ডায়াবেটিস প্রতিরোধে আর কত দিন?

ডায়াবেটিস রোগীরা যেভাবে ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার পরিমাণ নির্ণয় করতেন গত ৫০ বছরে তাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতিও অনেক সহজ হয়েছে, বিস্তার লাভ করেছে। কিন্তু, এখনো রোগ প্রতিরোধ নয়, কেবল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখাটাই এই রোগের চিকিৎসার উপায়। তবে, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আশা করছেন আগামী ৫০ বছরেই ডায়াবেটিস প্রতিরোধের পথ পেয়ে যাবে মানুষ।
এমন একটা সময় ছিল যখন কেবল প্রস্রাবে শর্করার পরিমাণ থেকেই ডায়াবেটিস আছে কি না তা নির্ণয় করা হতো। এখন অনেক ধরনের পদ্ধতিতে অনেক যথাযথভাবে রক্তে শর্করার পরিমাণ নির্ণয় করা যায়, ডায়াবেটিস শনাক্ত করা যায়। এগুলোর মধ্যে আছে, ‘এ ওয়ান সি’ পদ্ধতি, যাতে তিন মাসের মেয়াদে রক্তে শর্করার পরিমাণের গড় হার নির্ণয় করা হয়। এই পদ্ধতির ফলে বোঝা যায় রোগী সঠিক পথে এগুচ্ছে কি না।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে হেনরি ফোর্ড হেলথ সিস্টেম-এর সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ফ্রেড হোয়াইট হাউস বলেন, অনেক পরিবর্তন হয়েছে, বেশির ভাগই আগের চেয়ে ভালোর জন্যই। কিন্তু মানুষ এই রোগ থেকে সেরে উঠতে চায়। আমরা এখনো তা পেরে উঠিনি।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের প্রধান বৈজ্ঞানিক ও মেডিকেল কর্মকর্তা রবার্ট র্যাটনার বলেন,‘ডায়াবেটিস এবং এর জটিলতাগুলো নিয়ে ব্যাপক বোঝাপড়া বাড়লেও আমরা কেবল এখনো একে নিয়ন্ত্রণেই সক্ষম।’
গবেষকেরা বলছেন, ডায়াবেটিসের প্রধান সমস্যা হলো এ থেকে তৈরি হওয়া নানা জটিলতা। আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের ডায়াবেটিস রিসার্চ সেন্টারের মিখায়েল ব্রাউনলি বলেন,‘কোনো জটিলতা না থাকলে ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজমের মতো সহজে নিয়ন্ত্রণযোগ্য একটা রোগে পরিণত হতো। হরমোন পরিবর্তনের জন্য একটা ট্যাবলেট খেয়েই সবকিছু ঠিক হয়ে যেতে পারত।’
ডায়াবেটিসের নতুন চিকিৎসায় অবশ্যই হাইপোগ্লাইসিয়েমার ঝুঁকি মুক্ত থেকে শর্করা ও হজমের সমস্যা নিয়ন্ত্রণে সফল গতে হবে। ডায়াবেটিসের জটিলতাগুলোকে ঐতিহাসিক স্মৃতিতে পরিণত করতে হবে।
সম্প্রতি আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ৭৫তম বৈজ্ঞানিক সম্মেলনের এক বিশেষ সিম্পোজিয়ামে গবেষকেরা আশাবাদ ব্যক্ত করেছেন যে,‘আগামী ৫০ বছরে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস কেন হয় সে বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে এবং এই রোগ হওয়ার জটিল প্রক্রিয়াটাকে থামিয়ে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে, অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধের পথ বের করতে হবে।’