ডিঙি দিয়ে জাহাজ রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
ডিঙি দিয়ে কি আর জাহাজ ঠেকানো যায়! সেটাই ঘটেছিল ১৯৭১ সালের ১১ জুলাই। পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’ সেদিন ভিড়ছিল যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সমুদ্রবন্দরে। সেটাতে অস্ত্র–গোলাবারুদ বোঝাই করার কথা ছিল। যুদ্ধের সেই রসদ পাঠানো হবে বাংলাদেেশ। সে খবর পেয়েছিলেন প্রবাসী বাঙালি সুলতানা আলম। তিনি তাঁর মার্কিন বন্ধুদের এ বিষয়ে উদ্বুদ্ধ করেন। এরপর জাহাজ ভেড়ানো ঠেকাতে তাঁরা সমবেত হলেন। ছোট ছোট ডিঙি নিয়ে রুখে দিলেন অতিকায় সে জাহাজ। এ নিয়ে লেখা হয়েছে বই। সম্প্রতি এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ব্লকেড। প্রচ্ছদ প্রতিবেদনে থাকছে ব্লকেড নির্মাণের পেছনের গল্প
.
.

বিরাট এক জাহাজ। ভিড়বে বাল্টিমোর বন্দরে। পদ্মা তার নাম। জাহাজটি পাকিস্তানি। একদল মার্কিন নাগরিক জানতে পারলেন, এই জাহাজে পাকিস্তানের জন্য অস্ত্র যাবে। এটা রুখে দেওয়া দরকার। তাঁরা সেটা রুখে দিতে পেরেছিলেন। এ নিয়েই ব্লকেড তথ্যচিত্র। আট বছর নিরলস পরিশ্রম করে ছবিটি তৈরি করেছেন আরিফ ইউসুফ। আপাত নিরীহ চেহারার এই ভদ্রলোকটি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক। তথ্যপ্রযুক্তি মানে আইটি নিয়েই থাকেন, কিন্তু কী করে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে ফেললেন তিনি,—সে কথাই জানতে চেয়েছিলাম তাঁর কাছে।

পাকিস্তানে অস্ত্র ও অর্থ সহায়তার প্রতিবাদ করেন অবরোধকারীরা। ছবি: সংগৃহীত
পাকিস্তানে অস্ত্র ও অর্থ সহায়তার প্রতিবাদ করেন অবরোধকারীরা। ছবি: সংগৃহীত

ইতিহাস ভালোবেসে
এ বছর নভেম্বর মাসের বড় একটা সময় ঢাকায় কাটিয়েছেন আরিফ ইউসুফ। তাঁর ব্লকেড ছবিটি প্রদর্শিত হয়েছে ঢাকা লিট ফেস্টে (বাংলা একাডেমিতে) ও শিল্পকলা একাডেমিতে। অনেক মানুষ একসঙ্গে দেখেছেন ছবিটি। বাংলাদেশে যাঁরা ছবি নির্মাণ করেন, তাঁদের কাছ থেকেও তিনি পেয়েছেন প্রশংসা। ফলে একটা ভালো লাগার অনুভূতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মস্থলে ফিরে গেছেন আরিফ ইউসুফ। যাওয়ার আগে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো। উঠে এল ব্লকেড ছবি নির্মাণের কাহিনি।
আরিফ বললেন, ‘আমার আগ্রহ ইতিহাস আর চলচ্চিত্র। চলচ্চিত্র নির্মাণের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। কিন্তু চলচ্চিত্র ও ইতিহাসের প্রতি দারুণ ভালোবাসা থেকেই আমি ব্লকেড নির্মাণ করেছি।’
প্রথম আলোয় প্রকাশিত হাসান ফেরদৌসের একটি লেখা থেকেই বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন আরিফ ইউসুফ। হাসান ফেরদৌস সেই ব্লকেড-এ অংশ নেওয়া কয়েকজনের পরিচিত ছিলেন। আরিফের সঙ্গে ছিলেন দুই বাঙালি তরুণ—মৃদুল চৌধুরী ও আদিব রশীদ মামুন। চলচ্চিত্র আর ইতিহাস নিয়ে তাঁরা আড্ডা দিতেন। হাসান ফেরদৌসের লেখাটি তাঁদের মনে খুবই আগ্রহ জাগাল। তাঁরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করলেন। গল্পটা কোন ফরম্যাটে বলবেন, কেমন করে বানালে তা মানুষের মন ছুঁয়ে যাবে, এসবও ছিল তাঁদের ভাবনার বিষয়। অবশেষে চলচ্চিত্রের মহাসমুদ্রে নেমে পড়লেন এই তরুণেরা। সেটা ২০০৮ সালের কথা।

এমন ছোট ডিঙি নিয়েই ঠেকানো হয় অতিকায় জাহাজ
এমন ছোট ডিঙি নিয়েই ঠেকানো হয় অতিকায় জাহাজ

যেভাবে শুরু হলো
এই ছবির কথা বলতে হলে রিচার্ড টেইলারের কথা অবধারিতভাবে উঠে আসবে। রিচার্ড ব্লকেড নামে একটি বই লিখেছেন। তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে বারবার এই বইয়ের ওপর নির্ভর করতে হয়েছে। আরিফ খেয়াল রেখেছিলেন, ছবিটা যেন গল্পের মতো করে এগোয়। এ কারণেই এ তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে দুষ্প্রাপ্য কিছু তথ্যচিত্র, মার্কিন পত্রিকা, মার্কিন টিভি ফুটেজ। কিছু পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস থেকে। কিছু স্থিরচিত্র পাওয়া গেছে বিক্ষোভে অংশ নেওয়া মানুষের কাছ থেকে। এগুলো সংগ্রহ করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে তাঁদের।

বাল্টিমোরের রাস্তায় গণহত্যার প্রতিবাদ
বাল্টিমোরের রাস্তায় গণহত্যার প্রতিবাদ
১৯৭১ সালের ১৩ আগস্ট দ্য ইভনিং সান পত্রিকায় প্রতিরোধের খবর
১৯৭১ সালের ১৩ আগস্ট দ্য ইভনিং সান পত্রিকায় প্রতিরোধের খবর

যা নিয়ে ব্লকেড
কাহিনিটা হয়তো এখন অনেকেরই জানা। ভয়াবহ যুদ্ধ চলছে আমাদের এই ভূখণ্ডে। পৃথিবীর মানুষ তা একটু একটু করে জানতে পারছে। পাকিস্তানি বর্বর হানাদারেরা যে বাংলার মাটিতে গণহত্যা চালাচ্ছে, লাখ লাখ মানুষ যে ভয়ে দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে ভারতে, সে কথাও ঠিকভাবে জানতে পারছে না পৃথিবী। এ রকম একটি সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস-এ ছাপা হয় একটি সংবাদ, যে সংবাদে বলা হয় ‘পদ্মা’ নামের জাহাজটির কথা। বলা হয় অস্ত্র যাওয়ার কথা। ১৯৭১ সালের ১১ জুলাই বাল্টিমোর সমুদ্রবন্দরে ভেড়ার কথা ছিল এই জাহাজটির।
বাল্টিমোর আর পেনসিলভানিয়ায় বসবাসরত একদল সাহসী মার্কিন নাগরিক মূলত এই অবরোধে নেতৃত্ব দেন। তাঁরা বলার চেষ্টা করেন, এই জাহাজের অস্ত্র দিয়ে গণহত্যা চলবে বাংলায়। এটা বন্ধ করো। মার্কিন সরকারের চতুর কূটনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। তাঁরা প্রচার করেন, মার্কিন সরকার এই গণহত্যার সহযোগী। তাঁদের বিক্ষোভ বিশ্বসম্প্রদায়ের নজরে পড়ে। ফলে এরপরও লাইনে থাকা পাকিস্তানি জাহাজগুলো আর বাল্টিমোরের বন্দরে ভিড়তে পারেনি। ছোট ছোট ডিঙি দিয়ে তাঁরা জাহাজটা ঘিরে ধরেন। জোরালো ভাষায় অস্ত্র দিয়ে বাঙালি হত্যার প্রতিবাদ করেন। এ কাজে নেতৃত্ব দিয়েছিল কোয়েকার বলে শান্তিবাদী খ্রিষ্টানদের একটি গোত্র। শান্তি ও মানবতার পক্ষে তাদের অবস্থান।

ব্লকেড তথ্যচিত্রের নির্মাতা আরিফ ইউসুফ
ব্লকেড তথ্যচিত্রের নির্মাতা আরিফ ইউসুফ
সম্পাদনার কাজ করেছেন তাসবির ইমাম
সম্পাদনার কাজ করেছেন তাসবির ইমাম

যেভাবে কাজটা এগোল
এ কাজ করতে গিয়ে কি কোনো বিড়ম্বনায় পড়েছেন? জানতে চাই আরিফের কাছে।
‘শুরুতে অনেকেই সাক্ষাৎকার দিতে চাননি। তাঁরা বহু সময় বাঙালিদের বলে এসেছেন এই ইতিহাসটি নিয়ে কিছু করতে। কোনো কোনো উৎসাহী মানুষ তাঁদের সাক্ষাৎকারও নিয়েছে। কিন্তু পরে এ নিয়ে আর কিছু করেনি। ফলে বিক্ষোভে, অবরোধে অংশ নেওয়া মানুষেরা চাননি এভাবে তাঁদের সময় নষ্ট করতে। তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না যে আরিফেরা এই কাজটি ঠিকভাবে করতে পারবেন। চলচ্চিত্র নির্মাণে হাত পাকা নয়, এমন তরুণেরা একটা গোটা বিষয়কে ক্যামেরায় তুলে আনবেন, তা যেন বিশ্বাস হচ্ছিল না অনেকের।
কিন্তু আরিফ যখন নানা বিষয়ে তাঁদের প্রশ্ন করতে শুরু করেন, তখন তাঁরা বুঝতে পারেন এ বিষয়ে আরিফের জানার গভীরতা। সানন্দে রাজি হয়ে যান সাক্ষাৎকার দিতে।

ব্লকেড বইয়ের প্রচ্ছদ
ব্লকেড বইয়ের প্রচ্ছদ
তথ্যচিত্রের পোস্টার
তথ্যচিত্রের পোস্টার

যাঁদের নিয়ে ছবিটি
শিগগিরই ছবিটি বাংলায় ডাবিং করবেন বলে জানালেন আরিফ। বাংলায় ডাবিং করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।
ব্লকেড-এ মূলত তিনজন মানুষের বড় সাক্ষাৎকার গেছে। তাঁরা হলেন রিচার্ড টেইলর, ফিলিস টেইলর ও ড. সুলতানা আলম। এ ছাড়াও ক্লাউস ক্রিপেন্ডরফ, স্যালি উইলোবি, চার্লস কান, মোনায়েম চৌধুরী, মাজহারুল হকের সাক্ষাৎকারও দেখা গেছে এখানে। সুলতানা আলমের তখন ৩১ বছর বয়স। ছোট বাচ্চা ঘরে। সে অবস্থায়ই তিনি অংশ নিয়েছেন এই বিক্ষোভে। ডকে ডে শ্রমিকদের কনভেনশন হয়েছিল, তাতে আবেগময় ভাষায় বক্তব্য রেখেছিলেন তিনি। জেটিশ্রমিকেরা যেন পদ্মা জাহাজে মাল ওঠা-নামা না করেন—সেটাই ছিল তাঁর আবেদন। ডকশ্রমিকেরা সে অনুরোধ রেখেছিলেন।

পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রতিবাদ করেন একদল মার্কিন নাগরিক। ছবি: সংগৃহীত
পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রতিবাদ করেন একদল মার্কিন নাগরিক। ছবি: সংগৃহীত

নতুন কাজ
ব্লকেড-এর সাফল্যের পর আরিফ এবং তাঁর সুহৃদেরা এখন আরও কিছু বিষয়ে গবেষণা করছেন। ব্লকেড-এ গল্প বলার ধরনটি তাঁদের নিজেদেরই ভালো লেগেছে। ফরম্যাটটি রাখতে চান সামনের ছবিতেও। পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ছোট একটি অপারেশন নিয়েও একটি কাজ করার ইচ্ছা আছে তাঁর। মুক্তিযুদ্ধের বাইরের কিছু বিষয় নিয়েও রয়েছে আগ্রহ।

আরিফেরা এগিয়ে যাক।