ফটিকছড়িতে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। গত আট দিনে দুই হাজারের বেশি শিশু এসব রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে প্রায় এক হাজার রোগীকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় ৭৮৬ জনকে। এ ছাড়া বেসরকারি চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছে অনেকে। উপজেলা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে উপজেলা হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে অনেক শিশুর অবস্থার অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে।সূত্র জানায়, ৩১ শয্যার ফটিকছড়ি উপজেলা হাসপাতালে শিশুরোগের চিকিৎসার জন্য আলাদা কোনো শয্যা নেই। তাই পুরুষ ও মহিলা ওয়ার্ডে রেখেই প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৫ মে সরেজমিনে দেখা যায়, সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ২৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শয্যার অভাবে তাদের রাখা হয়েছে মেঝেতে। ঢালকাটা গ্রামের মুক্তা আকতার তাঁর ডায়রিয়ায় আক্রান্ত মেয়ে তাসফিয়া আকতারকে (দেড় বছর) ১০ মে এখানে ভর্তি করান। শয্যা-সংকটের কারণে তাসফিয়া আকতারকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গত ছয় দিনেও তার অবস্থার উন্নতি হয়নি। বরং নতুন করে তার পেটের ব্যথা শুরু হয়েছে। শিশুদের মায়েরা জানান, ভর্তির তিন-চার দিন পরও তাঁরা শিশুদের জন্য শয্যা পাননি। ফলে ধুলাবালুসহ পায়ের সঙ্গে আসা রোগজীবাণু শিশুদের শরীরে ঢুকে তাদের রোগ আরও দীর্ঘায়িত হচ্ছে। হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, সম্প্রতি ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি-জ্বর ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে ৯০ থেকে ১০০ রোগী চিকিৎসা নিয়েছে। এ ছাড়া দিনে ২৫ থেকে ৩০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। সেবক তত্ত্বাবধায়ক জ্যোতি সূত্রধর জানান, শিশুরোগীর হার হঠাৎ বেড়ে যাওয়ায় শয্যা-সংকট দেখা দিয়েছে। তাই তাদের মেঝেতে রেখেই চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। শিশুরোগ বিশেষজ্ঞ শফিকুল ইসলাম জানান, মূলত মৌসুমের গরম-ঠান্ডা আবহাওয়ার কারণে শিশু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। দিনে প্রচণ্ড গরম, রাতে গরম-ঠান্ডার ফলে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরকারি হাসপাতালের দ্বিগুণের বেশি শিশু বেসরকারি চিকিৎকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি শিশুদের বাজারের পচা-বাসি খাবার পরিহার, ডায়রিয়া রোধে ওরস্যালাইন এবং জ্বর-সর্দি-কাশির ক্ষেত্রে নাপা জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দেন। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে বলে তিনি আশঙ্কা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, ‘এটি মৌসুমি রোগ। তবে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলার সবচেয়ে বড় এ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটির শয্যাসংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি শিগগির শুভ ফল পাওয়া যাবে।’