ডিজিটাল অর্ডার
শীর্ষেন্দুর কল্পবিজ্ঞানের গল্প ‘ভেলা’ পড়া আছে কি? সেখানে দেখা যায়, ২০৭৫ সালে বিশ্বব্যাপী প্রযুক্তির এমনই আধিপত্য যে, বসন্তের ভোরের কোকিল ও তার কুহু কুহু ডাক কোনোটাই প্রাকৃতিক নয়, প্রাযুক্তিক! এমন দিন আসবে, যখন রজনীগন্ধার গন্ধও প্রাযুক্তিক হয়ে যাবে। সে না হয় বাদই থাক। বর্তমান বিশ্বে একটি দেশ কতটা উন্নত, তা নির্ভর করে ওই দেশ প্রযুক্তিতে কতটা এগিয়ে আছে। প্রযুক্তিনির্ভর পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে আমরাও এগিয়ে আসছি নব নব প্রযুক্তি উদ্ভাবনে। যেমন, মেহেরপুরের নাহিদুজ্জামান। হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে আবিষ্কার করেছেন ‘ডিজিটাল অর্ডার’ সিস্টেম। হোটেলে গিয়ে বয়-বেয়ারাকে ডাকতে ডাকতে অনেক সময় পার হয়ে যায়। অর্ডার দেওয়ার টেবিলে খাবার আসতেও দেরি হয়। তার ওপর ভুল বুঝে চায়ের বদলে চটপটি কিংবা কফির বদলে কাবাব নিয়ে সামনে হাজির হয় বেয়ারা। তাই অনেক সময় না খেয়ে বিরক্তির সঙ্গে হোটেল থেকে বের হয়ে যেতে ইচ্ছা করে। এ বিষয়টি দাগ কাটে নাহিদুজ্জামানের মনে। ‘কীভাবে প্রযুক্তির সাহায্যে এর সমাধান করা যায়, তা নিয়ে কাজ শুরু করি। গত ডিসেম্বর মাসে আমি তৈরি করি ডিজিটাল অর্ডার সিস্টেম।’ বলছিলেন যশোর বিসিএমসি কলেজের শিক্ষার্থী নাহিদুজ্জামান। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে বয়-বেয়ারাকে মুখে ডাকার দরকার পড়বে না। কী কী খেতে চান, সেটিও আর কষ্ট করে মুখে বলা লাগবে না। তাহলে কী করতে হবে? দিতে হবে ডিজিটাল অর্ডার। বিষয়টি আসলে কী রকম? নাহিদ তাঁর প্রকল্পটি সম্পর্কে বলেন, হোটেলে গিয়ে আপনি যখন চেয়ারে বসবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে টেবিলে থাকা যন্ত্রটি চালু হয়ে যাবে। চোখের সামনে ভেসে উঠবে ডিজিটাল মেন্যু। চা, কফি, চটপটি—খাবারের তালিকা থেকে আপনি পছন্দসই জিনিস নির্বাচন করবেন। প্রতিটি জিনিসের নামের পাশে বোতাম থাকবে। বোতাম স্পর্শ করা মাত্রই আপনার অর্ডার চলে যাবে ক্যাশ কাউন্টারে। সেখানে আরেকটি যন্ত্রে ভেসে উঠবে কোন টেবিল থেকে কী কী অর্ডার দেওয়া হয়েছে। তারপর আপনার সামনে খাবার নিয়ে হাজির বয়-বেয়ারা। এ প্রকল্পটি বানাতে নাহিদ ব্যবহার করেছেন আইসি, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, লিড, তার ও কাচ। খরচ হবে প্রায় এক হাজার টাকা। সার্কিট হাউসের সার্কিটপ্রেমী নাহিদ নাহিদের জন্ম ১৯৯২ সালের ৭ জুলাই। বেড়ে ওঠা মেহেরপুর সার্কিট হাউসপাড়ায়। মা ইয়াসমিন গৃহিণী। বাবা বাবুর আলী বাসচালক। বাবুর আলী তাঁর ছেলে সম্পর্কে বলেন, ‘ছোট থেকেই টর্চলাইট, রেডিও, রিমোট কন্ট্রোল যন্ত্র, মোবাইল ফোন নিয়ে খেলতে ভালোবাসত। ভেতরে কী কী আছে, কোন অংশ কীভাবে কাজ করে ইত্যাদি বোঝার জন্য সবকিছুই খুলে খুলে দেখত। সবচেয়ে বেশি আগ্রহ তার সার্কিট নিয়ে।’ নাহিদ বলেন, ‘সার্কিট নিয়ে কাজ করাই আমার শখ। ডিজিটাল অর্ডার ছাড়াও আমি রিমোট কনট্রোলের সাহায্যে ক্যামেরায় ছবি তোলা, ডিজিটাল ড্রাইভিং ট্রেনিং সিস্টেম এবং চুরি রোধে প্রযুক্তি ইত্যাদি প্রকল্প বানিয়েছি।’নাহিদ ২০০৮ সালে মেহেরপুর বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর অর্থের অভাবে কলেজে পড়ার ইচ্ছাটা মরে যেতে বসে। কিন্তু থেমে গেল চলবে কী করে? উদ্ভাবনের জন্য চাই আরও লেখাপড়া, আরও জানাশোনা। সে জন্য শেষে ভর্তি হন যশোর বিসিএমসি কলেজে। এখন টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা করছেন এই কলেজে। তৃতীয় বর্ষের এই তরুণ উদ্ভাবক সম্পর্কে বিসিএমসি কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল কবির বলেন, ‘নাহিদ খুব মেধাবী। সার্কিট নিয়ে তার আগ্রহের কোনো সীমা নেই। আমরা তার জন্য গর্বিত। তবে ওকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমি বিশ্বাস করি, ও সেটা পারবে।’ সামনে কী করতে চান? নাহিদ বলেন, ‘কোনো সমস্যা দেখলেই ইচ্ছে জাগে প্রযুক্তি দিয়ে তার সমাধান করা। কিন্তু যেকোনো কাজে টাকা-পয়সা লাগে। আমি আমার লেখাপড়ার খরচ জোগানোর জন্য একটি কম্পিউটার দোকানে খণ্ডকালীন কাজ করি। আমি আত্মবিশ্বাসী, মানুষের জীবনযাপন যেন সহজ হয়, সে রকম কোনো কিছু উদ্ভাবন করব।’