিভিল সার্জন মোখলেছুর রহমান বলেন, হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধপত্র বরাদ্দ দেওয়া হবে।