ডায়েটের সময়ও থাকুন সতেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়েটের তালিকায় ফল ও সবজি থাকলে ত্বক থাকবে সতেজ। মডেল: মাশিয়াত। ছবি: অধুনা
ডায়েটের তালিকায় ফল ও সবজি থাকলে ত্বক থাকবে সতেজ। মডেল: মাশিয়াত। ছবি: অধুনা

শরীরের ওজন কমাতে ডায়েট করেন অনেকে। ডায়েট করলে স্বাভাবিকভাবেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। আগে হয়তো তিন বেলা কোনো পরিমাপ ছাড়া খাওয়া যেত। কিন্তু ডায়েট করার সময় খাবার খেতে হয় মেপে মেপে।
খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে গিয়ে অনেকের শরীরে এর প্রভাব পড়ে। কারও হয়তো চোখের নিচে কালি পড়ে যায়, চুল পড়ে যায়, কারও বা চামড়া কুঁচকে যায়। স্বাভাবিক সতেজ ভাব ও লাবণ্যও কমে যায়। ডায়েট করতে গেলে অবশ্যই এ ব্যাপারগুলো মাথায় রেখেই ডায়েট চার্ট করতে হবে। তা না হলে শরীরের ওপর এর ব্যাপক প্রভাব পড়ে।
ডায়েটের সময় খাবারের ভেতর সবজি ও ফলমূলের পরিমাণটা বেশি রাখা উচিত বলে মনে করেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো। কারণ, ফল ও সবজি শরীরে অন্য রকম শক্তি জোগায়। ফলের ভেতর ভিটামিন সি জাতীয় ফল বিশেষ করে এগিয়ে আছে আমলকী। কারণ, আমলকী অনেক শক্তি জোগায়। এতে ভিটামিন সির পরিমাণ বেশি। এটা বার্ধক্য রোধ করে চুল এবং ত্বকের ভেতর একরকম সতেজতা এনে দেয়। সুতরাং ডায়েটের সময় ফল ও সবজিটা অবশ্যই খাদ্যতালিকায় রাখা উচিত।
ডায়েট করার সময় আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, তা হলো ডায়েট করলেও শরীরে প্রোটিন অবশ্যই দরকার। কারণ, প্রোটিনের অভাবে ত্বকের সমস্যা দেখা দেয় এবং শরীরও দুর্বল হয়ে আসে। সে কারণে প্রতিদিন একটা ডিম অথবা কেক খাওয়া যেতে পারে। এতে করে ওজন বেড়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই সেদ্ধ ডিম অথবা অল্প তেলে ভাজা ডিম খাওয়া যেতে পারে।
লাবণ্য ধরে রাখতে হলে অথবা সতেজ থাকতে হলে শরীরে হিমোগ্লোবিন ঠিক রাখতে হবে। এর জন্য খাবার তালিকায় ধনেপাতা, লেটুসপাতা ও সবজি রাখা উচিত। শরীরের হিমোগ্লোবিন ঠিক থাকলে সতেজতা ধরে রাখাটা সহজ হয়। এ ছাড়া প্রতিদিন একটা করে গাজর, বিট, টমেটো অর্থাৎ কাঁচা সবজি খাওয়া যেতে পারে।
এ ছাড়া প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ৩০-৪৫ মিনিট ব্যায়াম অথবা হাঁটা উচিত এবং প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। ডায়েট করে সতেজ থাকতে হলে যে ব্যাপারটা অবশ্যই মাথায় রাখা উচিত, তা হলো কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য হতে দেওয়া যাবে না। কারণ, কোষ্ঠকাঠিন্য হলে স্বাভাবিকভাবেই চেহারায় সতেজ ভাবটা থাকে না। অর্থাৎ পেটের কোনো সমস্যা যাতে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এ ছাড়া প্রতি বেলার খাবার ঠিকমতো খেতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সময়মতো ঘুমাতে হবে পরিপূর্ণভাবে। এ ছাড়া যদি কোনো সমস্যা হয়, তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।