ডায়াবেটিসের ঝুঁকি কমায় কৈশোরের বাড়তি ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ থেকে ১৯ বছর বয়সের ছেলেমেয়েরা স্বাভাবিক মাত্রার চেয়ে কিছুটা বেশি ঘুমালে তাদের ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। নতুন একটি গবেষণায় এ ইঙ্গিত দেওয়া হয়েছে। গবেষণাটি চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকেরা। এতে নেতৃত্ব দেন ওই বিশ্ববিদ্যালয়ের মনোরোগ চিকিত্সা বিভাগের কারেন ম্যাথিউস। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন চিকিত্সাবিষয়ক সাময়িকী স্লিপ-এর চলতি অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক ম্যাথিউস বলেন, ‘ইনসুলিন রেজিসটেন্স ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সহায়ক হতে পারে। আমরা দেখতে পেয়েছি, ওই বয়সে যারা স্বাভাবিকভাবে প্রতি রাতে ছয় ঘণ্টা ঘুমায়, তারা অতিরিক্ত এক ঘণ্টা ঘুমালে তা ইনসুলিন রেজিসটেন্স ৯ শতাংশ বাড়িয়ে দেয়।’ ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, যা রক্তের শর্করার সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে তাকে দেহের কাজে লাগায়।গবেষণার জন্য সুস্বাস্থ্যের অধিকারী ২৪৫ জন স্কুলশিক্ষার্থীর ঘুমের পরিমাণ এবং তাদের ইনসুলিন রেজিসটেন্স মাত্রা ওঠানামার ওপর নজর রাখা হয়। অংশগ্রহণকারীরা গবেষণার স্বার্থে উপবাসে থেকে রক্ত দেয় এবং তারা প্রতি রাতে কতটা সময় ঘুমাল, তার রেকর্ড রাখে। এ ছাড়া ঘুমের সঠিক হিসাব নিরূপণে তারা এক সপ্তাহ যাবৎহাতের কবজিতে অ্যাক্টিগ্রাফ (মানুষের বিশ্রাম বা কর্মকাণ্ড পরিমাপের যন্ত্র) পরে থাকে। যন্ত্রটির ধারণকৃত তথ্যমতে, গবেষণা চলাকালে ওই স্কুলছাত্ররা গড়ে প্রতি রাতে ৬ দশমিক ৪ ঘণ্টা করে ঘুমিয়েছে। এতে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিনের চেয়ে তারা স্কুলের কার্যদিবসে কম ঘুমিয়েছে।গবেষণায় দেখা যায়, ঘুমের সঙ্গে ইনসুলিন রেজিসটেন্সের উচ্চমাত্রার সম্পৃক্ততা রয়েছে। এ ক্ষেত্রে বয়স, লিঙ্গ, বর্ণ, বডি মাস ইনডেক্স (বিএমআই) ইত্যাদি কোনো প্রভাব ফেলে না। প্রধান গবেষক ম্যাথিউসের মতে, সুস্বাস্থ্যের অধিকারী কিশোরদের মধ্যে পরিচালিত এটাই একমাত্র গবেষণা, যেখানে ঘুম ও ইনসুলিন রেজিসটেন্স ক্ষমতার মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। শরীরের স্থূলতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।পরিশেষে এই গবেষকেরা কিশোরদের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বাস্থ্য নিশ্চিত করতে রাতে ঘুমের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এ ছাড়া দি আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ কিশোরের প্রতি রাতে কিছুটা বেশি ঘুমানোর প্রয়োজন। সায়েন্স ডেইলি।