দুই বছরের শিশু মামুন ডায়াবেটিসে আক্রান্ত। তার দিনমজুর বাবার পক্ষে ডায়াবেটিসের মতো ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব ছিল না। কিন্তু এখন মামুন সুস্থ আছে, চিকিৎসাও পাচ্ছে নিয়মিত। মামুনের মা ফাতেমা বেগম (২৫) আনোয়ারা থেকে ছেলেকে নিয়ে মাসে একবার আসেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ মামুনের পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসাসেবা ও ওষুধ সবই দিচ্ছে বিনা মূল্যে। এমনকি আনোয়ারা থেকে চিকিৎসার জন্য চট্টগ্রামে যাতায়াতের খরচও বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়াবেটিসে আক্রান্ত মামুনের মতো শিশু ও দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয় নগরের খুলশীতে অবস্থিত ডায়াবেটিক জেনারেল হাসপাতালে। হাসপাতালে হূদেরাগ, কিডনি, চক্ষু, ফুট কেয়ার, প্রসূতি বিভাগসহ ১২টি বিশেষায়িত বিভাগ আছে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যাতে একই ছাদের নিচে প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা পান, সে জন্যই এই ব্যবস্থা।সম্প্রতি এই হাসপাতালে কথা হয় মামুনের মা ফাতেমা বেগমের সঙ্গে। ফাতেমা জানান, দুই বছর আগে জন্মের পর পরই মামুন অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তখন চিকিৎসকদের পরামর্শে তাকে এই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেই থেকে মামুন এই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। তার চিকিৎসার জন্য এখন খরচ করতে হয় না পরিবারকে।হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও সমাজকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসিনা আক্তার জানান, বর্তমানে প্রায় দেড় শ শিশুরোগীসহ কয়েক হাজার দরিদ্র রোগী এই হাসপাতাল থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে। হাসপাতালে এসে ব্যবস্থাপত্র দেখালে দরিদ্র শিশুরোগীদের যাতায়াত খরচও দেওয়া হয়। এ জন্য হাসপাতালে দুটি প্রকল্প চালু আছে। এ ছাড়া শিশুরোগীদের জন্য ডায়াবেটিস পরীক্ষার গ্লুকোমিটার, ইনস্যুলিন ও ওষুধও বিনা মূল্যে দেওয়া হয়। অনেকের লেখাপড়ার খরচও বহন করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৯৭৫ সালে নগরের কাপাসগোলায় একটি অস্থায়ী ভবনে স্বল্প পরিসরে ডায়াবেটিসের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়। ‘শৃঙ্খলাই জীবন’—এই স্লোগান সামনে রেখে ১৯৭৮ সালে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, মেহেদিবাগ এবং এনায়েত বাজারে অস্থায়ী ভবনে চলে হাসপাতালের কার্যক্রম। অবশেষে ২০০১ সালের মার্চে খুলশী থানাধীন জাকির হোসেন সড়কে রেলওয়ের দেওয়া প্রায় এক একর জায়গার ওপর নির্মিত নিজস্ব ভবনে হাসপাতালটি স্থানান্তরিত হয়। ২০০৮ সালের মার্চ মাসে এই হাসপাতালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ বিভাগের কার্যক্রম শুরু হয়। পাঁচতলা ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলায় ১৭টি কেবিন ও ৭০টি শয্যা রয়েছে। বিশেষায়িত ১২টি বিভাগ ছাড়াও হাসপাতালে রক্তে শর্করা, ইসিজি, থাইরয়েড, হরমোনসহ প্রায় ২১ ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।হাসপাতালের রোগ নির্ণয় বিভাগের প্রধান মো. নাসির উদ্দীন আহমেদ বলেন, ‘ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা মাপার একটি বিশেষ পরীক্ষার নাম এইচ-বি-ওয়ান সি। এই পরীক্ষার মাধ্যমে একজন রোগীর তিন মাসের রক্তে শর্করার গড় বিশ্লেষণ করে ডায়াবেটিসের মাত্রা নির্ধারণ করা হয়। চট্টগ্রামের রোগীরা এখন কম খরচে এই পরীক্ষা করার সুবিধা পাচ্ছেন। তবে দরিদ্র রোগীদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কোনো ফি নেওয়া হয় না।’সখিনা খাতুন (৭০) বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে এলে তাঁকে পাঠানো হয় কিডনিরোগ বিভাগে। কিডনি বিভাগের প্রধান রতন কান্তি সাহা বলেন, ‘বহু বছর ডায়াবেটিসে ভোগার কারণে সখিনা খাতুনের কিডনি জটিলতা দেখা দিয়েছে। পাশাপাশি এ ধরনের রোগীদের হূদেরাগ, চোখের রোগ, পায়ের সমস্যাও দেখা দেয়। এ কারণে এই হাসপাতালে এসব রোগের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।’কথা হয় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘এই হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজে রূপান্তরের পরিকল্পনা আছে আমাদের। হাসপাতালে শিগগির চালু হচ্ছে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। ডায়াবেটিস রোগীদের জন্য একটা আধুনিক হাসপাতাল গড়ার স্বপ্ন নিয়েই আমরা এগোচ্ছি।’