যুক্তরাষ্ট্রের রসায়নবিদ জ্যাক্যুলিন বার্টন ডিএনএ নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে। ডাবল-স্ট্যান্ডার্ড ডিএনএতে কী করে আড়াআড়িভাবে ইলেকট্রন বহন করানো যায়, সে বিষয়েই তাঁর গবেষণা। ডিএনএর ক্ষতি হলে তা মেরামত কিংবা পুনঃস্থাপনের ক্ষেত্রে তাঁর পদ্ধতিটি বেশ কার্যকর। এ গবেষণা করেই বিশ্বব্যাপী সেরা বিজ্ঞানীদের তালিকায় যুক্ত হয়েছেন তিনি।১৯৫২ সালের ৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্ম জ্যাক্যুলিন বার্টনের। পুরো নাম জ্যাক্যুলিন কে বার্টন। বর্তমানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ক্যালটেক) রসায়নের অধ্যাপক তিনি।বার্নার্ড কলেজ থেকে স্নাতক এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা করেছেন বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ের বেল ল্যাবে। পরবর্তী সময়ে ক্যালটেকে রসায়ন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন এবং গবেষণার কাজকে আরও এগিয়ে নিয়ে যান। ক্যালটেকেই তিনি আরেক রসায়ন গবেষক পিটার ডেরভানকে বিয়ে করেন। এলিজাবেথ নামে তাঁদের এক কন্যা আছে।জ্যাক্যুলিন বিভিন্ন গবেষণাকেন্দ্রের উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন। এর মধ্যে রয়েছে বেল ল্যাবরেটরিজ, গিল্ড সায়েন্সেস, ডিওডব্লিউ কেমিক্যাল ইত্যাদি। এ ছাড়া জ্যাক্যুলিন আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের একজন ফেলো। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অ্যালান টি ওয়ারম্যান পুরস্কার, আমেরিকান কেমিক্যাল সোসাইটি পুরস্কার, মেয়র অব নিউইয়র্কস অ্যাওয়ার্ড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উইথমান ওমেন অ্যান্ড সায়েন্স পুরস্কার, এসিএস গিবস মেডেল, এফএ কটন মেডেল ফর এক্সিল্যান্স ইন কেমিক্যাল রিসার্চ ও ন্যাশনাল মেডেল অব সায়েন্স। ২০০২ সালে প্রকাশিত ডিসকভার সাময়িকীর সেরা ৫০ গুরুত্বপূর্ণ নারী বিজ্ঞানীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জ্যাক্যুলিনের নাম।গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী তথ্যসূত্র: ওয়েবসাইট