ঘড়ির কাঁটা চারটা ছুঁই ছুঁই। ছুটির দিন; ক্যাম্পাস থেকে শহরে এটাই শেষ ট্রেন। বসেছি জানালা ঘেঁষে।
সময়সূচিটা আজও ভুলিনি আমি। ক্যাম্পাস খোলা হলে পাঁচটার ট্রেনে মেয়েটির সঙ্গে আমার দেখা হতো। মেয়েটির নাম জানা হয়নি। আমি শখ করে রেখেছিলাম অপরিচিতা। মেয়েটিকে নিয়মিত দেখতাম ‘ট’ বগির কোনায় একটা সিটে চুপটি করে বসে থাকত। তাকে দেখার জন্য সিট না পেয়ে কত দিন যে দাঁড়িয়ে গিয়েছি, সেই হিসাবটা কেউ জানবে না। কোনো দিন আবার বাদুড়ের মতো ঝুলেছিও।
সেই দিনগুলো আজ বড্ড বেশি মনে পড়ে। জানি না, আজ কোথায় কেমন আছে সেই অপরিচিতা। সে হয়তো এবেলা কোনো আঁধার ঘরের প্রদীপ প্রহরী সেজেছে।
শুধু সেই অপরিচিতার জন্য আজও আমার ট্রেনের সময়সূচিটা ভোলা হয়ে ওঠেনি। কেন যেন মনে হয়, আবার কোনো একদিন সেই অপরিচিতার সঙ্গে দেখা হবে। আমি তাঁর ফেলে যাওয়া ডায়েরিটা তার নরম হাতে দেব। খুব যতনে রেখেছি অপরিচিতার সেই ডায়েরিটা। শুধু শেষ পাতাটায় কিছু প্রশ্ন এঁকে দিয়েছি।
সিয়াম
কুষ্টিয়া।